
সীতাকুণ্ডে আগ্নেয়াস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জামসহ হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার
চট্টগ্রামের সীতাকুণ্ডে আগ্নেয়াস্ত্র ও অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জামসহ একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মোঃ খোরশেদ আলম রনি (৩৫)-কে গ্রেপ্তার করেছে এসআরবি-৭, চট্টগ্রামের একটি আভিযানিক দল।
রোববার (২৩ নভেম্বর ২০২৬) দুপুর আনুমানিক ১টা ৪৫ মিনিটে উপজেলার সলিমপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দক্ষিণ সলিমপুর এলাকার মেশকাত উদ্দিন আহমেদ কলোনি (৪২ কলোনি)-এর ১৩ নম্বর কক্ষে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
অভিযান সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৭ জানতে পারে, ওই এলাকায় অস্ত্র, হত্যা, ডাকাতির প্রস্তুতি ও চাঁদাবাজিসহ একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত এক পলাতক আসামি অবস্থান করছে। পরে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করা হয়।
এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে মোঃ খোরশেদ আলম রনিকে আটক করা হয়। তিনি হাটহাজারী থানার নোয়াহাট এলাকার মৃত মাহবুবুল আলমের ছেলে।
পরবর্তীতে তার দেহ তল্লাশি করে পরিহিত জিন্স প্যান্টের ভেতর থেকে একটি লোহার তৈরি ম্যাগাজিনবিহীন পুরোনো পিস্তল উদ্ধার করা হয়। এছাড়া তার বসতঘরের শয়নকক্ষে তল্লাশি চালিয়ে একটি স্টিলের তৈরি ম্যাগাজিনযুক্ত পিস্তলসদৃশ বস্তু এবং আগ্নেয়াস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার ও জব্দ করা হয়।
উদ্ধার করা আগ্নেয়াস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জামাদির বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।
![]()









