
পশ্চিমবঙ্গে মত্ত হাতির তান্ডবে ২ জন নিহত
২০ লিটার হাড়িয়া খেয়ে মত্ত অবস্থায় লোকালয়ে তান্ডব চালায় এক হাতি। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর ) এই ভয়াবহ ঘটনাটি ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গের জটেশ্বর বাজার ও পূর্ব ব্যাংকান্দি এলাকায়। হাতির আক্রমণে প্রথমেই প্রাণ হারিয়েছেন পবিত্র রায় নামে এক স্থানীয় বাসিন্দার। পরে রাতের দিকে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় জবা বর্মন (৪৫) নামে আহত এক মহিলার। স্থানীয় সূত্রে প্রকাশ, হাড়িয়া খেয়ে নেশাগ্রস্ত হাতিটি প্রথমে পূর্ব ব্যাংকান্দি এলাকায় হামলা চালায়। সেখানে পবিত্র রায় নামে এক ব্যক্তিকে আছড়ে মেরে ফেলে সে। এরপর হাতিটি ধূলাগাঁওয়ে তান্ডব শুরু করে। সেখানে জবা বর্মন নামে এক গৃহবধূকে শুঁড়ে পেঁচিয়ে প্রায় ৫০০ মিটার রাস্তা টেনে হিঁচড়ে নিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় জবা দেবীকে উদ্ধার করে পরিবারের সদস্যরা শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় ওই গৃহবধূর। মত্ত হাতির এই তান্ডবে গোটা এলাকায় আতংকের সৃষ্টি হয়েছে।
![]()









