- - -

ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতি বরদাশত করা হবে না, জিরো টলারেন্স নীতি ঘোষণা ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলালের

img 20261101 wa0113
Print News
ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতি বরদাশত করা হবে না, জিরো টলারেন্স নীতি ঘোষণা ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলালের
ভূমি ব্যবস্থাপনায় শতভাগ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ (শূন্য সহনশীলতা) অবস্থান গ্রহণ করেছে বলে জানিয়েছেন ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, এমপি। তিনি স্পষ্ট জানিয়ে দেন, এই সরকারের আমলে দুর্নীতি করে কেউ কোনোভাবেই পার পাবে না।
আজ দুপুরে সাভারের বিসিএস লাইভস্টক একাডেমীর মসজিদ সংলগ্ন মাঠে বিসিএস ক্যাডারভুক্ত (প্রশাসন, পুলিশ, বন ও রেলওয়ে) এবং বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস এর কর্মকর্তাগণের ১৪২ তম সার্ভে ও সেটেলমেন্ট প্রশিক্ষণ কোর্স ২০২৬-২৭-এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
ভূমি মন্ত্রণালয়ে ইতিপূর্বে নেওয়া দুর্নীতিবিরোধী পদক্ষেপ ও প্রযুক্তিগত উন্নয়নের কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল বলেন, ভূমি মন্ত্রণালয়ের যেকোনো দুর্নীতির বিষয়ে ইতিমধ্যে একটি আধুনিক ট্রাকিং সিস্টেম চালু করা হয়েছে। এই সিস্টেমের মাধ্যমে পাওয়া যেকোনো অভিযোগের সত্যতা দ্রুত যাচাই করে কঠোর আইনি ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। তিনি আরও জানান, বর্তমান সরকার স্মার্ট ও হয়রানিমুক্ত ভূমি সেবা দিতে ই-নামজারি, ডিজিটাল ভূমি উন্নয়ন কর, অনলাইন খতিয়ান ও ম্যাপ সরবরাহসহ সার্বিক কার্যক্রমে ডিজিটালাইজেশন ও স্বচ্ছতা জোরদার করেছে।
অনুষ্ঠানে উপস্থিত প্রশিক্ষণার্থী তরুণ কর্মকর্তাদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য তুলে ধরে ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেন, আপনারা রাষ্ট্রের মূল চালিকাশক্তি। ভূমি প্রশাসন ও বিচারিক সেবায় আপনাদের দক্ষতা, মেধা ও সততার ওপর সাধারণ মানুষের আস্থা নির্ভর করে। প্রশিক্ষণলব্ধ জ্ঞানকে কাজে লাগিয়ে আপনাদেরকে দুর্নীতিমুক্ত, জনবান্ধব ও ন্যায়ভিত্তিক প্রশাসনিক ব্যবস্থা গড়ে তুলতে হবে। ক্ষমতার অপব্যবহার না করে জনগণের সেবকের মনোভঙ্গি নিয়ে দায়িত্ব পালন করাই হোক আপনাদের মূল নীতি।
ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের আয়োজনে ৫১ দিনব্যাপী এই প্রশিক্ষণ কোর্সে জুডিশিয়াল, প্রশাসন, পুলিশ, বন ও রেলওয়ে ক্যাডারের মোট ৫৯ জন কর্মকর্তা অংশ নেন।
উদ্বোধনী অনুষ্ঠানে ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মোঃ এমদাদুল হক চৌধুরী এবং ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক এনডিসি মিজ সায়মা ইউনুস বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa