
বিহারের কাটিহারে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, পাট বোঝাই ট্রাক্টর উল্টে ৩ জনের মৃত্যু
সুজন চক্রবর্তী, ভারত প্রতিনিধিঃ ভারতের বিহার রাজ্যের কাটিহার জেলার পুঠিয়া থানা এলাকায় ৩১ নম্বর জাতীয় সড়কে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৩ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ৩ জন। পুলিশ সূত্রে প্রকাশ, সোমবার (১২ অক্টোবর ) সকালে ৩১ নম্বর জাতীয় সড়কের ইমলী চকে পুঠিয়া- দুমড়া রাস্তায় পাট বোঝাই একটি ট্রাক্টর হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপর উল্টে যায়। দুর্ঘটনার মুহূর্তে ট্রাক্টরে থাকা শ্রমিক ও চালক ভারী ট্রাক্টর ও পাটের বস্তার নিচে চাপা পড়ে যান। ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দা ও পুঠিয়া থানার পুলিশ যৌথভাবে উদ্ধার কাজ চালিয়ে হতাহতদের উদ্ধার করে। পুলিশ ৩টি দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কাটিহার সদর হাসপাতালে প্রেরণ করেছেন। অপরদিকে, গুরুতর আহত ৩ জনকে আশংকাজনক অবস্থায় চিকিৎসার জন্য কাটিহার মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা যায়, হতাহত সকলেই কাটিহারের বরারি নয়াটোলার বাসিন্দা। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
![]()









