
গুরুগ্রামে ত্রিপুরার তরুণীর যৌনাঙ্গে আগুন ! গ্রেফতার অভিযুক্ত প্রেমিক
বিয়ের প্রতিশ্রুতি দিয়ে লিভ- ইন পার্টনারের ওপর পৈশাচিক মধ্যযুগীয় কায়দায় অত্যাচার চালানোর অভিযোগ উঠল ১৯ বছর বয়সী এক যুবকের বিরুদ্ধে। বর্তমানে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন ত্রিপুরার বাসিন্দা ওই তরুণী। ত্রিপুরার তরুণী পড়াশোনার সূত্রে হরিয়ানা রাজ্যের গুরুগ্রামে থাকতেন। ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে একটি অনলাইন ডেটিং অ্যাপের মাধ্যমে দিল্লির বাসিন্দা অভিযুক্ত যুবকের সঙ্গে তাঁর পরিচয় হয়। অল্প দিনেই সম্পর্ক গড়ায় প্রেমে। পরিবারের অমতেই তাঁরা গুরুগ্রামে একসঙ্গে থাকতে শুরু করেন। ২ পরিবারের মধ্যে বিয়ের আলাপ চললেও মূল বিবাদ শুরু হয় যুবকের অনাগ্রহ নিয়ে। অভিযোগ অনুযায়ী, গত ৩ দিন ধরে তরুণীর ওপর নরকীয় অত্যাচার চালিয়েছে অভিযুক্ত যুবক। বিয়ে প্রসঙ্গ তুলতেই শুরু হয় বচসা, যা থেকে উন্মত্ত হয়ে ওঠে সে। নির্যাতিতার অভিযোগ, তরুণীর যৌনাঙ্গে স্যানিটাইজার ঢেলে আগুন ধরিয়ে দেয় ও ধারালো ছুরি দিয়ে খুনের চেষ্টা এবং ধর্ষণের অভিযোগ ও দায়ের করা হয়েছে। গুরুগ্রামের ডিসিপি হিতেশ যাদব জানিয়েছেন, তরুণীর অবস্থা অত্যন্ত আশংকাজনক। প্রথমে স্থানীয় সরকারি হাসপাতালে নেওয়া হলে অবস্থার অবনতি হওয়ায় তাঁকে দিল্লির এইমস এবং পরবর্তীকালে সফদরজং হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। মেডিক্যাল রিপোর্টে তাঁর শরীরে একাধিক গুরুতর ও নৃশংস আঘাতের চিহ্ন মিলেছে। নির্যাতিতার মা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, তাঁর মেয়ে যে লিভ-ইন সম্পর্কে ছিল তা তারা জানতেন না। তিনি অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা রুজু করে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে। বর্তমানে সে বিচার বিভাগীয় হেফাজতে রয়েছে।
![]()









