
শিক্ষার মানোন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান:
রাজশাহীর বাগমারা উপজেলার মচমইল ডিগ্রি কলেজের নবনির্বাচিত গভর্নিং বডির সভাপতি আখতারুজ্জামান খান তপনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। তিনি শ্রীপুর রামনগর ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক।
সোমবার (১২ অক্টোবর) সকাল ১০টায় কলেজ মিলনায়তনে সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এম. এম. আবুল কালাম আজাদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নবনির্বাচিত গভর্নিং বডির সভাপতি আখতারুজ্জামান খান তপন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিতকরণ এবং ভালো ফলাফল অর্জনের জন্য শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও পরিচালনা পর্ষদকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। একটি শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়ন শুধু অবকাঠামোগত উন্নয়নের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং মানসম্মত শিক্ষা, নৈতিকতা, শৃঙ্খলা ও দক্ষ মানবসম্পদ গড়ে তোলাই মূল লক্ষ্য।” মচমইল ডিগ্রি কলেজের শিক্ষার পরিবেশ আরও উন্নত করা এবং শিক্ষার্থীদের সাফল্য বৃদ্ধিতে তিনি আন্তরিকভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে অন্যান্য বক্তারা কলেজের সার্বিক উন্নয়ন, শিক্ষার গুণগত মান বৃদ্ধি এবং শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি কলেজের শিক্ষার পরিবেশ আরও উন্নত করতে গভর্নিং বডি, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে সমন্বয় জোরদারের আহ্বান জানান।
অনুষ্ঠানের শুরুতে নবনির্বাচিত সভাপতিকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য দেন গভর্নিং বডির বিদ্যোৎসাহী সদস্য অধ্যাপক শফিকুল ইসলাম, বিদ্যোৎসাহী সদস্য ও সমাজসেবক হাফিজুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী কামরুন নাহার (রোজী), প্রধান শিক্ষক ও সমাজসেবক আব্দুল মালেক প্রাং, ব্যবসায়ী ও অভিভাবক সদস্য আজিজুল ইসলাম, সমাজসেবক ইমান আলী, শিক্ষক প্রতিনিধি অধ্যাপক আব্দুল মোমিন প্রাং, অধ্যাপক আমিনুল হক ও অধ্যাপক শিউলি খাতুন।
এছাড়া শুভডাঙ্গা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু সামা মিস্টারসহ কলেজের শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
![]()









