- - -

নেত্রকোনায় পুলিশ কনস্টেবল নিয়োগে মেধা ও যোগ্যতাই একমাত্র মাপকাঠি, স্বচ্ছতা নিশ্চিতে প্রস্তুত জেলা পুলিশ

img 20261116 wa0045
Print News

নেত্রকোনায় পুলিশ কনস্টেবল নিয়োগে মেধা ও যোগ্যতাই একমাত্র মাপকাঠি, স্বচ্ছতা নিশ্চিতে প্রস্তুত জেলা পুলিশ

 

কোনো ধরনের তদবির, সুপারিশ কিংবা আর্থিক লেনদেন নয়—মেধা, যোগ্যতা ও শারীরিক সক্ষমতার ভিত্তিতেই নেত্রকোনায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ দেওয়া হবে। নিয়োগ প্রক্রিয়াকে স্বচ্ছ, নিরপেক্ষ ও জবাবদিহিমূলক করতে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করেছে নেত্রকোনা জেলা পুলিশ।
আজ সোমবার (১৬ নভেম্বর) থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী নিয়োগ কার্যক্রম। চলবে আগামী ১৮ নভেম্বর পর্যন্ত। এ সময় প্রার্থীদের শারীরিক মাপ, প্রয়োজনীয় কাগজপত্র যাচাই এবং শারীরিক সক্ষমতা পরীক্ষা নেওয়া হবে।
নিয়োগ কার্যক্রম সুষ্ঠু ও নির্বিঘ্নভাবে সম্পন্ন করার লক্ষ্যে গত রোববার (১৫ নভেম্বর) বিকেল ৩টায় নেত্রকোনা পুলিশ লাইন্সে দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের নিয়ে বিশেষ ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন নিয়োগ বোর্ডের সভাপতি ও নেত্রকোনার পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম।
ব্রিফিংয়ে পুলিশ সুপার বলেন, আসন্ন ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে অনুষ্ঠিত হবে। নিয়োগ কার্যক্রমে দায়িত্ব পালনকারী প্রত্যেক পুলিশ সদস্যকে সর্বোচ্চ সততা, নিষ্ঠা ও পেশাদারিত্ব বজায় রাখতে হবে। একই সঙ্গে পুলিশ সদর দপ্তরের নির্দেশনা যথাযথভাবে অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
পুলিশ সুপার আরও বলেন, বাংলাদেশ পুলিশের মতো গুরুত্বপূর্ণ বাহিনীতে নিয়োগের ক্ষেত্রে প্রকৃত যোগ্য, মেধাবী ও শারীরিকভাবে সক্ষম প্রার্থীদের বাছাই করতে হবে। এ ক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম বা পক্ষপাতিত্বের সুযোগ দেওয়া যাবে না।
নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করতে ব্রিফিংয়ে নিয়োগ বোর্ডের সদস্য ও বাইরের জেলার কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে রয়েছেন ময়মনসিংহ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আশরাফুল করিম, জামালপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রাকিবুল ইসলাম এবং পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধিরা।
এ ছাড়া নেত্রকোনা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) রেজওয়ান আহমেদ (পিপিএম), অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মাহফুজা খাতুন, অতিরিক্ত পুলিশ সুপার (বারহাট্টা সার্কেল) সাব্বির হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (খালিয়াজুরি সার্কেল) সাহিদুর রহমানসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
জেলা পুলিশের এমন ঘোষণায় নিয়োগপ্রত্যাশী তরুণ-তরুণী ও তাঁদের অভিভাবকদের মধ্যে আশার সঞ্চার হয়েছে। সংশ্লিষ্টদের প্রত্যাশা, নিয়োগ প্রক্রিয়ায় ঘোষিত স্বচ্ছতা ও নিরপেক্ষতা বাস্তবে নিশ্চিত হলে যোগ্য প্রার্থীরা কোনো ধরনের তদবির ছাড়াই পুলিশ বাহিনীতে যোগ দেওয়ার সুযোগ পাবেন।
সংশ্লিষ্ট মহলের মতে, মেধা ও যোগ্যতার ভিত্তিতে দক্ষ জনবল নিয়োগের মাধ্যমে পুলিশ বাহিনীর পেশাদারিত্ব, জবাবদিহি ও জনসেবার মান আরও উন্নত করা সম্ভব। এখন নিয়োগ কার্যক্রমের প্রতিটি ধাপে ঘোষিত নীতির বাস্তব প্রতিফলনই হবে জেলা পুলিশের স্বচ্ছতার প্রতিশ্রুতির গুরুত্বপূর্ণ পরীক্ষা।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa