
বাংলাদেশি জঙ্গিদের নিশানায় শুভেন্দু ! রাজ্যকে সতর্কতা গোয়েন্দা সংস্থার
বাংলাদেশের হিন্দুদের উপর অত্যাচারের প্রতিবাদের জের। বাংলাদেশের জঙ্গি গোষ্ঠীর নিশানায় ভারতের পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ২৬ ডিসেম্বর তাঁর উপর হামলার আশঙ্কা করে রাজ্যকে সতর্ক করল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। তার ভিত্তিতে তৎপরতা বাড়িয়েছে পুলিশ প্রশাসন। জানা যায়, ১৬ ডিসেম্বর গোয়েন্দা সংস্থার তরফে রাজ্যকে একটি রিপোর্ট পাঠানো হয়েছে। সেখানে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, হারকাতুল- মুজাহিদিন বাংলাদেশ ও হিজবুত তাহিরির জঙ্গিদের নিশানায় রাজ্যের বিরোধী দলনেতা। হামলার ছক কষে ইতিমধ্যেই ৩ জঙ্গি বাংলায় ঢুকে পড়েছে বলে খবর। প্রতি মুহূর্তে শুভেন্দু অধিকারীর উপর চলছে নজরদারি। গোয়েন্দা সূত্রে খবর, জনসভা বা যাতায়াতের পথে হামলা হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এমনিতেই জেড ক্যাটাগরির নিরাপত্তা পান শুভেন্দু। তাতে যাতে কোনও ফাঁক না থাকে। সে বিষয়ে সতর্ক থাকার কথা বলা হয়েছে। গত কয়েক মাস ধরে উত্তাল বাংলাদেশ। দিনে দিনে বাড়ছে মৌলবাদীদের অত্যাচার। চরমে হিন্দু নির্যাতন। একাধিকবার হিন্দু নির্যাতন নিয়ে মুখ খুলেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই কারনেই এই হামলার ছক বলে খবর।
![]()









