
ডিমলায় পৈতৃক জমি নিয়ে বিরোধ, ধান কেটে নেওয়ার হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন
নীলফামারীর ডিমলায় পৈতৃক জমির মালিকানা নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে পাকা আমন ধান কেটে নেওয়া ও জমি জবরদখলের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। নিজের আবাদ করা জমির ফসল রক্ষা এবং পরিবারের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করে প্রতিপক্ষের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন মো. তহিদুল ইসলাম বাচ্চু নামে এক ব্যক্তি। এ ঘটনায় প্রতিকার চেয়ে ডিমলা থানায় লিখিত অভিযোগও দিয়েছেন তিনি।
গত বুধবার (১১ নভেম্বর) বিকেল সাড়ে ৫টায় উপজেলার পশ্চিম ছাতনাই ইউনিয়নের কালীগঞ্জ এলাকায় নিজ বাড়িতে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জমির মালিকানা ও দখলসংক্রান্ত বিরোধের বিস্তারিত তুলে ধরেন তহিদুল ইসলাম বাচ্চু।
লিখিত বক্তব্যে তিনি জানান, তাঁর বাবা মৃত ইছামুদ্দিন এবং চাচা ইসমাইল উদ্দিন, সফির উদ্দিন ও সজির উদ্দিন তৎকালীন ভারতীয় বাসিন্দা জনৈক মলিকের সঙ্গে বিনিময় সূত্রে ২৭০/৬৯-৭০ নম্বর দলিলমূলে বিরোধীয় ৫০ শতক জমির ওয়ারিশসূত্রে মালিক হন। এরপর থেকে তাঁরা জমিটি ভোগদখল করে আসছেন। জমিটি কালীগঞ্জ মৌজার ৬৪/১ নম্বর খতিয়ানের ১৮৪৯ ও ১৮৫০ দাগভুক্ত। প্রায় অর্ধশত বছর ধরে তাঁদের পরিবার জমিটি ভোগদখল করে আসছে এবং নিয়মিত ভূমি উন্নয়ন কর পরিশোধ করছে বলেও দাবি করেন তিনি।
তহিদুল ইসলাম বাচ্চুর অভিযোগ, তাঁদের দীর্ঘদিনের ভোগদখলীয় জমি স্থানীয় মোশারফ হোসেন সেটেলমেন্ট অফিসের কয়েকজন অসাধু কর্মকর্তা-কর্মচারীর যোগসাজশে প্রতিপক্ষের নামে বিএস রেকর্ড করিয়ে নেন। এ ঘটনায় বিএস রেকর্ড সংশোধন ও জমির স্বত্ব ঘোষণার দাবিতে ২০২২ সালে নীলফামারীর সিনিয়র সহকারী জজ আদালতে ১৬৫/২২ নম্বর মামলা দায়ের করেন তিনি।
তিনি আরও জানান, বিরোধীয় জমি নিয়ে উভয় পক্ষকে ফৌজদারি কার্যবিধির ১৪৪/১৪৫ ধারায় নোটিশ দেওয়া হয়। পাশাপাশি পশ্চিম ছাতনাই ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তাকে প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়। পরবর্তী সময়ে সরেজমিন তদন্ত শেষে তাঁর পক্ষে প্রতিবেদন জমা দেওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।
সংবাদ সম্মেলনে তহিদুল ইসলাম বাচ্চু অভিযোগ করেন, চলতি আমন মৌসুমে বিরোধীয় জমিতে ধানের চারা রোপণের সময়ও প্রতিপক্ষের লোকজন বাধা দেওয়ার চেষ্টা করেন। সর্বশেষ গত সোমবার (৯ নভেম্বর) সকাল ১১টার দিকে প্রতিপক্ষের কয়েকজন ব্যক্তি দলবদ্ধভাবে জমিতে গিয়ে পাকা ধান কেটে নেওয়ার প্রস্তুতি নেন এবং জমি জবরদখলের হুমকি দেন। এতে জমির পাকা আমন ধান রক্ষা নিয়ে উদ্বেগের পাশাপাশি নিজের ও পরিবারের সদস্যদের নিরাপত্তা নিয়েও শঙ্কিত হয়ে পড়েছেন তিনি।
ডিমলা থানায় দেওয়া লিখিত অভিযোগে পশ্চিম ছাতনাই ইউনিয়নের কালীগঞ্জ গ্রামের আমছার আলী (৫০), মহিদুল ইসলাম (৪৫), আব্দুল কুদ্দুস (৪০), নাছিরুল ইসলাম (৫৫), আইজুল ইসলাম (৩৫) ও নজরুল ইসলাম (৫০)-এর নাম উল্লেখ করা হয়েছে।
সংবাদ সম্মেলনে তহিদুল ইসলাম বাচ্চু জমির মালিকানা ও দখলসংক্রান্ত বিরোধ নিরপেক্ষভাবে তদন্ত করে প্রকৃত ঘটনা উদ্ঘাটন, পাকা আমন ধান রক্ষা এবং নিজের ও পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জরুরি হস্তক্ষেপ কামনা করেন।
![]()









