
বিহারে খোলা জায়গায় মাংস বিক্রি নিষিদ্ধ
এবার থেকে ভারতের বিহার রাজ্যে ও খোলা জায়গায় মাংস বিক্রি করা যাবে না। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারী ) বিহারের নগর উন্নয়ন ও আবাস বিভাগের পক্ষ থেকে এই নিয়ে কড়া নির্দেশিকা জারি করা হয়েছে। স্বাস্থ্যবিধি রক্ষা এবং জনমানসের অনুভূতির কথা মাথায় রেখেই এই বড় সিদ্ধান্ত বলে জানিয়েছেন সরকার। বিহারের উপ- মুখ্যমন্ত্রী বিজয় সিনহা আগেই বিধানসভায় এই সিদ্ধান্তের আভাস দিয়েছিলেন। এদিন নির্দেশিকা জারি হবার পর তিনি স্পষ্ট জানান, কোনো অবস্থাতেই আর খোলা জায়গায় মাংস বিক্রির অনুমতি দেওয়া হবে না। নিয়ম লঙ্ঘন করলে ৫ হাজার টাকা পর্যন্ত জরিমানার মুখে পড়তে হবে বিক্রেতাদের। এছাড়া মাংস বিক্রির জন্য সমস্ত দোকানদারের লাইসেন্স থাকা এখন থেকে বাধ্যতামূলক। সরকারি নির্দেশিকা অনুযায়ী, শুধুমাত্র লাইসেন্স থাকলেই চলবে না, মাংস বিক্রির ক্ষেত্রে মানতে হবে বেশ কিছু বিশেষ নিয়ম। সেগুলি হল, দোকানের সামনে পর্দা বা কালো কাচ ব্যবহার করতে হবে, যাতে বাইরে থেকে কোনওভাবেই মাংস কাটার দৃশ্য সাধারণ মানুষের চোখে না পড়ে। কোনও স্কুল বা ধৰ্মীয় স্থানের আশেপাশে মাংসের দোকান খোলা যাবে না। এই নিয়ম ভাঙলে সরাসরি দোকান বন্ধ করে দেবে প্রশাসন। রাস্তার ধারে বা যততত্র মাংসের বর্জ্য ফেলা যাবে না। বিক্রেতাদের নির্দিষ্ট জায়গায় বর্জ্য জমা রাখতে হবে যাতে পুরসভার কর্মীরা তা সহজে সংগ্রহ করতে পারেন। রাস্তার ধারে মাংস ঝুলিয়ে প্রদর্শন করা বা বিক্রি করা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। রাজ্য সরকারের এই পদক্ষেপের ফলে বিহারের মাংস বিক্রেতাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিলেও, প্রশাসনিকভাবে এই নিয়ম কঠোরভাবে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।
![]()









