- - -

রাসায়নিক দিয়ে কদবেল পাকানোর দায়ে ফল ব্যবসায়ীকে জরিমানা

img 20261102 wa0231
Print News

রাসায়নিক দিয়ে কদবেল পাকানোর দায়ে ফল ব্যবসায়ীকে জরিমানা

চুয়াডাঙ্গা সদর উপজেলার বড় বাজার এলাকায় ক্ষতিকর রাসায়নিক ব্যবহার করে কদবেল পাকানোর দায়ে এক ফল ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযান চলাকালে জব্দ করা ২৩ বস্তা রাসায়নিক মিশ্রিত কদবেল জনসম্মুখে ধ্বংস করা হয়।

সোমবার (২রা নভেম্বর) বেলা সাড়ে ১১:০০ টা থেকে দুপুর ০১:৩০ মিনিট পর্যন্ত বড় বাজারের ফল ও মাংসের বাজারসহ বিভিন্ন দোকানে এ বিশেষ তদারকি অভিযান চালানো হয়।

ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসানের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। এ সময় মাথাভাঙ্গা ব্রিজ-সংলগ্ন ফলপট্টির ‘টুকু ফল ভান্ডার’-এর মালিক মো. টুকু মিয়াকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে উপস্থিত সকল ফল ব্যবসায়ীকে ক্ষতিকর রাসায়নিক ব্যবহার থেকে বিরত থাকার কঠোর নির্দেশনা দেওয়া হয়।

অভিযানে ফল বাজারের পাশাপাশি বড় বাজারের মাংসের দোকানগুলোও পরিদর্শন করা হয়। মাংস ব্যবসায়ীরা যাতে সঠিক ওজনে মাংস বিক্রি করেন এবং পরিচ্ছন্ন পরিবেশে মাংস প্রক্রিয়াকরণ করেন, সে বিষয়ে তাদের সতর্ক ও প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।

অভিযান পরিচালনাকালে সদর উপজেলা কৃষি অফিসের অতিরিক্ত কৃষি কর্মকর্তা মো. শাহিনুজ্জামান, পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর নার্গিস জাহান এবং সদর থানা পুলিশের একটি দল সার্বিক সহযোগিতা প্রদান করে।

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয় জানায়, জনস্বার্থে এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের বাজার তদারকি অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa