
সাতক্ষীরা দেবহাটায় নিম্নমানের সড়ক নির্মাণে কাজ বন্ধের নির্দেশ
সাতক্ষীরার দেবহাটায় রূপসী ম্যানগ্রোভ (মিনি সুন্দরবন) যাওয়ার সড়কে নিম্নমানের কার্পেটিং কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। শনিবার ছুটির দিনে সুশীলগাতী-শিবনগর সড়কে কাজ চলার সময় স্থানীয়দের বাধায় ঠিকাদার ও এলজিইডির কর্মকর্তারা স্থান ত্যাগ করেন।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিলন সাহা ঘটনাস্থলে গিয়ে অনিয়মের প্রমাণ পান এবং কাজ বন্ধের নির্দেশ দেন। স্থানীয়দের অভিযোগ, নিম্নমানের পিচ, অসম্পূর্ণ রুলারিং ও নোংরা উপকরণ ব্যবহার করায় কার্পেটিং জুতার সঙ্গে উঠে আসছে।
রাস্তার কাজটি ফয়সাল হোসেনের ঠিকাদারি প্রতিষ্ঠান হাতে নিয়েছিল। এলাকাবাসী অভিযোগ করেছেন, বারবার অনিয়ম ধরা পড়লেও এলজিইডি কর্মকর্তারা ব্যবস্থা নিচ্ছেন না।
ইউএনও মিলন সাহা বলেন, “রাস্তার কাজে অনিয়ম পাওয়া গেছে। এটি গুরুত্বপূর্ণ সড়ক হওয়ায় নিয়ম মেনে কাজ সম্পন্নের নির্দেশ দেওয়া হয়েছে। কোনো অনিয়ম বরদাস্ত করা হবে না।”
![]()









