
নরসিংদীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের সাথে নরসিংদী সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও সম্মাননা স্মারক প্রদান
নরসিংদী জেলার সুযোগ্য জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান কেয়া মহোদয়ের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নরসিংদী সাংবাদিক ফোরামের শীর্ষ নেতৃবৃন্দ। সাক্ষাৎকালে নরসিংদীর সার্বিক উন্নয়ন, জনকল্যাণমূলক কর্মকাণ্ড এবং সামাজিক বিভিন্ন উদ্যোগে অসামান্য অবদান রাখার স্বীকৃতিস্বরূপ ফোরামের পক্ষ থেকে তাঁকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
সৌজন্য সাক্ষাৎ ও আলোচনা সভায় বক্তারা জেলার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে জেলা প্রশাসনের আন্তরিক ভূমিকার প্রশংসা করেন। এ সময় সাংবাদিক নেতৃবৃন্দ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, জনসেবামূলক কার্যক্রম এবং গণমাধ্যমের বিভিন্ন দিক নিয়ে জেলা প্রশাসকের সাথে ফলপ্রসূ আলোচনা করেন।
জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়া নরসিংদীর উন্নয়নে গণমাধ্যমকর্মীদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও গঠনমূলক ভূমিকার জন্য ধন্যবাদ জানান। তিনি বলেন, একটি সমৃদ্ধ ও উন্নত নরসিংদী গঠনে প্রশাসন এবং গণমাধ্যম সবসময় কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও জেলার সামগ্রিক অগ্রগতি ও জনস্বার্থ রক্ষায় এই অংশীদারিত্ব আরও সুদৃঢ় হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় নরসিংদী সাংবাদিক ফোরামের বিভিন্ন স্তরের দায়িত্বশীল নেতৃবৃন্দ ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই সভা শেষে জেলার উন্নয়নে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।
![]()









