
নওগাঁর মহাদেবপুরে নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে পড়ে শিশুর মৃত্যু
নওগাঁর মহাদেবপুরে নির্মাণাধীন ভবনের ঢাকনাবিহীন সেপটিক ট্যাংকে পড়ে মুকিদ হোসেন (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) বিকেল পৌনে ৪টার দিকে উপজেলার রাইগাঁ ইউনিয়নের ভবানীপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মুকিদ হোসেন ওই গ্রামের ফরিদুল ইসলামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে বাড়ির পাশে প্রতিবেশী আরও দুই শিশুর সঙ্গে খেলছিল মুকিদ। একপর্যায়ে তারা পাশের একটি নির্মাণাধীন ভবনের কাছে যায়। এ সময় অসাবধানতাবশত ভবনটির ঢাকনাবিহীন সেপটিক ট্যাংকে পড়ে যায় শিশুটি।
পরে স্বজনরা তাকে উদ্ধার করে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে পড়ে শিশুটির মৃত্যু হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ লিখিত অভিযোগ করেননি।
এদিকে পাঁচ বছরের শিশুর এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের মাতম চলছে। নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকটি ঢাকনাবিহীন অবস্থায় থাকায় শিশুদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।
![]()









