- - -

বিবাহ বিচ্ছেদের কারণ : সন্তান কার দায়িত্বে

Print News

বিবাহ বিচ্ছেদের হার দেশে আশঙ্কাজনক হারে বাড়ছে। এক বছরের ব্যবধানে বিচ্ছেদের হার বেড়ে দ্বিগুণ হয়েছে। ২০২২ সালে দেশে তালাকের হার ছিল প্রতি হাজারে ১ দশমিক ৪। আর ২০২১ সালে এই হার ছিল প্রতি হাজারে ০ দশমিক ৭।
গ্রামে তালাকের প্রবণতা বেশি বেড়েছে। গত বছর গ্রামাঞ্চলে প্রতি হাজারে ১ দশমিক ৫টি আর শহরে হাজারে ১টি বিয়ে বিচ্ছেদের ঘটনা ঘটেছে। ডেমোগ্রাফি অ্যান্ড হেলথ উইংয়ের উপপরিচালক মো. আলমগীর হোসেন এসব তথ্য দিয়েছেন।
অনেক সময় বাবা–মায়ের বিচ্ছেদের সবচেয়ে বড় ভুক্তভোগী হয় সন্তান। অপ্রাপ্তবয়স্ক সন্তানের প্রাথমিক আশ্রয় হয় দাদা–দাদি অথবা নানা–নানি। এরপর শুরু হয় অভিভাবকত্ব নিয়ে রশি টানাটানি। সন্তান বাবা নাকি মায়ের কাছে থাকবে—এ নিয়ে বিরোধ শেষ পর্যন্ত আদালতে গড়ায়। সম্প্রতি হাইকোর্টে জাপানি মা ও বাংলাদেশি বাবার মধ্যে তাঁদের তিন সন্তানের অভিভাবকত্ব নিয়ে চলা মামলা সারা দেশে আলোচিত হয়েছে।
মুসলিম পারিবারিক আইন অনুযায়ী, বাবা অপ্রাপ্তবয়স্ক সন্তানের আইনত অভিভাবক। মা হচ্ছেন সন্তানের তত্ত্বাবধায়ক বা জিম্মাদার। নাবালক সন্তানের কল্যাণের বিষয়টি চিন্তা করে দেশে প্রচলিত মুসলিম আইন অনুযায়ী, মাকে নির্দিষ্ট বয়স পর্যন্ত সন্তানের জিম্মাদারির অধিকার দেওয়া হয়েছে। ছেলে শিশুকে ৭ বছর এবং মেয়ে শিশুকে তার বয়ঃসন্ধিকাল পর্যন্ত মা জিম্মায় রাখার অধিকারী।
তবে নাবালক সন্তান যারই তত্ত্বাবধানে থাকুক না কেন, সন্তানের খোঁজখবর নেওয়া, দেখাশোনা এবং ভরণপোষণের দায়িত্ব কিন্তু অভিভাবক হিসেবে বাবার।
সন্তানের ভালোর জন্য যদি তাকে মায়ের জিম্মায় আরও বেশি সময় রাখার প্রয়োজন হয়, সে ক্ষেত্রে আইন নির্ধারিত বয়সসীমার পরও মা সন্তানকে নিজের কাছে রাখতে পারবেন। তবে এ জন্য ক্ষেত্রবিশেষে আদালতের অনুমতির প্রয়োজন হতে পারে।
দম্পতির বিচ্ছেদের পরে সন্তানের অভিভাবকত্ব ও তত্ত্বাবধান নিয়ে বিরোধ দেখা দিলে পারিবারিক আদালতে আশ্রয় নেওয়া যাবে। পারিবারিক আদালত তখন আইন অনুযায়ী সিদ্ধান্ত নেবে, সন্তান কার কাছে থাকবে। তবে আইনের পাশাপাশি আদালতের ক্ষমতা রয়েছে সন্তানের কল্যাণের দিকটি বিবেচনা করা।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa