
বীর মুক্তিযোদ্ধা শহিদুল হকের স্মরণ সভায় বক্তারা
মুক্তিযুদ্ধ ৭১ বাংলা ও বাঙালির শেষ ঠিকানা
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর কমান্ডের ডেপুটি কমান্ডার ও ডিজিটাল বাংলাদেশ পাবলিসিটি কাউন্সিল এর উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা শহিদুল হক চৌধুরীর মৃত্যুতে এক স্মরণ সভা আজ ১৯ আগস্ট মঙ্গলবার সন্ধ্যায় নগরের বাকলিয়াস্হ একটি কমিউনিটি সেন্টারে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ খুলশী থানা কমান্ডের কমান্ডার ও ডিজিটাল বাংলাদেশ পাবলিসিটি কাউন্সিল এর মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এস এম লিয়াকত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর কমান্ডের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহমদ। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর কমান্ডের ডেপুটি কমান্ডার ও মুক্তিযুদ্ধকালীন হাতীয়ার গ্রুপ কমান্ডার বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ মুহাম্মদ শামসুদ্দিন আহমদ।
সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও মুক্তিযুদ্ধ গবেষক স ম জিয়াউর রহমানের সঞ্চালনায় স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা সৈয়দ রেজাউল করিম, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মোজাম্মেল হোসেন, বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সৈয়দ, বীর মুক্তিযোদ্ধা হাজী মোহাম্মদ ইসমাইল, বীর মুক্তিযোদ্ধা শফিউল আলম, বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাফিজুর রহমান, সাংবাদিক এইচ এম শামীম, পরিবেশ সংগঠক মাসুদ রানা, মানবাধিকার সংগঠক আকতার হোসেন নিজামী, রাজনীতিবিদ মোহাম্মদ ইয়াহিয়া খান।
সভায় বক্তারা বলেন, বীর মুক্তিযোদ্ধা শহিদুল হকরা বাঙালির মুক্তির জন্য জীবনবাজী রেখে ১৯৭১ এ মহান স্বাধীনতা যুদ্ধে অংশ নিয়ে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করেছেন। তাদের স্বপ্ন ছিল অসাম্প্রদায়িক চেতনার মধ্যে দিয়ে বাঙালি জাতীয়তাবাদের মধ্যে দিয়ে বাঙালির মুক্তি এবং স্বাধীন জাতি হিসেবে বিশ্বের মাঝে মাথা উঁচু করে দাঁড়ানো। স্বাধীনতার ৫৪ বছর পরে আবারও পাকিস্তানী পরাজিত শত্রুরা স্বাধীনতা নস্যাৎ করে বাংলাদেশকে ধ্বংস করে পাকিস্তানে ফিরতে চায়। এখন সময় এসেছে ৭১ এর মতো ঐক্যবদ্ধ হয়ে আবারও লড়াই সংগ্রাম করে পাকিস্তানের বংশধরদের প্রতিরোধ গড়ে বাঙালির মহান স্বাধীনতার মূল চেতনাকে প্রতিষ্ঠিত করার।
বক্তারা বলেন, মুক্তিযুদ্ধ ৭১ বাংলা ও বাঙালির একমাত্র শেষ ঠিকানা এবং আত্মপরিচয়। যারা ৭১ এবং মহান স্বাধীনতাকে অস্বীকার করে তারা কখনো বাঙালি হতে পারে না।
আলোচনা শেষে মরহুম বীর মুক্তিযোদ্ধা শহিদুল হক ও ১৯৭১ এর সকল শহীদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
![]()









