
রৌমারীতে মুক্তিযোদ্ধাদের নামফলক মুছে ফেলার ঘটনায় ক্ষোভকুড়িগ্রামের রৌমারী উপজেলার শহীদ মিনার ও সংলগ্ন চানমারী এলাকায় বীর মুক্তিযোদ্ধাদের নামফলক সাদা রঙ দিয়ে মুছে দেওয়ার অভিযোগ উঠেছে। রোববার মধ্যরাতে এ ঘটনা ঘটে। নামফলকে থাকা ৯ জন শহীদ বীর মুক্তিযোদ্ধার নামের তালিকা মুছে ফেলায় স্থানীয় বাসিন্দা ও বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে তীব্র ক্ষোভ তৈরি হয়েছে।
খবর পেয়ে বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান শহীদ মিনারে যান। তিনি জানান, সেখানে গিয়ে দেখা যায়, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের প্রশিক্ষণকালে চানমারীতে ব্যবহৃত গুলির চিহ্ন এবং পাশে থাকা ৯ জন শহীদ বীর মুক্তিযোদ্ধার নামের ফলক সাদা রঙ দিয়ে মুছে ফেলা হয়েছে। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে তিনি জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
দেওয়ানগঞ্জ থেকে আসা মুক্তিযোদ্ধা আলম মিয়া ক্ষোভ প্রকাশ করে বলেন, তিনি এই রৌমারীতেই প্রশিক্ষণ নিয়েছিলেন। খবর পেয়ে ছুটে এসেছেন। ১৯৭১ সালের স্মৃতি যারা মুছে দিতে চায়, তাদের চিহ্নিত করে কঠোর শাস্তি দেওয়া উচিত।
উপজেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমানের ভাষ্য অনুযায়ী, মুক্তিযুদ্ধের সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে এখানে হাজার হাজার মুক্তিযোদ্ধাকে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল। ঐতিহাসিক চানমারীর সেই স্মৃতি ও শহীদদের নামফলক মুছে ফেলার বিষয়টি তারা প্রশাসনকে অবহিত করেছেন।
রৌমারী থানার ওসি মাহমুদ হাসান নাঈম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং বিষয়টি নিয়ে তদন্ত চলছে। দোষীদের দ্রুত শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল হাসান জানান, বিষয়টি নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলা হচ্ছে। রাতের অন্ধকারে কারা এ ঘটনা ঘটিয়েছে, তা এখনো সুনির্দিষ্টভাবে জানা যায়নি। তবে ঘটনাটিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
![]()









