
উত্তরপ্রদেশের লখনউয়ে স্পেশাল টাস্ক ফোর্সের হাতে গ্রেফতার ৪ জঙ্গি
ভারতের উত্তরপ্রদেশের লখউয়ে জঙ্গি হামলার ছক। যদিও তা বাস্তায়নের আগেই স্পেশাল টাস্ক ফোর্সের হাতে গ্রেফতার ৪ জঙ্গি। সন্দেহভাজন এই জঙ্গির ২ জনের বাড়ি মিরাট ও বাকি ২ জন নয়ডার বাসিন্দা। তদন্তকারীদের দাবি, এই ৪ জনের পাকিস্তানের সঙ্গে যোগ রয়েছে। সেখান থেকে আসা নির্দেশ মেনেই লখনউয়ের চারবাগে বিস্ফোরণের ছক কষছিল এরা। পুলিশের তরফে জানা গেছে, গ্রেফতার হওয়া ৪ জন সাকিব ওরফে ডেভিড (২৫), আরবাব (২০), বিকাশ গেহলওয়াত ওরফে রৌনক (২৭) এবং লোকেশ ওরফে পোপলা পন্ডিত (১৯)। দাবি করা হয়েছে, অভিযুক্তরা অগ্নিসংযোগ বা বিস্ফোরণ মাধ্যমে লখনউ রেললাইনের সিগন্যাল ও সম্পত্তি নষ্টের ষড়যন্ত্র করেছিল। এর জন্য লখনউতে জড়ো হয়েছিল অভিযুক্তরা। গোপন সূত্রে খবর পেয়েই তল্লাশি অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেফতার করে পুলিশ। সন্দেহভাজনদের কাছ থেকে একটি দাহ্য পদার্থে ভরা ক্যান, ৭টি স্মার্ট ফোন, ২৪টি প্রম্পপ্লেট ও আধার কার্ড উদ্ধার করা হয়েছে। এর মধ্যে মূল অভিযুক্ত পেশায় একজন নাপিত। এটিএসের তরফে জানা গেছে, সন্দেহভাজন অভিযুক্তরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পাকিস্তানি হ্যান্ডেলার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখত। এই গোটা চক্রের উদ্দেশ্য ছিল দেশের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ও রাজনৈতিক ব্যক্তিত্বদের উপর নজরদারির মাধ্যমে প্রাপ্ত তথ্য পাকিস্তান পাঠানো। গ্রেফতার হওয়া লোকেশকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে এর আগে একাধিক জায়গায় অগ্নিসংযোগ ঘটিয়েছে সে। এবং সে ঘটনার ভিডিও করে পাকিস্তানে পাঠিয়েছে। বিনিময়ে কিউআর কোডের মাধ্যমে টাকা এসেছে তার কাছে।
![]()









