
টেকনাফ সীমান্তে ২০০ বন্যার্ত পরিবারকে ত্রাণ দিল ৬৪ বিজিবি
কক্সবাজারের টেকনাফ সীমান্তবর্তী এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০ পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)।
রোববার (১২ জুলাই) উখিয়া ব্যাটালিয়নের আওতাধীন হোয়াইক্যং বিওপির দায়িত্বপূর্ণ এলাকার কোনাপাড়া গ্রামে এ ত্রাণ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামু সেক্টর সদর দপ্তরের সেক্টর কমান্ডার কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ, পিবিজিএম, বিজিবিএমএস।
এ সময় আরও উপস্থিত ছিলেন উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম, জি, উপ-অধিনায়ক মেজর ইশতিয়াক আহমেদ, ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার সহকারী পরিচালক মো. মাসুদ রানা, হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহজালাল ইসলাম, ১ নম্বর ওয়ার্ডের সদস্য সিরাজুল মোস্তফা লালু, উখিয়া উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট হাসান সিদ্দিকী, হোয়াইক্যং ইউনিয়ন যুবদলের সভাপতি জুনায়েদ আলী চৌধুরী, সদস্য মো. সাইফুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক ও এলাকাবাসী।
প্রধান অতিথি কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ বলেন, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি বিজিবি নিয়মিতভাবে বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। সীমান্তবর্তী জনগণের আস্থা ও সহযোগিতাই বাহিনীকে আরও কার্যকরভাবে দায়িত্ব পালনে অনুপ্রাণিত করে। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
বিজিবি জানায়, সীমান্ত সুরক্ষার পাশাপাশি সীমান্তবর্তী জনপদের মানুষের পাশে দাঁড়িয়ে ‘আস্থার প্রতীক’ হিসেবে দায়িত্ব পালন করতে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) প্রতিশ্রুতিবদ্ধ।
![]()









