- - -

অস্তিত্ব সংকটে মধুবৃক্ষ খেজুর গাছ ও গাছি

img 20261116 wa0131
Print News

অস্তিত্ব সংকটে মধুবৃক্ষ খেজুর গাছ ও গাছি

” শৈশবের স্মৃতি, আমাদের সংস্কৃতি”

 

এক দশক আগেও শীতের সকালে গাছিদের ব্যস্ততার দৃশ্য চোখে পড়ত। ঘুম থেকে উঠে কাঁধে বাঁশের তৈরি বাঁড় নিয়ে গাছ থেকে রস সংগ্রহ করত গাছিরা। শীতের মৌসুমের শুরু থেকে বাড়ি বাড়ি খেজুরের রস কিংবা গুড়ের পাটালি দিয়ে তৈরি মজাদার পিঠাপুলির আয়োজন হতো। গ্রাম বাংলার এ দৃশ্য এখন আর চোখে পড়ে না। দিন দিন হারিয়ে যাচ্ছে মধুবৃক্ষ হিসেবে পরিচিত খেজুর গাছ ও গাছিরা।

শীত-মৌসুমে গ্রাম বাংলার ঐতিহ্যের প্রতীক মধুবৃক্ষ ঘিরে গ্রামীণ জনপদ থাকত উৎসব মুখর। এ সময় মেহমান আসা মানেই খেজুরের রস ও নতুন চালের ভাপা পিঠা-পুলি ও পায়েস দিয়ে আপ্যায়ন। তাছাড়া খেজুরের গুড় দিয়ে মুড়ির মোয়া, চিড়ার মোয়া ও মুড়ি খাওয়ার জন্য কৃষক পরিবার থেকে শুরু করে সর্বস্তরের মানুষের শীতের মৌসুম ছিল উৎসবের আমেজে ভরপুর। কিন্তু আবহমান বাংলার ঐতিহ্যের বাহক গ্রামগঞ্জ থেকে খেজুর গাছ আজ বিলুপ্তির পথে।

গ্রাম বাংলার হারানো ঐতিহ্য শিশির ভেজা ঘাসের মতোই যেন মিলিয়ে যাচ্ছে। নতুন ধানের মৌ মৌ গন্ধ আর খেজুর রসের মিষ্টি সুবাসে একসময় শীতের সকালটা প্রাণবন্ত হয়ে উঠত। এখন সেই সকাল অনেকটাই নীরব।

কুমিল্লার কথা:

এই সংকট শুধু এক অঞ্চলের নয়, সারাদেশের। কুমিল্লার কথাই ধরুন। একসময় দক্ষিণ কুমিল্লার লাকসাম, নাঙ্গলকোট, লালমাই, মনোহরগঞ্জসহ প্রতিটি গ্রাম, সড়কের পাশ, বাড়ির আঙিনা, ফসলি জমির আইলে সারি সারি খেজুর গাছ দেখা যেত। এখন দুই থেকে চারটি গ্রাম ঘুরেও পর্যাপ্ত খেজুর গাছের সন্ধান পাওয়া কঠিন। ফলে ঐতিহ্যবাহী খেজুরের রস এখন অনেকটা সোনার হরিণে পরিণত হয়েছে।

বুড়িচং, দেবিদ্বার, চান্দিনার মতো উপজেলাতেও একই অবস্থা। আগে যেখানে সকালে গাছিরা দল বেঁধে রস নামাতেন, সেখানে এখন গাছই নেই, গাছিও নেই।

কেন হারিয়ে যাচ্ছে, খেজুর গাছ:

১. ইটভাটার আগ্রাসন: ইটের ভাটায় জ্বালানি হিসেবে প্রতিনিয়ত শত শত খেজুর গাছ কেটে পোড়ানো হচ্ছে। রাস্তা সম্প্রসারণ, বাড়িঘর ও শিল্প-কারখানার জন্য গাছ কাটা হলেও নতুন করে চারা রোপণের উদ্যোগ নেই বললেই চলে।

২. গাছি সংকট:
গাছে হাঁড়ি বাঁধা, গাছ চাঁছা, ভোরে রস নামানো অত্যন্ত কষ্টসাধ্য ও ঝুঁকিপূর্ণ কাজ। বয়স্ক গাছিরা কাজ ছেড়ে দিচ্ছেন, নতুন প্রজন্ম এই পেশায় আসতে চায় না। ফলে রস সংগ্রহের উপযোগী হাজার হাজার গাছ অব্যবহৃত থেকে নষ্ট হয়ে যাচ্ছে। মৌসুমের আগে সরঞ্জাম কিনতে একজন গাছির ২ থেকে ৩ হাজার টাকা লাগে, অথচ দৈনিক মজুরি মাত্র ৪০০ থেকে ৫০০ টাকা।

৩. শীত কমে যাওয়া: আগের মতো শীতের স্থায়ীত্ব নেই। কার্তিক থেকে ফাল্গুন পর্যন্ত রসের মৌসুম হলেও এখন শীত দেরিতে আসে, তাড়াতাড়ি চলে যায়। এতে গাছে রসের পরিমাণ ও মিষ্টতা দুটোই কমে যাচ্ছে।

৪. ভেজাল গুড়: রস ও গুড়ের দাম বেড়ে যাওয়ায় একশ্রেণির অসাধু ব্যবসায়ী চিনি, কেমিক্যাল ও ফ্লেভার মিশিয়ে নকল গুড় বানাচ্ছে। এতে খাঁটি গুড়ের বাজার মার খাচ্ছে, ক্রেতারা প্রতারিত হচ্ছেন।

৫. স্বাস্থ্য-আতঙ্ক: কাঁচা রসে বাদুড়ের মুখ দেওয়া থেকে নিপাহ ভাইরাসের ঝুঁকি নিয়ে সচেতনতা বেড়েছে। কিন্তু হাঁড়িতে জাল বা ঢাকনা ব্যবহারের মতো সহজ নিরাপদ পদ্ধতি অনেক গাছি এখনও মানছেন না। ফলে মানুষ কাঁচা রস খেতে ভয় পাচ্ছে।

শুধু রস নয়, পুরো একটা অর্থনীতি ছিল:

খেজুর গাছ শুধু রস দেয় না। এর পাতা দিয়ে তৈরি হতো মজবুত পাটি, শুকনো ডালপালা জ্বলত রান্নার চুলায়, পাতা ব্যবহার হতো গবাদিপশুর খাদ্য হিসেবে। একটি গাছ মানে ছিল একটি পরিবারের শীতের বাড়তি আয়, পিঠা-পুলির আয়োজন আর গ্রামের মৌসুমি কর্মসংস্থান।

এর অর্থনৈতিক গুরুত্ব কতটা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যে, যশোরে প্রায় ২২ লাখ ৫৯ হাজার খেজুর গাছ আছে, এর মধ্যে মাত্র ৩ লাখ ২৯ হাজার গাছ থেকে রস নেওয়া হচ্ছে। এ কাজে যুক্ত ৬ হাজার ২৫০ জন গাছি ও ১৫ হাজার ১৪৪ জন কৃষক। এই মৌসুমে প্রায় ৭ হাজার ৯০ মেট্রিক টন গুড় উৎপাদনের লক্ষ্য, যার মূল্য প্রায় ১১১ কোটি টাকা। ২০২৪ সালের ১৫ ফেব্রুয়ারি যশোরের খেজুরের গুড় জিআই পণ্যের স্বীকৃতিও পেয়েছে। অর্থাৎ চাইলেই এই ঐতিহ্য শুধু আবেগ নয়, বড় অর্থনীতি হতে পারে।

ফিরিয়ে আনা কি সম্ভব?

সম্ভব, তবে ৩টা কাজ একসাথে করতে হবে।

প্রথম,প্রতিটি গ্রামে রাস্তার ধারে, পুকুর পাড়ে, পতিত জমিতে পরিকল্পিতভাবে খেজুরের চারা লাগাতে হবে। কাটা গাছের বদলে অন্তত দুটি করে নতুন গাছ লাগানো বাধ্যতামূলক করতে হবে।

দ্বিতীয়,গাছিদের বাঁচাতে হবে। তাদের প্রশিক্ষণ, নিরাপদ রস সংগ্রহের জন্য জাল-ঢাকনাযুক্ত হাঁড়ি, আর ন্যায্য মজুরি নিশ্চিত করতে হবে। যশোরের মতো চৌগাছায় যেমন এক হাজারের বেশি গাছির ডাটাবেজ তৈরি হয়েছে, তেমনি প্রতিটি উপজেলায় গাছিদের তালিকা করে প্রণোদনা দিতে হবে।

তৃতীয়,খাঁটি গুড়কে ব্র্যান্ডিং করতে হবে। ভেজালের বিরুদ্ধে অভিযান চালিয়ে খাঁটি গুড়কে অনলাইনে বিক্রির ব্যবস্থা করলে তরুণরাও এই পেশায় আগ্রহী হবে।

মধুবৃক্ষ শুধু একটি গাছ নয়, এটি গ্রাম বাংলার শীতের পরিচয়, আমাদের শৈশবের স্মৃতি, আমাদের সংস্কৃতি। এই গাছ বাঁচলে বাঁচবে গ্রামের শীতের উৎসব, বাঁচবে গাছির পেশা, বাঁচবে বাংলার ঐতিহ্য। গাছ কাটা সহজ, কিন্তু একটা মধুবৃক্ষ বড় হতে লাগে বছরের পর বছর। তাই এখনই যদি আমরা না জাগি, আগামী প্রজন্ম শুধু বইয়ে পড়বে – এককালে বাংলায় মধুবৃক্ষ নামে একটা গাছ ছিল।

গাজী মুহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির, ধর্ম ও সমাজ সচেতন লেখক, গণমাধ্যম কর্মী,কুমিল্লা।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa