
সাতক্ষীরায় জলবায়ু ন্যায্যতায় সাইকেল র্যালী
বিশ্ব জলবায়ু সংকটের প্রেক্ষাপটে ২০২৫ সালের গ্লোবাল ডে অফ অ্যাকশন একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত হয়ে উঠেছে। এই দিনকে কেন্দ্র করে সাতক্ষীরায় আয়োজিত ‘ঋণ বাতিল করে জলবায়ু অর্থায়নের দাবি’ সম্বলিত সাইকেল র্যালি শুধু একটি প্রতীকী প্রতিবাদ নয়-এটি ছিল একটি সাহসী, সময়োপযোগী ও প্রয়োজনীয় দাবি তুলে ধরার উদ্যোগ।
শনিবার সকালে সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে সুন্দরবন ফাউন্ডেশনের আয়োজনে এবং ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) ও ওয়াটার কিপারস বাংলাদেশ এর সহযোগিতায় বর্ণাঢ্য এ সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়। “ঋণ বাতিল করো, কয়লা বিদ্যুৎ বন্ধ করো, অর্থায়ন নিশ্চিত করো, ধনীদের জন্য কর- গরিবের জন্য নয়”-এই স্লোগানগুলো জলবায়ু বিচার প্রতিষ্ঠায় দক্ষিণের দরিদ্র দেশগুলোর দীর্ঘদিনের আহ্বানকে তুলে ধরেছে।
র্যালিতে বক্তারা এক কঠিন বাস্তবতার দিকেই আমাদের মনোযোগ আকর্ষণ করেছেন। জলবায়ু পরিবর্তনের দায় যতটা না বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের, তার চেয়ে বহুগুণ বেশি দায় উন্নত বিশ্বের। অথচ ক্ষতির বড় বোঝা বহন করতে হচ্ছে আমাদেরই।
উল্লেখ্য যে, ছাত্র-ছাত্রীদের সক্রিয় অংশগ্রহণে এই কর্মসূচি শুধু একটি নাগরিক পদক্ষেপ নয়, বরং ভবিষ্যৎ প্রজন্মের উদ্বেগ ও প্রত্যাশার প্রতিফলন। এই নতুন প্রজন্ম জানে, জলবায়ু সংকট কোনো দূরের বাস্তবতা নয়-এটি এখনকার সমস্যা, যা মোকাবেলায় এখনই ব্যবস্থা নিতে হবে।
এই র্যালির মাধ্যমে আয়োজকরা উন্নত বিশ্বের কাছে জোরালো বার্তা পাঠিয়েছেন: ঋণের ফাঁদে ফেলে আমাদের নিঃশেষ করে জলবায়ুর বোঝা চাপানো যাবে না। প্রয়োজন হচ্ছে ন্যায্য, পর্যাপ্ত ও জরুরি জলবায়ু অর্থায়ন-যা ক্ষতিগ্রস্ত দেশগুলোর অভিযোজন, ক্ষয়ক্ষতি মোকাবিলা ও টেকসই ভবিষ্যৎ নিশ্চিত করতে সহায়তা করবে।
আমরা আশা করি, এই সচেতনতামূলক কর্মসূচি জাতীয় ও আন্তর্জাতিক নীতিনির্ধারকদের বিবেক নাড়া দেবে। সুন্দরবনের মতো প্রাকৃতিক রক্ষাবর্ম এবং সাতক্ষীরার মতো ঝুঁকিপূর্ণ অঞ্চল রক্ষা করতে হলে বৈশ্বিক জলবায়ু ন্যায়ের ভিত্তিতে কাজ করতেই হবে।
আমরা মনে করি, জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াই কেবল বিজ্ঞান, অর্থনীতি বা রাজনীতির বিষয় নয়-এটি একান্তভাবেই নৈতিকতার প্রশ্ন। সাতক্ষীরার এই সাইকেল র্যালি সেই নৈতিক অবস্থানের এক উজ্জ্বল উদাহরণ।
![]()









