- - -

কুড়িগ্রামে নিকাহ রেজিস্ট্রারদের কলম বিরতি কর্মসূচি

img 20261116 wa0184
Print News

কুড়িগ্রামে নিকাহ রেজিস্ট্রারদের কলম বিরতি কর্মসূচি

 

মুসলিম নিকাহ রেজিস্ট্রারদের নিয়োগকালীন অধিক্ষেত্র বহাল রাখার দাবিতে এবং চলমান আন্দোলনের অংশ হিসেবে কুড়িগ্রামে অবস্থান কর্মসূচি ও কলম বিরতি পালন করেছেন বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার ও নিকাহ রেজিস্ট্রার সমিতি ঐক্য পরিষদের নেতাকর্মীরা।

সোমবার সকাল ১১টায় কুড়িগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করা হয়। এতে জেলার বিভিন্ন উপজেলার নিকাহ রেজিস্ট্রার বা কাজীরা অংশগ্রহণ করেন।

কর্মসূচিতে বক্তারা বলেন, দেশের বাজারে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সাধারণ মানুষের পাশাপাশি নিকাহ রেজিস্ট্রারদেরও পরিবার-পরিজন নিয়ে জীবনযাপন কঠিন হয়ে পড়েছে। এর মধ্যে ইউনিয়নপ্রতি একাধিক কাজী নিয়োগ দেওয়া হলে পেশাগত প্রতিযোগিতা, বিশৃঙ্খলা ও দুর্নীতির সুযোগ আরও বাড়বে। তাই নিয়োগকালীন অধিক্ষেত্র বহাল রাখার দাবি জানান তারা।

এ সময় নিকাহ রেজিস্ট্রার সমিতি ঐক্য পরিষদ কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি কাজী মাওলানা মো. নুরুজ্জামান বলেন, বিয়ে একটি ধর্মীয় বিধান ও গুরুত্বপূর্ণ সামাজিক বন্ধন। এ পেশায় দায়িত্ব পালনের ক্ষেত্রে ধর্মীয় জ্ঞান ও যোগ্যতাকে গুরুত্ব দিতে হবে। সেখানে সাধারণ ডিগ্রিধারীদের নিকাহ রেজিস্ট্রার হিসেবে নিয়োগ দেওয়ার উদ্যোগ কোনোভাবেই মেনে নেওয়া হবে না।

কর্মসূচি থেকে আগামীকাল ঢাকায় সারাদেশের নিকাহ রেজিস্ট্রারদের অংশগ্রহণে অনুষ্ঠিতব্য আন্দোলন কর্মসূচি সফল করতে সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানানো হয়।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa