
কাঁটাতার পেরিয়ে তামিলনাড়ুতে, ৫০ বাংলাদেশিকে ট্রেনে তুলে পশ্চিমবঙ্গে পাঠাচ্ছে বিজয় সরকার
বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্দেহে ৫০ জনকে আটক করা হয় ভারতের তামিলনাড়ু রাজ্যে। কড়া পুলিশের নিরাপত্তায় এবার তাঁদের পাঠানো হচ্ছে পশ্চিমবঙ্গে। উত্তর ২৪ পরগনার হরিদাসপুর সীমান্তে বিএসএফের হাতে তুলে দেওয়া হবে ওই ৫০ জনকে। সর্বভারতীয় সংবাদমাধ্যমকে তামিলনাড়ু পুলিশ জানিয়েছে, রাজ্যের বিভিন্ন এলাকা থেকে ওই ৫০ জনকে আটক করা হয়। এরপর তাঁদের সালেমজেলার আট্টুর মহকুমা কমপ্লেক্সের মধ্যে অবস্থিত বিশেষ শিবিরে রাখা হয়েছিল। আইনি প্রক্রিয়া শেষে তাঁদের ডিপোর্টের নির্দেশ জারি করা হয়। এর পরেই গত ৩ জুলাই কড়া নিরাপত্তার মধ্যে ৩টি বিশেষ পুলিশ ভ্যানে সড়ক পথে তিরুচিরা পল্লীতে নিয়ে যাওয়া হয়। ওই সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, তিরুচিরা পল্লী স্টেশন থেকে হাওড়া এক্সপ্রেসে তাঁদের তোলা হয়। একেবারে কড়া নিরাপত্তার মোড়কে নির্ধারিত কোচে ওই ৫০ জনকে পশ্চিমবঙ্গে নিয়ে যাওয়া হচ্ছে। জানা গেছে, আটক হওয়া এই ৫০ জনের মধ্যে ৪৪ জন পুরুষ এবং ৬ জন মহিলা রয়েছে। তামিলনাড়ু পুলিশের শীর্ষ এক আধিকারিক জানিয়েছেন, ট্রেনটি পৌছানোর পরেই উত্তর ২৪ পরগনার হরিদাসপুর সীমান্ত পেট্টাপোল স্থলবন্দর এলাকায় বাংলাদেশিদের নিয়ে যাওয়া হবে। সেখানেই তামিলনাড়ু পুলিশের তরফে আনুষ্ঠানিকভাবে বিএসএফের হাতে তাঁদের হস্তান্তর করা হবে। এর জেরেই বিএসএফের তরফে এই ৫০ অনুপ্রবেশকারীকে হস্তান্তর করা হবে বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে।
![]()









