- - -

চট্টগ্রামে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে আধুনিক প্রযুক্তি ও আন্তর্জাতিক অভিজ্ঞতা কাজে লাগাতে হবে: প্রশাসক ডা. শাহাদাত হোসেন

img 20261119 wa0017
Print News

চট্টগ্রামে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে আধুনিক প্রযুক্তি ও আন্তর্জাতিক অভিজ্ঞতা কাজে লাগাতে হবে: প্রশাসক ডা. শাহাদাত হোসেন

 

এভারকেয়ার হসপিটালে আন্তর্জাতিক ক্রিটিক্যাল কেয়ার সিম্পোজিয়াম অনুষ্ঠিত

চট্টগ্রাম: চট্টগ্রামকে উন্নত ও আধুনিক চিকিৎসাসেবার অন্যতম কেন্দ্রে পরিণত করতে চিকিৎসকদের দক্ষতা বৃদ্ধি, আধুনিক প্রযুক্তির ব্যবহার, গবেষণা এবং আন্তর্জাতিক অভিজ্ঞতা বিনিময়ের ওপর গুরুত্বারোপ করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসেন।

তিনি বলেন, জীবনসংকটাপন্ন রোগীদের চিকিৎসায় দ্রুত রোগ নির্ণয়, আধুনিক চিকিৎসাপদ্ধতির প্রয়োগ এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বিত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্বাস্থ্যসেবার গুণগত মানোন্নয়নে সরকারি-বেসরকারি চিকিৎসাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করতে হবে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামে আয়োজিত ‘ইন্টারন্যাশনাল ক্রিটিক্যাল কেয়ার সিম্পোজিয়াম ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‘হোয়ার সায়েন্স সেভস লাইভস’ (Where Science Saves Lives) প্রতিপাদ্যে আয়োজিত এ সিম্পোজিয়ামে প্রশাসক বলেন, চট্টগ্রামের স্বাস্থ্যসেবার উন্নয়নে অতীতেও বিএনপি সরকার গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সরকারের সময় স্বাস্থ্য অবকাঠামো সম্প্রসারণ ও চিকিৎসাসেবার সক্ষমতা বৃদ্ধিতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছিল। বর্তমান অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীও চট্টগ্রামের চিকিৎসা অবকাঠামো উন্নয়ন এবং সাধারণ মানুষের জন্য উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করার বিষয়ে গুরুত্ব দিচ্ছেন।

তিনি আরও বলেন, চট্টগ্রাম রেলওয়ে হাসপাতালকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে নিয়ে ১০০ শয্যার আধুনিক জেনারেল হাসপাতালে রূপান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে। হাসপাতালটি আধুনিকায়ন করা সম্ভব হলে নগরীর সাধারণ, দরিদ্র ও নিম্নমধ্যবিত্ত মানুষ উন্নত সরকারি চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ পাবেন।

শ্রমজীবী মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করার বিষয়ে প্রশাসক বলেন, শ্রমিকদের জন্য দেশব্যাপী ছয়টি হাসপাতাল প্রতিষ্ঠার উদ্যোগের অংশ হিসেবে চট্টগ্রামেও হাসপাতাল নির্মাণের পরিকল্পনা রয়েছে। বিশেষ করে সীতাকুণ্ড শিল্পাঞ্চলে কর্মরত শ্রমিকদের জন্য হাসপাতাল প্রতিষ্ঠা এবং ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুর্ঘটনায় আহত ব্যক্তিদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করতে ট্রমা সেন্টার স্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের অধীন কোনো একটি হাসপাতাল শ্রমিকদের চিকিৎসাসেবায় বিশেষভাবে ব্যবহারের পরিকল্পনাও রয়েছে।

প্রশাসক বলেন, স্বাস্থ্যসেবা শুধু হাসপাতাল নির্মাণ কিংবা চিকিৎসা সরঞ্জাম সরবরাহের মধ্যে সীমাবদ্ধ নয়। চিকিৎসকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, আধুনিক প্রযুক্তির ব্যবহার, গবেষণা এবং আন্তর্জাতিক পর্যায়ের জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে চিকিৎসাসেবার গুণগত মান নিশ্চিত করতে হবে। চট্টগ্রামের মানুষের জন্য উন্নত ও মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করতে সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠানকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

সিম্পোজিয়ামে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট কমিটির সদস্য ডা. খুরশীদ জামিল চৌধুরী।

এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের ইনটেনসিভ কেয়ার ইউনিটের (আইসিইউ) উদ্যোগে হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট, মেডিকেল ইনটেনসিভ কেয়ার ইউনিট ও মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. এ এ এম রাইহান উদ্দীনের নেতৃত্বে এ সিম্পোজিয়ামের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে যুক্তরাজ্যের বিশিষ্ট ট্রমা ও অর্থোপেডিক সার্জন ডা. আনন্দ বি. দিবেকার এবং ইনটেনসিভিস্ট ও অ্যানেসথেটিস্ট ডা. নন্দিতা দিবেকার বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপন করেন। তাঁরা ক্রিটিক্যাল কেয়ার চিকিৎসার আধুনিক পদ্ধতি, জটিল রোগীর ব্যবস্থাপনা, চিকিৎসাবিজ্ঞানের সাম্প্রতিক অগ্রগতি এবং নিজেদের আন্তর্জাতিক পেশাগত অভিজ্ঞতা তুলে ধরেন।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের চিফ অপারেটিং অফিসার (সিওও) বিনয় কাউল। পরে বক্তব্য দেন হাসপাতালের মেডিকেল ইনটেনসিভ কেয়ার ইউনিটের অ্যাটেন্ডিং কনসালট্যান্ট ডা. শেখ উল আলম। প্রথম বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপন করেন ডা. আনন্দ বি. দিবেকার। এরপর বক্তব্য দেন অধ্যাপক ডা. এ এ এম রাইহান উদ্দীন। দ্বিতীয় বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপন করেন ডা. নন্দিতা দিবেকার।

ডা. এ এ এম রাইহান উদ্দীন বলেন, ক্রিটিক্যাল কেয়ার চিকিৎসায় দ্রুত রোগ নির্ণয়, নিবিড় পর্যবেক্ষণ এবং সময়োপযোগী চিকিৎসা অত্যন্ত জরুরি। আন্তর্জাতিক বিশেষজ্ঞদের অভিজ্ঞতা থেকে আমাদের চিকিৎসকেরা নতুন জ্ঞান অর্জন ও নিজেদের পেশাগত দক্ষতা সমৃদ্ধ করার সুযোগ পেয়েছেন।

এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের সিওও বিনয় কাউল বলেন, ক্রিটিক্যাল কেয়ার চিকিৎসায় নতুন প্রযুক্তি ও গবেষণার সঙ্গে তাল মিলিয়ে চলা জরুরি। আন্তর্জাতিক বিশেষজ্ঞদের সঙ্গে অভিজ্ঞতা বিনিময়ের এ আয়োজন চিকিৎসকদের দক্ষতা বৃদ্ধি এবং উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে সহায়ক হবে।

এভারকেয়ার হসপিটালস, বাংলাদেশের গ্রুপ মেডিকেল ডিরেক্টর ডা. আরিফ মাহমুদ বলেন, সংকটাপন্ন রোগীর চিকিৎসায় দ্রুত সিদ্ধান্ত গ্রহণ এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের সিম্পোজিয়াম চিকিৎসকদের জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে রোগীকেন্দ্রিক চিকিৎসাসেবার মানোন্নয়নে ভূমিকা রাখে।

বিশেষ অতিথি ডা. খুরশীদ জামিল চৌধুরী বলেন, চিকিৎসাবিজ্ঞানের অগ্রগতির সঙ্গে তাল মিলিয়ে চিকিৎসকদের নিয়মিত জ্ঞানচর্চা ও অভিজ্ঞতা বিনিময় অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের আন্তর্জাতিক সিম্পোজিয়াম চিকিৎসা পেশার সঙ্গে যুক্ত ব্যক্তিদের মধ্যে পারস্পরিক শেখা ও মতবিনিময়ের সুযোগ সৃষ্টি করে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের মেডিকেল সার্ভিসেস বিভাগের পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবিরসহ হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন বিভাগের চিকিৎসকেরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হাসপাতালের কোয়ালিটি অ্যাস্যুরেন্স বিভাগের লিড ফারহানা নাসরিন প্রিয়ম।

উল্লেখ্য, আধুনিক চিকিৎসাবিজ্ঞানে ক্রিটিক্যাল কেয়ার বা নিবিড় পরিচর্যা জীবনসংকটাপন্ন রোগীদের চিকিৎসায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। গুরুতর অসুস্থতা, জটিল অস্ত্রোপচার কিংবা দুর্ঘটনাজনিত আঘাতের পর রোগীর শারীরিক অবস্থা স্থিতিশীল রাখতে নিবিড় পর্যবেক্ষণ, দ্রুত চিকিৎসা এবং বিভিন্ন বিশেষজ্ঞের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। এ ধরনের আন্তর্জাতিক বৈজ্ঞানিক আয়োজন চিকিৎসকদের জ্ঞান ও দক্ষতা হালনাগাদের পাশাপাশি চট্টগ্রামের চিকিৎসাসেবাকে আন্তর্জাতিক মানে উন্নীত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa