
ছত্তীশগড়ে স্পন্জ আয়রন কারখানায় ভয়াবহ বিস্ফোরণে ৬ জন শ্রমিকের মৃত্যু
ভারতের ছত্তীশগড়ের একটি স্পন্জ আয়রন কারখানায় ভয়াবহ বিস্ফোরণ হয়। সেই ঘটনায় ৬ শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৫ শ্রমিক। তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি ) ঘটনাটি ঘটেছে রাজ্যের বলোদাবাজা- ভাটাপাড়া জেলায়। প্রাথমিক তদন্তে জানা গেছে, কারখানার ডাস্ট সেটলির চেম্বার (ডিএসসি) এ বিস্ফোরণ হয়। তার জেরে গলিত লোহা ছিটকে পড়ে শ্রমিকদের উপর। ঘটনাস্থলেই ঝলসে মৃত্যু হয় ৬ শ্রমিকের। আহত হন আরও ৫ শ্রমিক। খবর পেয়েই ঘটনাস্থলে যায় পুলিশ এবং উদ্ধারকারী দল। স্বাস্থ্য মন্ত্রী শ্যামবিহারী জয়সওয়াল আহতদের সবরকম চিকিৎসার ব্যবস্থা করতে জেলাশাসককে নির্দেশ দিয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এদিন সকালে ডিএসসি ইউনিটে কাজ করছিলেন। সেখানে মূলত লোহার গুঁড়ো গলানো হয়। সেই চেম্বার হঠাৎ ফেটে যায়। বিকট শব্দ শুনে কারখানায় হুলস্হল পড়ে যায়। শ্রমিকরা আতংকে কারখানার বাইরে বেরিয়ে আসেন। কিন্তু কিভাবে চেম্বারে বিস্ফোরণ হয়, কারও কোন ও গাফিলতি ছিল, নাকি যান্ত্রিক ক্রুটি কারণে এই দুর্ঘটনা তা খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে।
![]()









