
সাতক্ষীরা ক্ষুদ্রঋণের ফাঁদে গ্রামীণ অর্থনীতি: সমবায় সমিতির দৌরাত্ম্য
বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সীমান্তবর্তী জেলা সাতক্ষীরা। সুন্দরবন, মাছ, চিংড়ি এবং কৃষিকাজের জন্য খ্যাত এই জেলা যেমন প্রাকৃতিক সৌন্দর্যের এক অনন্য ভান্ডার, তেমনি দুর্যোগ ও দারিদ্র্যের জন্যও আলোচনায় থাকে প্রায়শই। ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, লবণাক্ততা ও নদীভাঙনের মতো প্রাকৃতিক বিপর্যয় এই জেলার মানুষকে বারবার বিপর্যস্ত করেছে। এর সঙ্গে যুক্ত হয়েছে কর্মসংস্থানের সংকট ও অর্থনৈতিক অনিশ্চয়তা।
ফলে সাধারণ মানুষ টিকে থাকার লড়াই চালাতে গিয়ে বারবার ঋণের দিকে ঝুঁকছে। আর এই সুযোগকে কাজে লাগিয়ে সাতক্ষীরায় মাশরুম-এর মতো গজিয়ে উঠেছে অসংখ্য ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠান ও নিবন্ধনবিহীন সমবায় সমিতি। প্রথমে এসব সমিতি ও প্রতিষ্ঠানকে মানুষ দেখেছিল আশার আলো হিসেবে। তারা ভেবেছিলÑএখান থেকে সঞ্চয়ের নিরাপত্তা মিলবে, প্রয়োজনের সময় সুদে-বিহীন বা অন্তত সহনীয় সুদে ঋণ পাওয়া যাবে, আর্থিকভাবে তারা একটু ঘুরে দাঁড়াতে পারবে। কিন্তু বাস্তবে ঘটেছে উল্টো।
সামান্য ঋণের বিনিময়ে গ্রামীণ দরিদ্র মানুষ পড়ছে অসহনীয় সুদের ফাঁদে। কিস্তির বোঝা, মানসিক চাপ, সামাজিক অস্থিরতা এমনকি আত্মহত্যার ঘটনাও ঘটছে এই ঋণের দায়ে। সাতক্ষীরার আশাশুনি, কালিগঞ্জ, শ্যামনগর, দেবহাটা থেকে শুরু করে প্রত্যন্ত গ্রামের অলিগলিতে সমবায় সমিতির দৌরাত্ম্য চোখে পড়ার মতো। এদের বড় একটি অংশের নেই সরকারি নিবন্ধন, নেই কোনো সঠিক নীতিমালা।
ফলে আইনকানুনের বাইরে থেকে তারা যা খুশি তাই করছে। স্থানীয় মানুষজন জানাচ্ছেন, অনেক সময় এই সমিতিগুলো প্রভাবশালী ব্যক্তি বা রাজনৈতিক ছত্রছায়ায় পরিচালিত হয়। ফলে সাধারণ ভুক্তভোগীরা অভিযোগ করলেও প্রতিকার পান না। ক্ষুদ্রঋণের নামে শোষণ প্রক্রিয়া খুবই কৌশলী। যেমনÑএকজন দিনমজুর বা ক্ষুদ্র কৃষক যদি ২০ হাজার টাকা ঋণ চান, তাকে প্রথমেই বাধ্য করা হয় নির্দিষ্ট পরিমাণ সঞ্চয় জমা দিতে।
তারপর তাকে ২০ হাজার টাকা ঋণ দেওয়া হলেও সুদের হার হয় ৩০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত। ঋণগ্রহীতাকে সপ্তাহে সপ্তাহে কিস্তি পরিশোধ করতে হয়। কিস্তি দিতে দেরি হলে সমিতির কর্মীরা বাড়িতে গিয়ে অপমান করে, গালিগালাজ করে, কখনো কখনো আসবাবপত্র পর্যন্ত বাজেয়াপ্ত করে নিয়ে যায়। আশাশুনির মানিকখালী গ্রামের শ্রমজীবী ঋণগ্রহিতার অভিজ্ঞতা এ ক্ষেত্রে একটি নির্মম উদাহরণ।
তিনি ১৫ হাজার টাকা ঋণ নিয়েছিলেন। কিস্তি দিতে না পারায় এক সপ্তাহের মধ্যে সমিতির লোকজন তাঁর বাড়ি থেকে চেয়ার-টেবিল পর্যন্ত নিয়ে যায়। এভাবে গ্রামীণ মানুষের অন্ন-বস্ত্রের টানাপোড়েনের মধ্যে এই সমিতিগুলোর চাপ তাদের জীবনকে আরও দুর্বিষহ করে তুলছে। কৃষক কিস্তির চাপে জমি বিক্রি করছে, মৎস্যজীবী জাল বিক্রি করছে, দিনমজুর আবার নতুন ঋণ নিচ্ছে পুরোনো ঋণ শোধ করতে।
ফলে দারিদ্র্য থেকে মুক্তি পাওয়ার বদলে মানুষ আরও গভীর ফাঁদে পড়ছে। প্রশ্ন আসে, এই অনিয়ম ঠেকাতে প্রশাসন কী করছে? সরকারি আইন অনুযায়ী, সমবায় সমিতি পরিচালনার জন্য জেলা সমবায় অফিস থেকে নিবন্ধন নিতে হয়। সমবায় অধিদপ্তরের দায়িত্ব রয়েছে নিয়মিত তদারকি করার। কিন্তু বাস্তবে দেখা যায়, প্রশাসন কার্যত নিষ্ক্রিয়। অনেক সময় তারা দেখেও না দেখার ভান করে।
এমনকি কিছু ক্ষেত্রে স্থানীয় ক্ষমতাশালী ব্যক্তির প্রভাবে এসব সমিতি প্রশাসনিক জবাবদিহিতা থেকেও রেহাই পেয়ে যায়। ফলে মানুষের কাছে এসব সমিতি হয়ে উঠেছে এক ধরনের অঘোষিত সুদখোর প্রতিষ্ঠান। এই শোষণের সামাজিক ও অর্থনৈতিক প্রভাব ভয়াবহ। ঋণের চাপ পারিবারিক কলহ বাড়াচ্ছে, স্বামী–স্ত্রীর সম্পর্ক ভেঙে দিচ্ছে, শিশুরা স্কুল থেকে ঝরে পড়ছে।
অনেক ক্ষেত্রে নারী সদস্যদের ওপর সমিতির চাপ আরও বেশি, কারণ তারা গৃহস্থালির জিনিসপত্র বন্ধক রেখে ঋণ শোধ করতে বাধ্য হয়। সামাজিক গবেষণায় দেখা গেছে, ক্ষুদ্রঋণ কার্যক্রম যদি স্বচ্ছ না হয়, তবে তা দারিদ্র্য বিমোচনের বদলে দারিদ্র্যকেই দীর্ঘস্থায়ী করে তোলে। সাতক্ষীরার বিভিন্ন এলাকায় রূপা, বরষা, প্রগতি ও বনলতা নামের নিবন্ধনবিহীন সমবায় সমিতি ও এনজিও গ্রাহকদের কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে।
সহজ ঋণ ও উচ্চ মুনাফার প্রলোভনে হাজারো মানুষ এই প্রতিষ্ঠানগুলোতে সঞ্চয় করেছিলেন। পরে প্রতিষ্ঠানগুলোর মালিকপক্ষ গা-ঢাকা দিলে সাধারণ গ্রাহকরা পথে বসেন। ক্ষতিগ্রস্তরা অভিযোগ করেছেন, প্রতিষ্ঠানগুলো স্থানীয়ভাবে প্রভাবশালী ব্যক্তিদের ছত্রচ্ছায়ায় চলত। প্রশাসনের তৎপরতার অভাবে প্রতারণার শিকার হয়ে গ্রাহকরা টাকা ফেরত পাচ্ছেন না।
বিশেষজ্ঞদের মতে, এ ধরনের নিবন্ধনবিহীন সমিতি ও ভুয়া এনজিওর কার্যক্রম বন্ধে কঠোর নজরদারি জরুরি। একই সঙ্গে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে কার্যকর উদ্যোগ নিতে হবে। সাতক্ষীরার বাস্তবতায় সেটিই ঘটছে। তবে সমস্যার সমাধান আছে। প্রথমত, প্রশাসনের দায়িত্বশীল ভূমিকা নিতে হবে। নিবন্ধনবিহীন সমবায় সমিতি দ্রুত বন্ধ করতে হবে। একইসঙ্গে অনুমোদিত সমবায়গুলোকেও নিয়মিত তদারকি করতে হবে।
দ্বিতীয়ত, দরকার বিকল্প ঋণব্যবস্থা। কৃষি ব্যাংক, পল্লী সঞ্চয় ব্যাংক, এনজিওভিত্তিক মাইক্রোফাইন্যান্স প্রতিষ্ঠানগুলোকে আরও সহজ শর্তে কৃষক ও শ্রমজীবী মানুষের জন্য ঋণপ্রদানের ব্যবস্থা করতে হবে। তৃতীয়ত, গ্রামীণ মানুষকে সচেতন করতে হবে। তাদের বুঝতে হবেÑঅবৈধ সমিতির ঝুঁকি কতটা ভয়ংকর। চতুর্থত, ভুক্তভোগীদের অধিকার রক্ষায় আইনি সহায়তা সহজ করতে হবে।
সঞ্চয়ের টাকা ফেরত পাওয়ার প্রক্রিয়া সহজ না হলে মানুষ কোনো প্রতিকার পাবেন না। আন্তর্জাতিক অভিজ্ঞতাও বলছে, ক্ষুদ্রঋণ সঠিকভাবে ব্যবহৃত হলে দারিদ্র্য বিমোচনে কার্যকর ভূমিকা রাখতে পারে। কিন্তু সেই মডেলকে বিকৃত করে যদি অস্বচ্ছ ও শোষণমূলক ঋণব্যবস্থা চালু হয়, তবে তা আশীর্বাদ নয়, অভিশাপ হয়ে দাঁড়ায়। আজ সাতক্ষীরার চিত্র আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছেÑআর্থিক শোষণ কতটা মারাত্মক হতে পারে।
দরিদ্র মানুষের সংগ্রামকে যদি আমরা সম্মান জানাতে চাই, তবে নিবন্ধনবিহীন সমবায় সমিতি বন্ধ করতে হবে, ক্ষুদ্রঋণের সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে। দমনমূলক পদক্ষেপ নয়, দরকার টেকসই সমাধান। প্রশাসন, জনপ্রতিনিধি, এনজিও, ব্যাংক এবং সচেতন নাগরিক সমাজÑসবাইকে একসঙ্গে এগিয়ে আসতে হবে।অন্যথায়, সাতক্ষীরার মতো সীমান্তবর্তী অঞ্চলগুলো ধীরে ধীরে ঋণের ফাঁদে জর্জরিত হয়ে অর্থনৈতিকভাবে অচল হয়ে পড়বে।
মানুষের আশা-আকাক্সক্ষা ভেঙে পড়বে, সমাজে বাড়বে অস্থিরতা। অথচ যদি সঠিক পদক্ষেপ নেওয়া যায়, তবে এই অঞ্চলকে পরিণত করা সম্ভব টেকসই উন্নয়নের মডেল হিসেবে। সাতক্ষীরার মানুষ প্রতিদিন প্রমাণ করছেÑতারা পরিশ্রমী, দৃঢ়সংকল্প ও সংগ্রামী। শুধু দরকার তাদের পাশে সঠিক নীতি ও সুশাসন। তাহলেই ক্ষুদ্রঋণের ফাঁদ ভেঙে মুক্তির পথ তৈরি হবে।
![]()









