
ময়মনসিংহে নির্বাচন ডিউটি শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা: সেনা সদস্যসহ নিহত ৩, আহত বহু
ময়মনসিংহে নির্বাচন ডিউটি শেষ করে ক্যান্টনমেন্টে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় এক সেনা সদস্যসহ অন্তত ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে।
আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে জেলার ফুলবাড়িয়া এলাকায় একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সেনাবাহিনীর গাড়ির সংঘর্ষ হলে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, সকালে পিরিজপুর বাজার এলাকা দিয়ে সেনাবাহিনীর কয়েকটি গাড়ি ময়মনসিংহের দিকে যেতে দেখা যায়। পরে ফুলবাড়িয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
দুর্ঘটনায় ঘটনাস্থলেই ৩ জনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে একজন সেনা সদস্য রয়েছেন বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। আহতদের দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালসহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ পরিচালনা করেন। দুর্ঘটনার পর সড়কে কিছু সময়ের জন্য যানবাহল চলাচল বন্ধ থাকে।
দুর্ঘটনার সঠিক কারণ জানতে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। নিহতদের পরিচয় নিশ্চিত করার প্রক্রিয়া চলছে।
![]()









