- - -

অন্ধ্রপ্রদেশে লরির সঙ্গে ধাক্কায় আগুন ধরে গেল বাসে, ঝলসে মৃত্যু ১৪ জনের

Print News

অন্ধ্রপ্রদেশে লরির সঙ্গে ধাক্কায় আগুন ধরে গেল বাসে, ঝলসে মৃত্যু ১৪ জনের

 

ভারতের অন্ধ্রপ্রদেশে যাত্রীবাহী বাসে আগুন। বৃহস্পতিবার (২৬ মার্চ ) সকালে রাজ্যের মার্কাপুরম জেলায় লরির সঙ্গে মুখোমুখি ধাক্কায় আগুন ধরে গেল বাসে। যাত্রীদের অনেকেই নামার সুযোগ পেলেন না। বাসের ভিতরে আটকে ঝলসে মৃত্যু হল অন্তত পক্ষে ১৪ জনের। আহত আরও ২৩ জন। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশংকাজনক। মার্কাপুরমের ডেপুটি পুলিশ সুপার নাগরাজু সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, ” অন্ততপক্ষে ৮ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। ১৮ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ” তবে স্থানীয় সূত্রের খবর, অন্ততপক্ষে ১৪ জনের মৃত্যু হয়েছে। মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে ও বলে আশংকা করা হচ্ছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বৃহস্পতিবার (২৬ মার্চ ) সকাল ৬ টায় তেলেঙ্গানার নির্মল থেকে অন্ধ্রের নেল্লোরে যাচ্ছিল বাসটি। মার্কাপুরমের কাছে একটি লরির সঙ্গে সেটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর মুহুর্তেই বাসে আগুন লেগে যায়। যাত্রীরা ভিতরে আটকে পড়েন। অনেকে বাসের জানালার কাচ ভেঙে বেরিয়ে আসতে পারলেও সেই মুহূর্তে সকলকে উদ্ধার করা সম্ভব হয়নি। বাসের আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ভিতরেই ঝলসে মৃত্যু হয় অনেকের। স্থানীয়রাই প্রথমে উদ্ধার কাজে হাত লাগান। তারপর পুলিশ এবং দমকল এসে উদ্ধার কাজ শুরু করে। এই দুর্ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন অন্ধ্রের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। জেলা প্রশাসনকে পুরো পরিস্থিতির উপর নজর রাখতে নির্দেশ দিয়েছেন। আহতদের যাতে চিকিৎসার সবরকম ব্যবস্থা করা হয়, তারও নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি, এই দুর্ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করতে হবে বলেও জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa