
হলদিয়া পেট্রোকেমিক্যালে ভয়াবহ দুর্ঘটনা, পাইপ লাইনে আগুন লেগে ঝলসে গেলেন ৩৫ জন
ভারতের পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার শিল্পনগরী হলদিয়ায় মঙ্গলবার (৩০ জুন) সকালে হলদিয়া পেট্রোকেমিক্যালস লিমিটেডে একটি ন্যাপথা পাইপলাইন ফেটে ভয়াবহ আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে আশেপাশে ছড়িয়ে পড়ে। ঘটনায় অন্তত ৩৫ জন ঝলসে গিয়েছেন বলে জানা গেছে। আহতের মধ্যে ৫ জনের অবস্থা আশংকাজনক বলে খবর। ঘটনাস্থলে ছুটে আসে দমকলের একাধিক ইঞ্জিন। যুদ্ধকালীন পরিস্থিতিতে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে। ঘটনাস্থলে রয়েছেন পুলিশ প্রশাসনের আধিকারিকরা ও। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এদিন ভোর রাত থেকে এলাকায় প্রচন্ড বৃষ্টি শুরু হয়। একের পর এক বাজ পড়তে থাকে। সেই সময় হঠাৎ করে পাইপলাইন থেকে ন্যাপথা লিক করতে থাকে। মুহূর্তের মধ্যে আগুন ধরে যায় ওই পাইপলাইনে। দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতা এতটাই ছিল যে আশেপাশের বেশ কয়েকটি বাড়ি ভস্মীভূত হয়ে গিয়েছে। অপরদিকে, ঘটনায় রীতিমতো আতংক ছড়িয়ে পড়ে পেট্রোকেমিক্যালের মধ্যে। কর্মীদের মধ্যে একেবারে হুড়োহুড়ি পড়ে যায়। ঘটনার পরেই যাঁরা বাইরে বেরিয়ে ছিলেন। তাঁরাই আগুনে ঝলসে যান। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় দমকল এবং প্রশাসনের আধিকারিকরা। দ্রুত আহতদের হলদিয়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর গুরুতর আহত ৫ জন সহ আরও কয়েকজনকে তমলুক হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। বাকিদের হলদিয়া হাসপাতালেই চিকিৎসা চলছে।
![]()









