- - -

কর্ণফুলী ড্রেজিং প্রকল্পের ব্যয় ৭১ কোটি থেকে বেড়ে ৩২১ কোটি!

fb img 1795378203336
Print News

বাংলাদেশ নদী ও জলাশয় রক্ষা আন্দোলনের সংবাদ সম্মেলন-
কর্ণফুলী ড্রেজিং প্রকল্পের ব্যয় ৭১ কোটি থেকে বেড়ে ৩২১ কোটি!

কর্ণফুলী নদীর ক্যাপিটাল ড্রেজিং প্রকল্পের ব্যয় কয়েক বছরে ৭১ কোটি টাকা থেকে বেড়ে ৩২১ কোটি টাকায় দাঁড়িয়েছে। ড্রেজিংয়ের বর্জ্য ব্যবস্থাপনায় অনিয়ম, নদী ভরাট করে স্থাপনা নির্মাণ এবং নদীতীরবর্তী শিল্পকারখানার জেটির কারণে পরিবেশগত ঝুঁকি তৈরির অভিযোগ তুলেছে বাংলাদেশ নদী ও জলাশয় রক্ষা আন্দোলন। সংগঠনটির দাবি, বুয়েটের সমীক্ষার সুপারিশ উপেক্ষা করে ড্রেজিংয়ের বর্জ্য ব্যবস্থাপনা করা হচ্ছে। পাশাপাশি হাইকোর্টের নির্দেশিত ২১৮১টি অবৈধ স্থাপনা উচ্ছেদেরও দাবি জানানো হয়েছে।

রোববার (২২ নভেম্বর) চট্টগ্রামের ফিরিঙ্গী বাজার অভয়মিত্র ঘাটের ছাত্রী ছাউনিতে বাংলাদেশ নদী ও জলাশয় রক্ষা আন্দোলনের আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানানো হয়, ২০১৩ সালে কর্ণফুলী নদীর ক্যাপিটাল ড্রেজিং প্রকল্পের প্রাথমিক ব্যয় ধরা হয়েছিল ৭১ কোটি ২৮ লাখ টাকা। ২০১৮ সালে সংশোধিত হিসাবে তা বেড়ে ১৮৩ কোটি ৬১ লাখ টাকা এবং ২০২০ সালে দাঁড়ায় ৩২১ কোটি ৮৮ লাখ টাকা। কয়েক বছরের ব্যবধানে প্রকল্পের ব্যয় প্রায় সাড়ে চার গুণ বাড়লেও ড্রেজিংয়ের বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন রয়েছে।

লিখিত বক্তব্যে বলা হয়, বুয়েটের ২০১৬ সালের সমীক্ষায় ড্রেজিংয়ের বর্জ্য ফেলার জন্য নাজিরচরে প্রায় ১৯০ একর জায়গায় বিশেষ ব্যবস্থাপনায় বর্জ্য সংরক্ষণের সুপারিশ করা হয়েছিল। কিন্তু সেই পরিকল্পনা অনুসরণ না করে নদী থেকে উত্তোলিত বালি ও বর্জ্য বিভিন্ন খাল এবং নদীতীরবর্তী এলাকায় ফেলার অভিযোগ করা হয়। এতে নদীর নাব্যতা ও পরিবেশ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

এ ছাড়া মনোহরখালী ডেল্টা-২ এলাকায় প্রায় ৬০০ মিটার দীর্ঘ লাইটার জেটিতে সিমেন্ট কারখানার ক্লিংকার ও স্টিল কারখানার লোহার স্ল্যাগ খালাসের পরিকল্পনায় পরিবেশদূষণের ঝুঁকির কথা তুলে ধরা হয়। এসব পণ্য পরিবহনে ভারী ট্রাক ও লরির অতিরিক্ত চলাচলে নগরীর সড়ক ক্ষতিগ্রস্ত হওয়া, যানজট ও দুর্ঘটনার আশঙ্কার কথাও জানানো হয়। সংগঠনটির দাবি, প্রতিদিন বিপুলসংখ্যক ভারী ট্রাক নগরীর গুরুত্বপূর্ণ সড়ক ব্যবহার করায় জনদুর্ভোগ বাড়ছে।

সংবাদ সম্মেলনে কর্ণফুলী নদী ও সংযুক্ত খালগুলোর দখল-দূষণ বন্ধ, ড্রেজিং প্রকল্পের ব্যয় ও বর্জ্য ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত, নদীর তীরের অবৈধ স্থাপনা উচ্ছেদ, শিল্পকারখানার পরিবেশগত ছাড়পত্র যাচাই এবং ভারী যানবাহন চলাচল নিয়ন্ত্রণসহ ১৫ দফা দাবি তুলে ধরা হয়।

বাংলাদেশের মুক্তিসংগ্রাম ও মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্র ট্রাস্টের চেয়ারম্যান ডা. মাহফুজুর রহমানের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন চট্টগ্রাম নদী ও খাল রক্ষা আন্দোলনের সাধারণ সম্পাদক আলীউর রহমান।

এ সময় মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন, চট্টগ্রাম নদী ও খাল রক্ষা আন্দোলনের সভাপতি চৌধুরী ফরিদ, বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম বিভাগীয় সভাপতি এম নুরুল হুদা চৌধুরী, কর্ণফুলী নদী সাম্পান মাঝি কল্যাণ সমিতি ফেডারেশনের সভাপতি পেয়ার আলী, সিনিয়র সহসভাপতি জাফর আহমদ, সিন্চন ভৌমিক, মীর সাকিব সহ বিভিন্ন সংগঠনের নেতারা ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa