
স্বাধীনতা সংগ্রামী, মুক্তিযোদ্ধা স্বপন চৌধুরীর
জীবন এক বিয়োগান্ত নাটকের উপমা
নাসিরুদ্দিন চৌধুরী
স্বপন চৌধুরী ষাটের দশকের একজন ছাত্রনেতা, বিশিষ্ট রাজনীতিবিদ ও বীর মুক্তিযোদ্ধা। তিনি পটিয়া থানার হাবিলাসদ্বীপ ইউনিয়নের হাবিলাসদ্বীপ গ্রামের একটি ভূ-স্বামী অথচ রাজনৈতিক পরিবারে ১৯৫৫ খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা তেজেন্দ্র লাল চৌধুরী ছিলেন জমিদার ও ব্যবসায়ী। মাতা জ্যোৎস্নাময়ী চৌধুরী। পিতামহ অপর্ণাচরণ চৌধুরী। তিন ভাইয়ের মধ্যে স্বপন চৌধুরী কনিষ্ঠ। বড় দু’ভাইয়ের মধ্যে মেজ সমর চৌধুরী. সবার বড় অমর চৌধুরী।
আগরতলা মামলার আসামী ভূপতি ভূষণ চৌধুরী ওরফে মানিক চৌধুরী ছিলেন তাঁর খুড়তুতো ভাই। তাঁর আপন বড় ভাই অমর চৌধুরী ছিলেন ছাত্রলীগের নেতা। এই দু’জনের কারণে তিনি পরিবারে রাজনৈতিক আবহাওয়ায় বর্ধিত হন। মানিক চৌধুরীর কারণে তাদের পরিবার অনেক নির্যাতন ও হয়রানির সম্মুখীন হয়। মানিক চৌধুরীর সঙ্গে বঙ্গবন্ধুর সম্পর্ক ছিল খুবই ঘনিষ্ঠ। বঙ্গবন্ধু বাঙালি সৈনিকদের নিয়ে একটি গোপন বিপ্লবী সংগঠন গড়ে তুলে একটি অভ্যুত্থান ঘটিয়ে পূর্ব পাকিস্তানকে স্বাধীন বাংলাদেশ করতে চেয়েছিলেন। চট্টগ্রাম থেকে মানিক চৌধুরী, ডা. ছৈয়দুর রহমান চৌধুরী ও বিধান কৃষ্ণ সেন বঙ্গবন্ধুর বিপ্লবী পরিকল্পনার সঙ্গে জড়িত ছিলেন। একজন সদস্যের বিশ্বাসঘাতকতায় এই পরিকল্পনা ফাঁস হয়ে গেলে বঙ্গবন্ধুকে ১নং আসামী করে ৩৫জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ এনে আগরতলা মামলা দায়ের করা হয়। সরকার প্রথমে যে মামলা দায়ের করে, তাতে মানিক চৌধুরী ছিলেন ২ নম্বর আসামি। পরে তাকে ১২ নং আসামি করে নতুনভাবে মামলা দায়ের করা হয়।
হাবিলাসদ্বীপ গ্রামটা ছিল ন্যাপ, কমিউনিস্ট পার্টি ও ছাত্র ইউনিয়নের অধ্যূষিত একটি গ্রাম। মানিক চৌধুরীর কারণে আওয়ামী লীগের কিছুটা প্রভাব সৃষ্টি হয়। হাবিলাসদ্বীপে ছাত্রলীগ করতেন কাজল চৌধুরী (দাঁড়ি কাজল), সংঙ্গীতা চৌধুরী (বুলবুল) এবং স্বপনের বড় ভাই অমর চৌধুরী। পরে স্বপনও ছাত্রলীগ করা আরম্ভ করেন। তাঁর সময়ে সুধীর দাশ, নুরুল হক, মাহবুবুল আলম, আশীষ সেন প্রমুখ ছাত্রলীগ করতেন। আওয়ামী লীগ করতেন ডি এল চৌধুরী এবং প্রবাল দাশ। ডি এল চৌধুরী পরে বিসিএস পাস করে দীর্ঘদিন উচ্চ পদে সরকারি চাকরি করে বর্তমানে ঢাকায় আইন পেশায় নিয়োজিত আছেন। ছালেহ নূর কলেজে যখন ছাত্রলীগ হচ্ছে, তখন ডি এল চৌধুরী ও কাজল চৌধুরী সদরঘাটে খাদ্য বিভাগে চাকরি করেন। কলেজ থেকে ছাত্রলীগ নেতৃবৃন্দ সদরঘাটে তাঁর অফিসে গিয়ে তাঁর সঙ্গে রাজনৈতিক যোগাযোগ রক্ষা করতেন। তিনি তাদেরকে রাজনীতি করার জন্য উৎসাহ প্রদান করতেন।
চরকানাই গ্রামে আওয়ামী লীগ করতেন ডা. নুরুল হাসান চৌধুরী, আবদুল মান্নান, আবু তাহের প্রমুখ। হুলাইনে আওয়ামী লীগ করতেন অ্যাডভোকেট জালাল উদ্দিন আহমদ চৌধুরী, অ্যাডভোকেট আবু সৈয়দ, আবুল হাশেম মাস্টার, শিল্পপতি নূর মোহাম্মদ চৌধুরী।
জেলা ছাত্রলীগ নেতা এস এম ইউসুফ খুবই মেধাবী ছাত্র ছিলেন। তিনি হাবিলাসদ্বীপ স্কুল থেকে স্ট্যান্ড করেছিলেন। শহরে গিয়ে চট্টগ্রাম কলেজে ভর্তি হওয়ার পর তিনি ছাত্রলীগে যোগ দেন এবং ক্রমান্বয়ে জেলা ছাত্রলীগের একজন গুরুত্বপূর্ণ নেতা হয়ে ওঠেন। এক পর্যায়ে তিনি বৃহত্তর চট্টগ্রাম জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। সেই সময় তিনি তাঁর এলাকা মনসা, মেহের আটি, হরিণখাইন, কুসুমপুরা, জিরি, হুলাইন, হাবিলাসদ্বীপ, চরকানাই ইত্যাদি এলাকায় ছাত্রলীগের সাংগঠনিক তৎপরতা জোরদার করেন। তিনি মনসার নুরুল ইসলাম এবং হুলাইনের নাসিরুদ্দিন চৌধুরীকে ছাত্রলীগের রাজনীতিতে উদ্বুদ্ধ করেন। তারা চরকানাই হাই স্কুলে পড়তেন এবং ছাত্র ইউনিয়ন করতেন। এস এম ইউসুফের প্রভাবে পশ্চিম পটিয়ার রাজনৈতিক চিত্র পাল্টে যায়।
পশ্চিম পটিয়ায় ছাত্রলীগের রাজনৈতিক ও সাংগঠনিক প্রভাব বিস্তারের জন্য আবদুল হক ও নুরুল ইসলাম মুখ্য ভূমিকা পালন করেন। পশ্চিম পটিয়া আঞ্চলিক ছাত্রলীগ গঠিত হলে তারা দু’জন যথাক্রমে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
স্বপন চৌধুরী গ্রামের ঈশ্বরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনার পর হাবিলাসদ্বীপ উচ্চ বিদ্যালয়ে থেকে ১৯৭০ খ্রিস্টাব্দে এসএসসি পাস করেন। সে বছরই তিনি নবপ্রতিষ্ঠিত হুলাইন ছালেহ-নূর কলেজে উচ্চ মাধ্যমিক শ্রেণীতে ভর্তি হন। স্বাধীনতার পর ১৯৭২ খ্রিস্টাব্দে সিটি কলেজ থেকে পরীক্ষা দিয়ে এইচএসসি পাস করেন।
হাবিলাসদ্বীপ হাই স্কুলে সপ্তম শ্রেণিতে পড়ার সময় মনসা গ্রাম নিবাসী ছাত্রলীগ নেতা নুরুল ইসলাম হাবিলাসদ্বীপ স্কুলে এসে ছাত্রলীগের শাখা গঠন করেন এবং তাকে ছাত্রলীগের সদস্য করে ছাত্র রাজনীতিতে দীক্ষিত করেন। ১৯৬৯ খ্রিস্টাব্দে দেশে গণঅভ্যুত্থান সংঘটিত হয়। এ সময় গ্রামে-গঞ্জেও তার প্রভাব পড়ে। নুরুল ইসলাম হাবিলাসদ্বীপ হাই স্কুলে এসে ছাত্রদের সংগঠিত করে মিছিলে নিয়ে সেনের হাটে বটগাছ তলে মিটিং করেন। সাদারপাড়ার মাহবুবুর রহমান ও হামিদুল হক, লড়িহরার আবুল হাশেম ও এস এম আবু তৈয়ব উক্ত মিছিলে যোগদান করেন। এরা সে সময় প্রত্যেকটা আন্দোলন সংগ্রামে স্বপন চৌধুরীর সঙ্গে মিটিং মিছিলে যোগদান করতেন।
১৯৭০ খ্রিস্টাব্দে স্বপন চৌধুরী ছালেহ-নূর ডিগ্রি কলেজে বিজ্ঞানে বিভাগে ভর্তি হন। ছালেহ-নূর ডিগ্রি কলেজে ছাত্রলীগের বিভিন্ন কার্যক্রমে ও মিছিল-মিটিং তিনি সক্রিয় ভূমিকা পালন করেন। ’৭০-এর নির্বাচনে স্বপন চৌধুরী ছাত্রলীগের নেতা হিসেবে মিটিং-মিছিল, আন্দোলন-সংগ্রামে যোগদান করেন। এ সময় তিনি হাবিলাসদ্বীপ ইউনিয়ন, পার্শ্ববর্তী জঙ্গলখাইন ইউনিয়ন এবং ছালেহ নূর কলেজের যেসব ছাত্র ও রাজনৈতিক নেতার সঙ্গে নির্বাচনী কর্মকাণ্ডে অংশগ্রহণ করতেন, তারা হলেন ু পূর্ব পাঁচরিয়ার এস এম ইউসুফ, সাদারপাড়ার মাহবুব, হুলাইনের নাসিরুদ্দিন চৌধুরী, আসলাম ও রফিক, চরকানাইর আবদুল হক ও রফিক, হাবিলাসদ্বীপের নুরুল হক, সুধীর দাশ বুলবুল চৌধুরী, প্রবাল দাশ, ডি এল চৌধুরী, কাজল চৌধুরী (দাঁড়ি কাজল নামে তিনি পরিচিত ছিলেন) প্রমুখ।
৭০-এর নির্বাচনে পশ্চিম পটিয়ায় নানা ঘটনা ঘটে। প্রথমত গোরনখাইন নিবাসী স্বল্প পরিচিত নেতা সুলতান আহমদ কুসুমপুরীকে পটিয়া থেকে প্রাদেশিক পরিষদে আওয়ামী লীগের মনোনয়ন দেওয়ায় ব্যাপক প্রতিবাদ ও বিক্ষোভ দেখা দেয়। মনসা নিবাসী বৃহত্তর চট্টগ্রাম জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম ইউসুফ লালদীঘি ময়দানে একটি জনসভা আহ্বান করে কুসুমপুরীর মনোনয়নের বিরোধিতা করেন। তখন বৃহত্তর চট্টগ্রাম জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ আজিজ ও চট্টগ্রাম শহর আওয়ামী লীগের সভাপতি জহুর আহমদ চৌধুরীকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও ছাত্রলীগের রাজনীতিতে সিটি-ডিস্ট্রিক্ট নামে দু’টি গ্রুপ সৃষ্টি হয়েছিল। সিটি গ্রুপ কুসুমপুরীর মনোনয়নের বিরোধিতা করে এবং সিটি গ্রুপের পক্ষে এস এম ইউসুফ বিনিনেহারা নিবাসী অধ্যাপক মোহাম্মদ ইউসুফকে ‘৬ দফা প্রচার কমিটি’ নামে একটি সংগঠন সৃষ্টি করে সে সংগঠন থেকে মনোনয়ন প্রদান করেন। পশ্চিম পটিয়ায় এস এম ইউসুফের ব্যাপক প্রভাব ছিল এবং তার প্রভাবের কারণে হুলাইন ছালেহ নূর কলেজ, পাঁচরিয়া দীঘির পাড়, চরকানাই, হবিলাসদ্বীপসহ পশ্চিম পটিয়ার বিস্তীর্ণ এলাকায় প্রফেসর ইউসুফের সমর্থনে সভা মিছিল হতে থাকে। এই সময় ছালেহ নূর কলেজের দু’জন শিক্ষক অর্থনীতির প্রফেসর আওরঙ্গজেব চৌধুরী ও ইসলামের ইতিহাসের প্রফেসর আনোয়ার পাশা ছিলেন আওয়ামী লীগের সমর্থক এবং তাঁরা কলেজের ছাত্রলীগের নেতা-কর্মীদের উৎসাহ প্রদান করতেন। প্রফেসর আওরঙ্গজেব চৌধুরী শহরে নন্দন কানন ইউনাইটেড বোর্ডিংয়ের সামনে থাকতেন, কলেজে ছাত্রলীগ নেতা-কর্মীদের অনেকেই শহরে বাসায় গিয়ে তাঁর সঙ্গে সাক্ষাৎ করতেন। স্বপন চৌধুরীও যেতেন। তার সুবিধা ছিল, তার বাসা ছিল শহরে খাতুনগঞ্জে। আর যারা আওরঙ্গজেব চৌধুরীর বাসায় যেতেন, তারা হচ্ছেন ু নুরুল ইসলাম, আবু তাহের বাঙালি, নুরুল আমিন, আসলাম, মোহাম্মদ রফিক, রফিক আহমদ দুলাল, রফিকুল আলম চৌধুরী, নাসিরুদ্দিন চৌধুরী, আফসার প্রমুখ। ঘটনাক্রমে প্রফেসর ইউসুফ এবং প্রফেসর আওরঙ্গজেবের বাসা এক জায়গায় ছিল। কুসুমপুরীর বিরুদ্ধে প্রফেসর ইউসুফ যখন ৬ দফা প্রচার কমিটির পক্ষে নির্বাচনে প্রার্থী হন, তখন উপর্যুক্ত ছাত্রলীগ নেতৃবৃন্দ প্রফেসর আওরঙ্গজেবের বাসায় গিয়ে প্রফেসর ইউসুফের বাসায়ও যেতেন।
পটিয়ার মনোনয়ন নিয়ে এই বাদ প্রতিবাদ চলার সময় বঙ্গবন্ধু একদিন চট্টগ্রাম-কক্সবাজার সড়ক পথে কক্সবাজার যাচ্ছিলেন। তাঁকে ছালেহ নূর কলেজের গেইটে ছাত্রলীগ নেতা-কর্মীরা সংবর্ধনা প্রদানের সময় কেউ কেউ ‘এম এ আজিজ মুর্দাবাদ’ স্লোগান দেন। এম এ আজিজের বিরুদ্ধে স্লোগান দেওয়ার কারণ হলো, কুসুমপুরীকে তিনিই মনোনয়ন দিয়েছিলেন বলে ব্যাপক প্রচার ছিল। তিনি চট্টগ্রাম থেকে আওয়ামী লীগ পার্লামেন্টারি বোর্ডের একমাত্র সদস্য ছিলেন। যাই হোক সেবার বঙ্গবন্ধু ফকিরা মসজিদ, পটিয়া এবং দোহাজারী সহ বিভিন্ন স্থানে বক্তৃতা করেছিলেন। স্বপন চৌধুরী ফকিরা মসজিদ ও পটিয়ায় বঙ্গবন্ধুর সমাবেশে যোগ দিয়েছিলেন।
৭০-এর নির্বাচনের পশ্চিম পটিয়ায় চাঞ্চল্যকর একটা ঘটনা ঘটে। করনখাইনে প্রফেসর শামসুল ইসলাম কুসুমপুরীর পক্ষে নির্বাচনী প্রচারণা চালানোর কারণে তাঁর এলাকার মুসলিম লীগের সন্ত্রাসীরা তাঁর ওপর হামলা চালিয়ে তাঁকে মারাত্মক আহত করে। প্রফেসর শামসুল ইসলামের বাড়ি করনখাইন, তিনি নাজিরহাট কলেজে অধ্যাপনা করতেন। নির্বাচনের সময় বাড়ি এসে নির্বাচনী কাজে জড়িত হয়েছিলেন। তাঁর ওপর হামলার সংবাদ ছড়িয়ে পড়ার পর কলেজ এবং হাবিলাসদ্বীপ ইউনিয়নের ছাত্রলীগ নেতা-কর্মীরা প্রফেসর শামসুল ইসলামের বাড়িতে তাঁকে দেখতে যান। নুরুল ইসলাম, স্বপন চৌধুরী, আসলাম, রফিক, নাসিরুদ্দিন চৌধুরী, আবদুল হক, কাজল চৌধুরী (দাঁড়ি কাজল), নুরুল হক, সুধীর, আবু তাহের বাঙালি আহত প্রফেসর ইসলামকে দেখতে যান এবং তাঁর প্রতি সমবেদনা জানান।
৭০-এ কলেজে সবচেয়ে বড় ঘটনা ঘটে আসলামকে নিয়ে। আসলাম শাকপুরের একটি মেয়ের সাথে খারাপ আচরণ করেছিলো। মেয়ের অভিভাবকরা এসে কলেজের অধ্যক্ষকে প্রতিবাদ জানালে কলেজ কর্তৃপক্ষ আসলামকে টিসি দিয়ে কলেজ থেকে বের করে দেন। ছাত্রলীগ আসলামের পক্ষ নিয়ে তাকে টিসি দেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে জোর প্রতিবাদ জানায়। তারা অধ্যক্ষের কাছে গিয়ে বলেছিল আসলাম চলে গেলে তারাও কলেজ থেকে চলে যাবেন। এই আন্দোলনের ফলে কলেজ কর্তৃপক্ষ আসলামের টি সি ফেরত নিয়ে তাকে পুনরায় কলেজে পড়ার অনুমতি দেয়। এই আন্দোলনে ছাত্রলীগের সমস্ত নেতা-কর্মী একাত্ম হয়েছিলেন, স্বপন চৌধুরীও।
’৬৯-এর গণঅভ্যুত্থানের পর আগরতলা মামলা থেকে মুক্তি লাভ করেন চট্টগ্রামের দু’জন আসামী পটিয়ার হাবিলাসদ্বীপ ইউনিয়নের ভূপতি ভূষণ চৌধুরী ওরফে মানিক চৌধুরী ও বোয়ালখালী থানার সারোয়াতলী গ্রামের বিধান কৃষ্ণ সেন। মানিক চৌধুরীর বাড়ি হাবিলাসদ্বীপে হওয়াতে ৬ দফা ১১ দাফার সাথে আগরতলা মামলার আসামীদের মুক্তির জন্য আন্দোলন বিশেষভাবে ছাত্র-জনতাকে নাড়া দেয়। বঙ্গবন্ধু শেখ মুজিব সহ আগরতলা মামলার আসামীদের মুক্তির পর মামলার অন্যতম আসামী মাণিক চৌধুরী ও বোয়ালখালীর বিধান কৃষ্ণ সেনকে পাঁচরিয়া দীঘির পাড়ে এক বীরোচিত সংবর্ধনা দেওয়া হয়। ঐ সংবর্ধনা সভায় সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদের সদস্য হিসেবে স্বপন চৌধুরী বিশেষ ভূমিকা পালন করেন।
পাঁচরিয়া দীঘির পাড়ে ১৯৬৯ বা ৭০ খ্রিস্টাব্দে মওলানা ভাসানীও এসেছিলেন। সে সময় তাঁর সম্মানে যে জনসভার আয়োজন করা হয়েছিল, তাতে বিপুল জনসমাগম হয়েছিলো।
১৯৭১ খ্রিস্টাব্দের ৭ মার্চ বঙ্গবন্ধু রেসকোর্সে ময়দানে ভাষণ দেয়ার পর তাঁর নির্দেশ অনুযায়ী আওয়ামী লীগের নেতৃত্বে সারাদেশে সংগ্রাম পরিষদ গঠিত হয়। ’৭১-এর মার্চে হুলাইন ছালেহ নূর কলেজ মাঠে অনুষ্ঠিত এক সভায় পশ্চিম পটিয়া স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ গঠিত হয়। এই সংগ্রাম পরিষদ গঠনে স্বপন চৌধুরী বিশেষ ভূমিকা রাখেন।
চরকানাই ফুলতলীতেও একটি সংগ্রাম পরিষদ গঠিত হয়। উক্ত সংগ্রাম পরিষদে চরকানাই’র আবু তাহের চৌধুরী, নুরুল হক ফকির, মোহাম্মদ রফিক, আবদুল হক, আবু তাহের, মফিজ ও ছৈয়দ, হাবিলাসদ্বীপের অমর চৌধুরী, স্বপন চৌধুরী ও নুরুল হক, পূর্ব পাঁচরিয়ার এস এম ইউসুফ উক্ত সংগ্রাম পরিষদের সদস্য ছিলেন।
২৩ মার্চ ছাত্রনেতা নাসিরুদ্দিন চৌধুরীর নেতৃত্বে ছাত্রলীগের উদ্যোগে কলেজ থেকে যে মিছিল নিয়ে বোয়ালখালী থানায় গিয়ে পাকিস্তানি পতাকা নামিয়ে স্বাধীনতা বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়, স্বপন চৌধুরীও সে মিছিলে ছিলেন।
জহুর আহমদ চৌধুরীর স্ত্রী ডা. নুরুন্নাহার জহুর গাড়িতে করে পটিয়া যাওয়ার সময় চরকানাই ফুলতলীতে সংগ্রাম পরিষদের চেকপোস্টে তাঁর গাড়ি আটক করা হয়। পরে অমর চৌধুরী জহুর আহমদ চৌধুরীর স্ত্রীকে চেনার পর তিনি তাঁকে উদ্ধার করেন। ১১ এপ্রিল চরকানাই ফুলতলী চেকপোস্ট প্রত্যাহার করা হয়। চরকানাই ফুলতলীতে মুক্তিযোদ্ধাদেরকে প্রাথমিক প্রশিক্ষণ দেয়া হয়। প্রশিক্ষণ দেন আনসার কমান্ডার শওকত আলী ও ফজল আহমদ।
মুক্তিযুদ্ধ শুরু হলে স্বপন চৌধুরী মুক্তিযুদ্ধে যোগদান করেন। তিনি ভারতে যান এবং পটিয়ার বিভিন্ন মুক্তিযোদ্ধা গ্রুপের সঙ্গে যুক্ত হন।
স্বাধীনতার পর ছাত্রলীগের অভ্যন্তরে সমাজতন্ত্র ও মুজিববাদ নিয়ে বিতর্ক সৃষ্টি হয়, যার এক পর্যায়ে ছাত্রলীগের দু’টি সম্মেলন আহ্বান করা হয় ঢাকায়, একটি রেসকোর্স ময়দানে, অন্যটি পল্টন ময়দানে। স্বপন চৌধুরী এবং বর্তমানে সাংবাদিক হুলাইনের নাসিরুদ্দিন চৌধুরী পল্টনের সম্মেলনে যোগদান করেন। এই সম্মেলনের পর ছাত্রলীগ আনুষ্ঠানিকভাবে ভেঙে যায়। পল্টনের সম্মেলন থেকে আ ফ ম মাহবুবুল হককে সভাপতি করে গঠিত কমিটির মাধ্যমে পৃথক ছাত্রলীগের যাত্রা শুরু হয়। স্বপন চৌধুরী এবং নাসিরুদ্দিন চৌধুরীসহ চট্টগ্রামের বিপুল সংখ্যক ছাত্রলীগ নেতা-কর্মী আ ফ ম মাহবুবুল হকের নেতৃত্বাধীন ছাত্রলীগে যোগদান করেন। পরবর্তীকালে জাসদ গঠিত হয়। স্বপন চৌধুরী কিছুদিন ছাত্রলীগ করার পর জাসদে যোগদান করেন।
হুলাইনের নাসিরুদ্দিন চৌধুরী, রফিক, মুজিবুর রহমান খান, নূর উল আরশাদ চৌধুরী, নুরুল হাকিম, চরকানাই’র রফিক, আবদুল হক, সৈয়দ, হাবিলাসদ্বীপের নুরুল হক, স্বপন, মাহাবুব এবং পূর্ব পাঁচরিয়ার এসএম ইউসুফ, নুরুন্নবী ও সবুরসহ হাবিলাসদ্বীপ ইউনিয়নের অনেকে জাসদে যোগদান করেন এবং একটি শক্তিশালী ইউনিয়ন কমিটি গঠিত হয়।
১৯৭৩ খ্রিস্টাব্দে প্রথম জাতীয় সংসদ নির্বাচনে পটিয়া আসনে জাসদের প্রার্থী ছিলেন এডভোকেট বদিউল আলম। স্বপন চৌধুরী এডভোকেট বদিউল আলমের পক্ষে নির্বাচনে কাজ করেন।
স্বপন চৌধুরী স্ত্রীর নাম শিপ্রা চৌধুরী, তাঁদের তিন কন্যা-সঙ্গীতা চৌধুরী, ডা. বর্ণিতা চৌধুরী ও ঈস্পিতা চৌধুরী। তিন কন্যাকেই সুপাত্রস্থু করেছেন স্বপন চৌধুরী।
এ দেশের স্বাধীনতা সংগ্রামে, সমাজতন্ত্র প্রতিষ্ঠার বিদ্রোহ-বিপ্লবে স্বপনের পরিবারের অসামান্য অবদান। স্বাধীনতা সংগ্রামকালে খাতুনগঞ্জ রামজয় মহাজন লেনের মুখে স্বপনের জেঠা, পিতা, কাকার যৌথ পরিবারের গদি ও বাসায় ছিল আওয়ামী লীগ নেতাদের নিত্য আনাগোনা। এম. এ আজিজ, এম এ হান্নান, আবদুল্লাহ আল হারুন, চাচা খালেক, মিঞা ফারুকী, মওলানা আবদুর রহমান চৌধুরী, এস এম জামাল উদ্দিনরা স্বপনের দাদা মানিক চৌধুরীর বাসা ঘুরে না গেলে তাদের ভাত হজম হতো না। ৫৮’র সামরিক আইনে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে গেলে আওয়ামী লীগের গোপন রাজনৈতিক ও সাংগঠনিক যোগাযোগের জন্য অর্থ জোগান এবং বাংলাদেশ স্বাধীন করার জন্য বিপ্লব প্রচেষ্টার বিশাল ব্যয়ভার বহনের জন্য বঙ্গবন্ধু ‘নতুন এজেন্সি’ নাম দিয়ে একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান খুলেছিলেন মানিক চৌধুরীকে নিয়ে, তাঁরই খাতুনগঞ্জের বাসা ও গদির সন্নিকটে।
স্বাধীনতার পর এল স্বপনের যুগ। স্বপন তখন বড় নেতা হয়ে গেলেন জাসদের। তিনি দিনরাত জাসদের কাজে ঘুরে বেড়াতেন বর্তমানের সাংবাদিক সেই সময়ের জাসদের হোলটাইমার নাসিরুদ্দিন চৌধুরীকে নিয়ে। কখনও বা অধ্যাপক নুরুদ্দিন জাহেদ মঞ্জু বা আহমদ শরীফ মনীর তাঁকে সস্নেহে ডেকে নিতেন কোন কাজে। এবার স্বপনদের বাসায় আসা শুরু করলেন এম এ আজিজের পুত্র অধ্যাপক নুরুদ্দিন জাহেদ মঞ্জু, আহমদ শরীফ মনীর, মোখতার আহমদ, অ্যাডভোকেট আবু মোহাম্মদ হাশেম, ছাবের আহমদ আসগরী, ইন্দু নন্দন দত্ত, নাসিরুদ্দিন চৌধুরী, দৌলতপুরের আবু তাহের বাঙালি, ফেরদৌস চৌধুরী, রফিক, সাহাবুদ্দিন সাথী, কাছাকাছি খাতুনগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী নজির আহমদ সওদাগরের পুত্র তৈয়বুর রহমান, শিকারপুরের সেকান্দর, মুজিব, আশু, হাকিম, তাহের, আফসার প্রমুখ জাসদ ও ছাত্রলীগের নবীন প্রবীণ নেতা ও সংগঠকেরা। এই অবস্থায় যা হওয়ার তাই হলো। জাসদ গড়ে উঠলো। উচ্ছন্নে গেল স্বপনদের পারিবারিক ব্যবসা।
বলতে ভুলে গেছি, পাকিস্তান আমলে এস এম ইউসুফেরও গন্তব্য ছিল স্বপনের বাসা। স্বপনের বড় ভাই অমর চৌধুরী ছিলেন তাঁর বন্ধু। সে সুবাদে এস এম ইউসুফ প্রয়োজনে অপ্রয়োজনে হাজির হয়ে যেতেন স্বপনের বাসায়, তাঁর বন্ধু অমর চৌধুরীর কাছে।
মানিকদা, ননাদা (অমর চৌধুরী) এবং শম্ভু (স্বপন চৌধুরী) তিনজনই ছিলেন রাজনীতি-অন্ত-প্রাণ, রাজনীতিতে মশগুল। স্বপনের মেজ ভাই সমর চৌধুরী একা আর কতদিক সামলাবেন। লাটে উঠে গেল খাতুনগঞ্জের সোনার মত দামি জায়গার আড়ত ও গদি। দেশের জন্য, স্বাধীনতার জন্য, দু’টি দল-আওয়ামী লীগ ও জাসদের জন্য সীমাহীন অবদান সত্ত্বেও স্বপনের পরিবারের কোন বৈষয়িক লাভ হলো না। কারণ তারা কোনো ভাই-ই বৈষয়িক ছিলেন না।
নতুন দেশ হল বাংলাদেশ, তাতেও স্বপনের পরিবারের কোন উন্নতি হল না। বরং আরও রসাতলে গেল। দলের জন্য, দেশের জন্য একটি পরিবারের সীমাহীন ত্যাগ ইতিহাসের বস্তু হয়ে গেল। কিন্তু হাবিলাসদ্বীপের চৌধুরী পরিবারের ইতিহাস কারও জানা থাকল না। চৌধুরী পরিবার শুধু দেশ ও জাতিকে দিয়েই গেল, পেল না কিছুই। কখনও কিছু চায়ওনি তারা। স্বপন চৌধুরীর জীবন এক বিয়োগান্ত নাটকের মহিমা। জাসদের জন্য স্বপন চৌধুরী নানাভাবে নির্যাতিত হন। জাসদ সমর্থক ছাত্রলীগ গঠনের সময় তাঁকে পাঁচরিয়া দিঘির পাড়ে সন্ত্রাসীরা ধরে খালপাড়ে নিয়ে হত্যা করতে উদ্যত হয়। এ সময় হুলাইন গ্রামের ইউপি সদস্য নজির আহমদ তা দেখতে পেয়ে দৌড়ে এসে সন্ত্রাসীদের হাত থেকে তাঁকে ছাড়িয়ে নেন, স্বপন প্রাণে বেঁচে যান। না হলে সেদিনই স্বপনের জীবনের পরিসমাপ্তি ঘটতে পারতো।
আওয়ামী লীগ ও ছাত্রলীগকে জায়গা দেওয়ায় স্বপন চৌধুরী পরিবারের উপর অনেক ঝড়-ঝাপটা বয়ে যায়। মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি বাহিনী এবং তাদের দোসর রাজাকাররা হাবিলাসদ্বীপের বাড়িতে সবসময় উৎপাত করত।
স্বপনের বাবা বর্ষিয়ান তেজেন্দ্র লাল চৌধুরীকে চট্টগ্রাম ক্যান্টনমেন্টে নিয়ে গিয়ে অনেক অত্যাচার ও নির্যাতন করা হয়। ক্যান্টনমেন্ট থেকে ছেড়ে দেয়ার পর হাটহাজারীর বটতল নামক এক জায়গায় নিয়ে তিনি শহরের আসলে শফি নামক এক ব্যক্তি তাঁকে খাতুনগঞ্জের বাসায় নিয়ে আসে। তেজেন্দ্র লাল চৌধুরী হাবিলাসদ্বীপ গ্রামের অত্যন্ত সম্মানিত একজন মানুষ, তিনি হাবিলাসদ্বীপ হাইস্কুল এবং হাবিলাসদ্বীপ গার্লস স্কুলের অন্যতম দাতা ছিলেন। তিনি হাবিলাসদ্বীপ হাইস্কুলের ৮ জন প্রতিষ্ঠাতার অন্যতম এবং ১০ বছর গভর্নিং বডির সদস্য ছিলেন।
![]()









