
পটিয়া থেকে নগরের চান্দগাঁও এলাকায় খালার বাড়িতে বেড়াতে এসে দুই কিশোরী নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে পরিবার।
বুধবার (১২ জুলাই) সন্ধ্যায় নগরের চান্দগাঁও আবাসিক এলাকা থেকে তারা নিখোঁজ হয়।পাঁচদিনেও সন্ধান মিলেনি তাদের।
নিখোঁজ কিশোরীরা হলো- উম্মে আয়মা আনিকা (১৫) এবং নিসা আক্তার (১৬)।
তারা পটিয়া উপজেলার হযরত আয়শা ছিদ্দিকা (রা.) মহিলা দাখিল মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির ছাত্রী।
এ ঘটনায় শনিবার নিখোঁজ ছাত্রীদের স্বজন মোহাম্মদ মিজানুর রহমান নগরের চান্দগাঁও থানায় সাধারণ ডায়েরি করেছেন।
এতে উল্লেখ করা হয়, গত বুধবার পটিয়ার বড়লিয়া ইউনিয়নের পূর্ব বাড়িকাড়া গ্রাম থেকে নগরের চান্দগাঁও থানার শমশের পাড়ায় খালার বাড়িতে বেড়াতে আসে কিশোরী আনিকা। এসময় তার সঙ্গে ছিলো সহপাঠি নিসা।
পরে ওইদিন সন্ধ্যায় বাড়ি ফিরে যাওয়ার কথা বলে খালার বাড়ি থেকে বের হলেও তাদের আর খোঁজ মিলেনি।
মোহাম্মদ মিজানুর রহমান বলেন, আনিকা ও নিসা বুধবার দুপুরে আমাদের বাড়িতে বেড়াতে আসে। পরে সন্ধ্যার দিকে তাদের মামা মোহাম্মদ নাজিমের সঙ্গে বাড়ি ফিরে যাওয়ার জন্য রওনা হলেও পথিমধ্যে তারা নিখোঁজ হয়। চট্টগ্রামে স্বজনদের বাসায় খোঁজ নিয়েও তাদের পাওয়া যায়নি।
নিখোঁজ নিসা আক্তারের বড় বোন জয়নব বিবি বলেন, ঘটনার দিন দুইজনই স্কুলে যায়। সেখানে কর্তব্যরত শিক্ষককে বোনের বিয়ের কথা বলে ছুটি নিয়ে বাড়ি না ফিরে খালার বাড়ি চলে যায়। পরে বিকেলে খবর পেয়ে আনিকার মামা তাদের আনতে গেলেও বাড়ি ফেরার সময় তারা নিখোঁজ হয়।
চান্দগাঁও থানার এসআই মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, দুই কিশোরী নিখোঁজ থাকার বিষয়টি পুলিশ গুরুত্ব দিয়ে দেখছে।
![]()









