- - -

আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশে ডা. শাহাদাত হোসেন

img 20261119 wa0011
Print News

আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশে ডা. শাহাদাত হোসেন

আওয়ামী লীগ নেতাকর্মীরা মাঠে নেই, ভাড়াটে লোক দিয়ে নাশকতা চালাচ্ছে

হারানো বিজ্ঞপ্তি দিয়ে আওয়ামী লীগকে খুঁজতে হচ্ছেimg 20261119 wa0010

আওয়ামী লীগের নেতাকর্মীরা সরাসরি রাজপথে না নেমে ছিনতাইকারী, টোকাই ও কিশোর গ্যাংয়ের সদস্যদের অর্থের বিনিময়ে ভাড়া করে বিভিন্ন স্থানে নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনা করছে বলে অভিযোগ করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাবেক সভাপতি ডা. শাহাদাত হোসেন।

তিনি বলেন, আওয়ামীলীগের নেতাকর্মীদের এখন রাজপথে দেখা যায়না। হারানো বিজ্ঞপ্তি দিয়ে আওয়ামী লীগকে খুঁজতে হচ্ছে। তারা রাতের অন্ধকারে কিছু টোকাই দিয়ে ফ্লাইওভারের উপর থেকে বোমা মারছে। এ ধরনের অপতৎপরতা চালিয়ে দেশকে নৈরাজ্যের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা সফল হবে না। বাংলাদেশের জনগণ এসব সন্ত্রাসী হামলার উপযুক্ত জবাব দেবে। অগ্নিসংযোগ ও নৈরাজ্যের মাধ্যমে দেশের শান্তি শৃঙ্খলা বিনষ্ট করার অপচেষ্টা বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধভাবে প্রতিহত করবে।

তিনি বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ৭টায় নগরীর কাজীর দেউড়ি মোড়ে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে এসব কথা বলেন।

নিষিদ্ধ আওয়ামী লীগের দেশব্যাপী অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে তিনি এই মিছিল ও সমাবেশের আয়োজন করেন।

গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেও সকাল ৭ টার আগেই কাজীর দেউরী মোড়ে বিভিন্ন ওয়ার্ড থেকে বিএনপির নেতাকর্মীরা জমায়েত হতে থাকে। তারা সেখানে আওয়ামী নৈরাজ্যের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেয়। কাজীর দেউরী গোল চত্বরে প্রতিবাদ সমাবেশের পর ডা. শাহাদাত হোসেনের নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল নিয়ে আসকার দিঘির পাড় হয়ে জামাল খান মোড়, প্রেসক্লাব হয়ে চেরাগী মোড়ে গিয়ে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে মিছিল শেষ হয়।

ডা. শাহাদাত বলেন, দেশ থেকে বিতাড়িত হয়ে বিদেশে বসে আগুন সন্ত্রাস করছে পলাতক আওয়ামীলীগ। ২০২৪ সালের জুলাই আগস্টে শিশু ও শিক্ষার্থীদের হত্যার পরও তাদের মধ্যে অনুশোচনা নেই। দণ্ডপ্রাপ্ত আসামী শেখ হাসিনাকে এনে দ্রুত ফাঁসির রায় বাস্তবায়নের দাবি জানান তিনি।

তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রে বিশ্বাসী মানুষ অগ্নিসন্ত্রাস, বোমাবাজি ও নৈরাজ্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধ। কোনো অপশক্তি সন্ত্রাস ও সহিংসতার মাধ্যমে বাংলাদেশকে অস্থিতিশীল করতে পারবে না। দেশের মানুষ ঐক্যবদ্ধভাবে এসব অপতৎপরতার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে।

বিএনপির দীর্ঘ আন্দোলন সংগ্রামের প্রসঙ্গ তুলে তিনি বলেন, গত ১৬-১৭ বছর ধরে বিএনপির নেতাকর্মীরা যেভাবে রাজপথে থেকে আন্দোলন সংগ্রাম করেছেন, এখনো তারা একইভাবে রাজপথে সক্রিয় রয়েছেন। আজকের এই কর্মসূচি প্রমাণ করেছে, বিএনপির নেতাকর্মীরা অন্যায়, সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে আগের মতোই সোচ্চার।

সাম্প্রতিক সহিংসতার প্রসঙ্গ উল্লেখ করে ডা. শাহাদাত হোসেন বলেন, যারা বোমাবাজি করছে, লুটপাট করছে, থানা থেকে বিভিন্ন সরঞ্জাম লুট করছে, পুলিশের ওপর হামলা করছে, সাধারণ মানুষকে হত্যা ও নির্যাতন করছে এবং যানবাহনে আগুন দিচ্ছে, তাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, যারা বোমাবাজি ও অগ্নিসন্ত্রাসের সঙ্গে জড়িত, তাদের পাশাপাশি এসব কর্মকাণ্ডের অর্থদাতা, পৃষ্ঠপোষক ও নির্দেশদাতাদেরও চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনতে হবে। অপরাধের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া যাবে না।

তিনি বলেন, নগরের শান্তিশৃঙ্খলা রক্ষায় সজাগ থাকবে বিএনপি নেতাকর্মীরা। প্রতিটি ওয়ার্ডে শান্তি মিছিল করা হবে। যারা নাশকতা করবে, তাদের আইনের আওতায় আনারও দাবি জানান তিনি।

রাষ্ট্রনায়ক তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ঐক্যবদ্ধ রয়েছে উল্লেখ করে ডা. শাহাদাত হোসেন বলেন, প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দীর্ঘ আন্দোলন সংগ্রামে বিএনপির নেতাকর্মীরা জেল জুলুম ও নির্যাতনের শিকার হয়েছেন। প্রতিকূল পরিস্থিতিতেও তারা রাজপথ ছাড়েননি। দীর্ঘ ত্যাগ ও সংগ্রামের মধ্য দিয়ে দলের নেতাকর্মীরা খাঁটি সোনায় পরিণত হয়েছেন। দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় তারা ভবিষ্যতেও ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।

তিনি বলেন, আজকের এই কর্মসূচি সন্ত্রাসের বিরুদ্ধে, নৈরাজ্যের বিরুদ্ধে, অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে এবং শান্তির পক্ষে। নগরীর শান্তি শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে আমরা সবসময় জনগণের পাশে আছি। এ শান্তির মিছিল নগরীর প্রতিটি ওয়ার্ডে অব্যাহত থাকবে।

এসময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক হারুন জামান, নিয়াজ মোহাম্মদ খান, ইয়াছিন চৌধুরী লিটন, আহবায়ক কমিটির সদস্য মো. কামরুল ইসলাম, সরফরাজ কাদের রাসেল, মহানগর বিএনপি নেতা মো. শাহ আলম, জিয়াউদ্দিন খালেদ চৌধুরী, আমিন মাহমুদ, হাজী নুরুল আকতার, মনজুর রহমান চৌধুরী, আলহাজ্ব জাকির হোসেন, নূর হোসাইন, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জমির উদ্দিন নাহিদ, সিনিয়র যুগ্ন আহ্বায়ক জিয়াউর রহমান জিয়া, যুবদলের সংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশা, বিএনপি নেতা আব্দুল হালিম স্বপন, মোহাম্মদ ইদ্রিস আলী, শফিক আহমেদ, রমজু মিয়া, জাকির হোসেন, ওয়ার্ড বিএনপির হাজী নবাব খান, এস এম মুফিজ উল্লাহ, আলী আব্বাস খান খন্দকার নুরুল ইসলাম, রাশেদ চৌধুরী, মো. হাসান, সাব্বির আহমেদ, সৈয়দ আবুল বশর, হাজী আবু ফয়েজ, নূর হোসেন নুরু, দিদারুল আলম, আলমগীর আলী, মোহাম্মদ সালাউদ্দিন, মো. সারোয়ার, চসিক জাতীয়তাবাদী শ্রমিকদলের সভাপতি মামুনুর রশীদ, সাধারণ সম্পাদক মো. আলাউদ্দীন, নাসিরাবাদ শ্রমিকদলের সভাপতি আজিজ উদ্দিন মিন্টু, অঙ্গসংগঠনের নেতা নাছির উদ্দীন চৌধুরী নাসিম, আবদুল আহাদ রিপন, মহসিন কবির আপেল, আলিফ উদ্দিন রুবেল, বসিরুল ইসলাম পলাশ, সামিয়াত আমিন জিসান, তরিকুল ইসলাম তানভীর, সালাউদ্দীন কাদের আসাদ সহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa