
কালনার হিমঘরে বড়সড় দুর্ঘটনা, গ্যাস লিক করে মৃত ২ শ্রমিক
হিমঘরে অ্যামোনিয়া গ্যাস লিক করে বড়সড় দুর্ঘটনা ভারতের পশ্চিমবঙ্গের কালনায়। হিমঘরে মেশিন রুমে বিস্ফোরণের জেরে মৃত্যু ২। আহত একাধিক শ্রমিক। ঘটনায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়। পুলিশ সূত্রে প্রকাশ, বৃহস্পতিবার ( ২৭ ফেব্রুয়ারি ) সকাল ৮টায় কালনার ২ ব্লকের ভবানন্দপুরের একটি হিমঘরে অ্যামেনিয়া গ্যাস লিক করে। সাদা ধোঁয়ায় ঢেকে যায় এলাকা। হিমঘর ভিতর থেকে বিকট শব্দ শোনেন স্থানীয়রা। অনুমান, মেশিন ঘরে গ্যাসের বিস্ফোরণ ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছূটে আসে দমকল ও পুলিশ। আহতদের উদ্ধার করে কালনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে সেখানে ২ শ্রমিককে মৃত বলে ঘোষণা করা হয়। বাকিরা কালনা হাসপাতালে চিকিৎসাধীন। মৃত ২ শ্রমিকের মধ্যে ১ জনের বাড়ি বিহারে। অন্যজন কালনারই বাসিন্দা। এনিয়ে এলাকায় শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়েছে।
![]()









