
আমার চাচা কবিয়াল মোহাম্মদ ছৈয়দ স্মরণে
এক সময়ের গ্রাম বাংলার বহুল জনপ্রিয় গান ছিল কবিগান। কালের বিবর্তনে কবিগান আমাদের সমাজ থেকে একেবারে হারিয়ে গেছে।ব্রিটিশ বিরোধী আন্দোলন সংগ্রাম থেকে শুরু করে আমাদের স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধে কবিয়ালদের কতোই অবদান ছিল তা ইতিহাসের পাতায় লিপিবদ্ধ থাকলেও আজকের নতুন প্রজন্ম জানেনই না কবিগানের মর্মকথা। এক সময় ভারতবর্ষ তথা বাংলায় এসনই অনেক খ্যাতিমান কবিয়ালের নাম ইতিহাসের পাতায় লিপিবদ্ধ রয়েছে। তেমনই একজন কবিয়ালের নাম ‘কবিয়াল মোহাম্মদ ছৈয়দ’ ; তিনি সম্পর্কে আমার আপন চাচা। ছোটবেলা থেকেই চাচাকে বাবা বলেই ডাকতাম। সেই শিশুকাল থেকেই দেখে আসছি তিনি একজন সঙ্গীতপ্রিয় মানুষ। শিক্ষাজীবনের পাশাপাশি সঙ্গীত চর্চায় তিনি বেশি মনোযোগী ছিলেন। তখনকার দিনে মুসলিম পরিবারে সঙ্গীত চর্চা করা মানে ধর্মান্ধ সমাজের বিরুদ্ধে যুদ্ধ করে এগিয়ে যাওয়া। সামাজিক নানা প্রতিবন্ধকতা ডিঙ্গিয়ে তিনি এগিয়ে গিয়েছিলেন অনেক দূর। জেনেছি তিনি কৈশোরকাল থেকে প্রখ্যাত কবিয়াল এয়াকুব আলী’র শিষত্ব গ্রহণ করে কবিগানের প্রতি জুকে পড়েন।’৬০এর দশকে ততকালীন পাকিস্তানের সামরিক শাসক আয়ুব খানের কুশাসনের বিরুদ্ধে বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিভিন্ন আন্দোলন সংগ্রামের সভা-সমাবেশে সঙ্গীত পরিবেশন ও কবিগান রচনা ও মঞ্চে পরিবেশন করে দেশের স্বাধীনতা সংগ্রামে ব্যাপক অবদান রাখেন। বলতে গেলে এ সময়কালে ওস্তাদ কবিয়াল এয়াকুব আলীর পায়ে পায়ে বিচরণ করে খ্যাতি লাভে সক্ষম হন। স্বাধীনতা সংগ্রামের গানের মধ্যদিয়ে বাঙালি জাগরণে তাঁদের অবদানের কথা ইতিহাসে স্বর্ণাক্ষরের লিখিত থাকবে।মুক্তিযুদ্ধে চাচা ভারত যেতে না পারলেও স্থানীয়িভাবে মুক্তিযুদ্ধের নানা প্রক্রিয়ায় তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন। ফলে স্বাধীনতা বিরোধীরা এক পর্যায়ে চাচার ওপর চরম ক্ষিপ্ত হয়ে উঠেছিলেন এমনকি চাচাকে হত্যা করার জন্য হুমকি দিয়েছিলেন। মৃত্যুর পরোয়ানা মাথায় নিয়ে অবশেষে ১৬ ডিসেম্বর স্বাধীনতা বিরোধীরাই পরাজয় বরণ করতে বাধ্য হয়।দেশ স্বাধীন হয়। দেশ স্বাধীনের পর তিনি নিজগ্রামে ‘শিলাইগড়া জনকল্যাণ সংঘ’ নামক একটি সামাজিক প্রতিষ্ঠান গড়ে তোলে গ্রামের ব্যাপক উন্নয়ন সাধন করেন। কর্মজীবনে কয়েক বছর ঢাকেশ্বরী কটন মিলে চাকরি করলেও কবিগানপ্রেমী মোহাম্মদ ছৈয়দ পুনরায় ঢাকা থেকে চলে আসেন চট্টগ্রামে। জীবনের প্রতিটি মুহূর্তে গানের চর্চা তথা সাহিত্য সাধনা করাই ছিল তার অন্যতম কাজ। তিনি ১৯৭৪ সাল থেকে বাংলাদেশ বেতারের নিয়মিত শিল্পী হিসেবে গান পরিবেশন করেন, এছাড়া সিটিভির নিয়মিত শিল্পী হিসেবেও দীর্ঘদিন ধরে জড়িত ছিলেন। কবিগানের জগতে দেশের প্রখ্যাত কবিয়াল এয়াকুব আলী, সাধু নিরঞ্জন, রায় মোহন বড়ুয়া, মনিন্দ্র দাশ, ফণী বড়ুয়া সহ অসংখ্য কবির সাথে দেশের বিভিন্ন স্থানে কবিগান পরিবেশন করেন। তাছাড়া দীর্ঘ এই সময়ে তিনি বিপুল সংখ্যক গান রচনা করেন। তার উল্লেখযোগ্য গানগুলোর সম্বন্বয়ে ইতিমধ্যে তিনটি গ্রন্থ প্রকাশিত হয়েছে। গ্রন্থগুলো হলো ‘অঞ্জলী’ ও ‘গ্রামীণ পদাবলী ও পথিক।
তিনি জন্মেছিলেন ১৯৪৪ সালে আনোয়ারা থানার ঐতিহাসিক গ্রাম ‘শিলাইগড়ায়’। আনোয়ারা থানা সদর থেকে কুচকুচে কালো পথ পেরিয়ে প্রায় দেড় মাইল দক্ষিণে পাড়ি দিলেই শিলাইগড়া গ্রাম। আমাদের গ্রামের নামকরণের ইতিহাস অনেক প্রাচীন। সিপাহী গড় (দুগ) থেকে নানা প্রবাহে গ্রামের নামকরণ হয়ে যায় শিপাহীগড় থেকে ‘শিলাইগড়া গ্রাম’।শত শত বছর আগেকার কথা। তখন চট্টগ্রাম ছিল আরাকান শাসনাধীন। সেকালে আরাকানী সৈনিকদের দূর্গ তথা সিপাহি গড় ছিল এই গ্রামজুড়ে। ১৬৬৬ খ্রিস্টাব্দে মোগল কর্তৃক চট্টগ্রাম বিজয়ের পূর্ব কাল পর্যন্ত চট্টগ্রাম আরাকান শাসনাধীন ছিল। দুর্গের সামান্য উত্তরে আনোয়ারা গ্রামের দক্ষিণ সীমানায় ছিল চট্টগ্রামের আরাকানী শাসকদের বাসস্থান, রাজাদের বাসস্থানের ধ্বংসাবশেষ আজও পরিলক্ষিত হয়। এমনই ঐতিহাসিক গ্রামে আমার চাচার জন্ম। এসব প্রাচীন ইতিহাস নিয়ে চাচা বেশ গর্ববোধ করতেন এবং আমাদেরকেও উতসাহিত করতেন। এক পর্যায়ে আমি সেই ইতিহাসের সন্ধানে পা বাড়িয়ে ছিলাম। লিখতে শুরু করলাম একের পর এক অনুসন্ধানী গবেষণা গ্রন্থ। আমার প্রথম গ্রন্থ ‘দেয়াঙ পরগনার ইতিহাস’ ২০০৬ সালে প্রথম প্রকাশ হলে বইটি হাতে নিয়ে আবেগ আপ্লুত হয়ে আমাকে বুকে জড়িয়ে ধরে বলেছিলেন এটি শুধু বই নয় অসাধ্যসাধন। তারপর থেকে একে একে আমার গবেষণা গ্রন্থের সংখ্যা দাড়ায় প্রায় ৩৭টি। আমার সব কয়টি বই চাচা দেখে যেতে পারেন নি। ২০০৬ সালের ২০ ফেব্রুয়ারি তিনি আমাদের থেকে চিরতরে বিদায় নেন। তবে তিনি মৃত্যুর আগে তিনটি বই প্রকাশ করে যেতে পারলেও চাচার লেখা আরো প্রায় শ খানেক গান ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এসব গানসহ ‘কবিয়াল মোহাম্মদ ছৈয়দ রচনাবলী’ নামে একটি গ্রন্থ প্রকাশের উদ্যোগ নিয়েছি। আশাকরি আগামী ২ ফেব্রুয়ারি চাচার মৃত্যুদিবসে এই গ্রন্থটি পাঠকের হাতে তুলে দিতে পারবো। চাচার লেখা এমনই কয়েকটি গান …….
পথিক
পথিক তুমি পথ হারালে পার পাবে কি করিয়া
মহাচক্রে ঘুরতে হবে জনম ভরিয়া
তুমি যে পথে চলিবার কথা বইলে ভবে এলি
কোন অজানায় দিচ্ছ পাড়ি আসল রাস্তা ফেলি
আল্লা নবীর পন্থা ভুলি কোথায় যাচ্ছ চলিয়া।
মহাচক্রে ঘুরতে হবে জনম ভরিয়া ॥ ঐ
এ কিরে তোর পরিণতি মন মানসের
আলো ফেলি পথ ধরিলি ঘোর অন্ধকারের
না চিনিলি আউয়াল আখের, নেশার ঘোরে পড়িয়া।
মহাচক্রে ঘুরতে হবে জনম ভরিয়া।
একদিন ভেঙ্গে যাবে তাসের ঘর তোর, ভাঙবে রং মহল
থাকিবে না এতই দাপট মিথ্যা শক্তি বল
হারাতে হইবে সকল, ধুলায় যাবে মিশিয়া।
মহাচক্রে ঘুরতে হবে জনম ভরিয়া।
তোমার সঙ্গীসাথী কেউ রবে না- একলা হবি মন
অতীত স্মৃতি এসে দিবে নানা জ্বালাতন
সময় ত পাবে না তখন, প্রায়শ্চিত্তের লাগিয়া
মহাচক্রে ঘুরতে হবে জনম ভরিয়া।
শোষণ পীড়ন
আঁরা হাঁড় ভাঙ্গা মিন্নত গরি ভাই হাঁড় ভাঙ্গা মিন্নত গরি
সুখে চাউরগ্যা পেট ভরি ভাত হাইত ক্যা ন পারি
যত ক্ষেত হোলা তরিতরকারী।
নিজ হাতে পয়দা গরি ॥ ঐ
সুখে চাউরগ্যা পেট ভরি ভাত হাইত ক্যা ন পারি
আশে হাইলে ইরি বোরো- ত্রি-ফসলা চাষ
অধিক শ্রমে দ্বিগুণ ফসল ফলাই বার মাস
পোয়াদুয়া আটবারমাস-গরের পরের মজুরী
সুখে চাউরগ্যা পেট ভরি ভাত হাইত ক্যা ন পারি ॥
মনত আছিল সুখে থাইক্ক্যুম হাইউম লইউম বেশ
আর ন থাইব শোষণ পীড়ন স্বাধীন হইয়ে দেশ
এহন জোর জুলুম বা’ড়ী গেইয়ে বেশ চোরে গরের সর্দারী
সুখে চাউরগ্যা পেট ভরি ভাত..
অউসের পোষাক লইত ন পাইল্লাম আর জনমত
দিত ন পাইল্লাম মনত উডে পান বৌয়ের পিন্দনত
এ্যাই কথা উডিলে মনত মনে কয়দে কেন গরি ॥ ঐ
সুগে চাউরগ্যা পেটভরি ভাত হাইত ক্যা ন পারি ॥
![]()









