- - -

নওগাঁর মান্দায় পূবালী ব্যাংকের উদ্যোগে দিনব্যাপী ক্যাশলেস ক্যাম্পেইন

img 20261124 wa0171
Print News

নওগাঁর মান্দায় পূবালী ব্যাংকের উদ্যোগে দিনব্যাপী ক্যাশলেস ক্যাম্পেইন

বাংলা কিউআর ব্যবহারে বিনা চার্জে লেনদেনের ঘোষণা, ব্যবসায়ীদের মধ্যে কোড ও পিওএস মেশিন বিতরণ

 

 

নগদ অর্থের ব্যবহার কমিয়ে ডিজিটাল লেনদেনে ব্যবসায়ী ও সাধারণ মানুষকে উৎসাহিত করতে নওগাঁর মান্দায় দিনব্যাপী ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। ‘ক্যাশলেস প্রসাদপুর, এক দেশ এক কিউআর—লেনদেনে বাংলা কিউআর’ প্রতিপাদ্য সামনে রেখে পূবালী ব্যাংক পিএলসি প্রসাদপুর উপশাখার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

মঙ্গলবার সকালে উপজেলার প্রসাদপুর বাজারে আয়োজিত ক্যাম্পেইনের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. আতিয়া খাতুন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পূবালী ব্যাংক পিএলসি প্রসাদপুর উপশাখার ব্যবস্থাপক মো. ইদ্রিস আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের বগুড়া আঞ্চলিক কার্যালয়ের জোনাল ইনচার্জ (অলটারনেটিভ ডেলিভারি চ্যানেল) মো. দুলাল বারী ও দেলুয়াবাড়ি শাখার ব্যবস্থাপক মো. নূরুল আলম।

ব্যাংকের ডেপুটি জুনিয়র অফিসার মহিবুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন প্রসাদপুর বাজার বণিক সমিতির সভাপতি আকতারুজ্জামান আল মনসুরসহ স্থানীয় ব্যবসায়ী প্রতিনিধি ও আমন্ত্রিত অতিথিরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান সময়ে প্রযুক্তিনির্ভর অর্থনৈতিক ব্যবস্থায় ডিজিটাল লেনদেনের গুরুত্ব দিন দিন বাড়ছে। নগদ অর্থ বহনের ঝুঁকি ও ভোগান্তি কমানোর পাশাপাশি লেনদেনকে সহজ, দ্রুত ও নিরাপদ করতে ক্যাশলেস পদ্ধতির বিকল্প নেই। বাংলা কিউআর কোড ব্যবহারের মাধ্যমে একজন ক্রেতা সহজেই মোবাইল ব্যাংকিং বা ব্যাংকিং অ্যাপের সাহায্যে পণ্যের মূল্য পরিশোধ করতে পারবেন। এতে নগদ টাকা বহন, খুচরা টাকার সমস্যা এবং অর্থ লেনদেনে সময়ক্ষেপণ কমবে।

তাঁরা আরও বলেন, ব্যবসাপ্রতিষ্ঠানে বাংলা কিউআর পদ্ধতি চালু হলে ক্রেতা ও বিক্রেতা উভয়েই উপকৃত হবেন। ডিজিটাল লেনদেনের ফলে আর্থিক লেনদেনের হিসাব সংরক্ষণ সহজ হবে এবং ব্যবসায়িক কার্যক্রমে স্বচ্ছতা ও গতিশীলতা বাড়বে। পর্যায়ক্রমে এ পদ্ধতির ব্যবহার বাড়লে প্রসাদপুর বাজারকে আধুনিক ও প্রযুক্তিনির্ভর বাজার হিসেবে গড়ে তোলা সম্ভব হবে।

এ সময় স্থানীয় ব্যবসায়ী প্রতিনিধিরা বাংলা কিউআর ব্যবহারের ক্ষেত্রে সার্ভিস চার্জ মওকুফের দাবি জানান। জবাবে পূবালী ব্যাংকের প্রতিনিধিরা জানান, পূবালী ব্যাংকের বাংলা কিউআর ব্যবস্থায় সম্পূর্ণ বিনা চার্জে লেনদেন করা যাবে। ফলে ব্যবসায়ী ও গ্রাহক উভয়েই কোনো অতিরিক্ত চার্জ ছাড়াই এ সুবিধা গ্রহণ করতে পারবেন।

ক্যাম্পেইনে ব্যবসায়ীদের বাংলা কিউআর ব্যবহারের নিয়ম, ডিজিটাল লেনদেনের সুবিধা এবং এর ব্যবহারিক দিক সম্পর্কে অবহিত করা হয়। একই সঙ্গে ব্যবসাপ্রতিষ্ঠানে নগদ অর্থের পরিবর্তে কিউআর কোডের মাধ্যমে মূল্য গ্রহণে উৎসাহিত করা হয়।

অনুষ্ঠান শেষে উপস্থিত ব্যবসায়ীদের মধ্যে বাংলা কিউআর কোড ও পয়েন্ট অব সেল (পিওএস) মেশিন বিতরণ করা হয়। পরে ক্যাশলেস লেনদেনের প্রচার ও জনসচেতনতা তৈরির লক্ষ্যে প্রসাদপুর বাজারে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিতে ব্যাংকের কর্মকর্তা, ব্যবসায়ী প্রতিনিধি ও স্থানীয় ব্যক্তিরা অংশ নেন।

আয়োজকদের আশা, এ ধরনের প্রচারাভিযানের মাধ্যমে প্রসাদপুর বাজারের ব্যবসায়ী ও ক্রেতাদের মধ্যে ডিজিটাল লেনদেনের অভ্যাস গড়ে উঠবে এবং নগদ অর্থনির্ভরতা কমিয়ে নিরাপদ, সহজ ও আধুনিক লেনদেন ব্যবস্থা সম্প্রসারণে ইতিবাচক ভূমিকা রাখবে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa