
সারাদেশে ভূমির নামজারির জন্য সরকারি ফি ১ হাজার ১৭০ টাকা। কিন্তু পিরোজপুরের নাজিরপুরের সহকারী কমিশনার (ভূমি) খরচ বাবদ ৬ হাজার টাকা বেঁধে দিয়েছেন। এ বিষয়ে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাদের সঙ্গে এক সভার নির্দেশনামূলক বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
এদিকে এসিল্যান্ড গণমাধ্যমকে বলেন, সভায় ‘এমন আলোচনা হয়নি, এটা দুঃখজনক’ দাবি করলেও পিরোজপুরের জেলা প্রশাসন তদন্ত কমিটি গঠন করেছে ও উপজেলা প্রশাসন কারণ দর্শানোর নোটিশ দিয়েছে।
বৈঠকে অংশগ্রহণকারী একাধিক কর্মকর্তা জানান, গত জুলাইয়ে নাজিরপুর উপজেলার ইউনিয়ন পর্যায়ের ভূমি সহকারী কর্মকর্তাদের নিয়ে বৈঠক করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান। সেখানে তিনি ভূমি সহকারী কর্মকর্তাদের সামনে ‘নামজারির খরচ’ নিয়ে নির্দেশনামূলক বক্তব্য দেন।
জানা যায়, জমি খারিজ বা নামজারি করতে সরকার নির্ধারিত খরচ ১ হাজার ১৭০ টাকা হলেও নাজিরপুরের বিভিন্ন ইউনিয়ন ভূমি কার্যালয়গুলোর তহশিলদাররা দলিল ভেদে নেন ৫ হাজার থেকে ১৮ হাজার টাকা। পর্যন্ত অথচ নামজারির আবেদনের জন্য কোর্ট ফি ২০ টাকা, নোটিশ জারি ফি ৫০ টাকা, রেকর্ড সংশোধন বা হালকরণ ফি ১ হাজার টাকা ও প্রতি কপি মিউটেশন খতিয়ান সরবরাহ বাবদ ১০০ টাকার বাইরে আর কোনো খরচ নেই। তবে চাহিদা অনুযায়ী ঘুষ না দিলে ভূমি কার্যালয় থেকে জমির নামজারি করতে পারেন না বলে অভিযোগ আছে অনেকেরই এমনকি ভুক্তভোগীরা আরও জানান, জমির খাজনা (দাখিলা) দেওয়ার জন্য গেলেও ইউনিয়ন ভূমি অফিসে দিতে হয় ঘুষ।
ভাইরাল হওয়া অডিওতে একজনকে বলতে শোনা যায়, এখন আমাকে পরিষ্কার করে একটি বিষয় আপনাদের অবগত করতে হবে, আমি ইউএনও স্যারের চাপে আছি। ধরেন, আমার অফিস থেকে নামজারিতে অতিরিক্ত আদায় বন্ধ করা হলো। আপনারা পার কেসে যে ডিল করেন। এটা আপনারা নিশ্চিত করবেন কীভাবে যে আপনারা টাকা নিচ্ছেন না। আপনাদের মতামত শুনি। আপনারা কী চান। কত করে নেওয়া হোক?
অভিযুক্ত মাসুদুর রহমান ভাইরাল হওয়া সেই অডিও সম্পর্কে বলেন, তাদের সঙ্গে আমার এমন কোনো বিষয়ে আলোচনা হয়নি। এছাড়া এখানে খাসজমি উদ্ধারসহ কিছু কার্যক্রম বন্ধ ছিল। সেই কার্যক্রমগুলো শুরু করতে গিয়ে দেখি যে বিভিন্ন ধরনের রোষানলের শিকার হচ্ছি।
নাজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সঞ্জীব দাশ বলেন, অডিওর বিষয়টি একদিন আগে জেনেছি। অভিযোগটি গুরুতর। এসিল্যান্ডকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। একই সঙ্গে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে। তদন্ত করে অভিযোগের সত্যতা পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে।
পিরোজপুরের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ জাহেদুর রহমান বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
![]()









