- - -

চট্টগ্রামে কলেরা টিকা শুরু আজ

Print News

চট্টগ্রামে আজ রবিবার থেকে ডায়রিয়াজনিত রোগ কলেরা নিয়ন্ত্রণে চট্টগ্রামে টিকা কর্মসূচি শুরু হচ্ছে। চলবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত। চট্টগ্রাম নগরের ৩৮নং দক্ষিণ মধ্যম হালিশহর ও ৩৯নং দক্ষিণ হালিশহর ওয়ার্ডে টিকা কর্মসূচি চলবে।
জানা যায়, আন্তর্জাতিক উদারাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআরবি) উদ্যোগে প্র্রাথমিক পর্যায়ে পাইলট প্রকল্পের অধীন চট্টগ্রাম নগরের ৩৮ ও ৩৯ নং ওয়ার্ডে কলেরা টিকা দেয়া হবে। এ দুই ওয়ার্ডে ১ লাখ ৩৫ লাখ মানুষকে ১৭ সেপ্টেম্বর থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত পাঁচ দিনে কলেরা টিকার প্রথম ডোজ খাওয়ানো হবে। দ্বিতীয় ডোজ খাওয়ানো হবে আগামী ৮ থেকে ১২ অক্টোবর।
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের জোনাল মেডিকেল অফিসার ডা. হাসান মুরাদ চৌধুরী বলেন, এক বছরের ঊর্ধে বয়সীদের কলেরা টিকা খাওয়ানো হবে। প্রথম পর্যায়ে নগরের ৩৮ ও ৩৯নং ওয়ার্ডে এ কর্মসূচি চলবে।
পরবর্তীতে নগরীর সবগুলো ওয়ার্ডে চালু করা হবে। টিকা কর্মসূচির জন্য দুই ওয়ার্ডে ৪৫টি স্পট নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ৩৮ নং ওয়ার্ডে ২২টি ও ৩৯ নং ওয়ার্ডে ২৩টি। প্রতিটি কেন্দ্রে পাঁচজন করে কর্মী টিকা কর্মসূচি বাস্তবায়ন কাজে নিয়োজিত থাকবেন।
স্বাস্থ্য অধিদফতরের সংক্রামক রোগ নিয়ন্ত্রণ শাখার (সিডিসি) তত্ত্বাবধানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহায়তায় চট্টগ্রাম সিভিল সার্জন অফিস, চট্টগ্রাম সিটি করপোরোশেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ও আইসিডিডিআর,বি এ কার্যক্রম বাস্তবায়ন করবে। ‘দ্য ভ্যাকসিন অ্যালায়েন্স, গ্যাভি’র আর্থিক সহায়তায় এই টিকাদান উদ্যোগ পরিচালিত হচ্ছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রামের বন্দর থানা এলাকায় কলেরার প্রাদুর্ভাব অনেক বেশি। এই রোগ প্রতিরোধে বন্দর টিলা ও দক্ষিণ হালিশহর এলাকার এক লাখ ৩৫ হাজার মানুষকে টিকা দেওয়া হবে। প্রথম ডোজ কলেরার টিকা দেওয়া হবে ৪৫টি কেন্দ্রে। আগামী অক্টোবর মাসের দ্বিতীয় সপ্তাহে দ্বিতীয় ডোজ টিকা দেওয়ার পরিকল্পনা রয়েছে। এই টিকার দ্বিতীয় ডোজ নিতে হবে কমপক্ষে ১৪ দিন পর। কলেরারে টিকা নেওয়ার ১৪ দিনের মধ্যে অন্য কোনও টিকা নেওয়া যাবে না।
স্বাস্থ্য অধিদফতর জানায়, কলেরা একটি ডায়রিয়া জাতীয় খাদ্য ও পানিবাহিত রোগ। এর প্রাদুর্ভাব গঙ্গা বদ্বীপ থেকে শুরু করে ইউরোপ ও আমেরিকা পর্যন্ত বিস্তৃত। নিরাপদ পানি ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থার অপ্রতুলতা কলেরার প্রাদুর্ভাবের জন্য বিশেষভাবে দায়ী। এটি দেহে দ্রুত পানিশূন্যতার সৃষ্টি করে। সময়মতো চিকিৎসা না পেলে রোগীর মৃত্যু পর্যন্ত হতে পারে। প্রতি বছর পৃথিবীতে প্রায় ১৩ থেকে ৪০ লাখ মানুষ কলেরায় আক্রান্ত হয়। বাংলাদেশসহ আটটি উন্নয়নশীল দেশে বছরে এ রোগে আক্রান্ত হয় প্রায় এক লাখেরও বেশি মানুষ।
আইসিডিডিআর,বি ও অন্যান্য সহযোগীদের সঙ্গে বাংলাদেশের জন্য কলেরা নিয়ন্ত্রণ পরিকল্পনা ২০১৯-২০৩০ বাস্তবায়ন করছে স্বাস্থ্য অধিদফতরের রোগ নিয়ন্ত্রণ শাখা। এরই ধারাবাহিকতায় ২০২০ ও ২০২২ সালে কলেরা টিকাদান কর্মসূচির মাধ্যমে ঢাকার ৩৫ লাখেরও বেশি মানুষকে কলেরা টিকা দেওয়া হয়।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa