
মাইথন ড্যামে স্নান করতে নেমে ৩ জন ছাত্রের মৃত্যু
জন্মদিন পালন করতে এসে মাইথন ড্যামের বরাক নদে ডুবে মৃত্যু হল ৩ জনের। বৃহস্পতিবার (২১ নভেম্বর ) ২ জনের মৃতদেহ উদ্ধার হয়েছে। আরেকজন এখনও নিঁখোজ। এখনও তল্লাশি অভিযান চলছে। বুধবার (২০ নভেম্বর ) বিকেলে ধানবাদ থেকে ৬ জন ছাত্র মাইথন বাঁধ সংলগ্ন বরাক নদে পিকনিক করতে আসে। বড় বড় পাথর আর গভীর জল রয়েছে। ” তিনডাবর” নামক ওই পিকনিক স্পটে। পাথরের নিচে বড়বড় গর্তও রয়েছে। এলাকাটি ভারতের ঝাড়খন্ডের ধানবাদ জেলার আওতায় মাইথন থানার অন্তগর্ত। এই এলাকায় সাধারণত কেউ আসে না। ওই পড়ুয়ারা এ কথা জানত না বলেই প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। তাই সেখানে তারা স্নান করতে নামে। তারপর ৩জন আর উঠে আসেনি। রাতে খবর যায় প্রশাসনের কাছে। নামে রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী। রাতভর তল্লাশির পর ২ জনের দেহ উদ্ধার হয়। আরেকজনের খোঁজে তল্লাশি চলছে। ডুবে যাওয়া পড়ুয়ারা হল তাইয়াব, জায়েদ হোসেন এবং যুবরাজ সিং। বাড়ি ধানবাদ জেলার ওয়াসেপুরে। মাইথন প্রশাসন এবং স্থানীয়রা মিলে উদ্ধারকার্য চালাচ্ছে। ঘটনায় শোকের ছায়া এলাকায়। তবে কিভাবে প্রশাসনের নজরদাবি এড়িয়ে ছাত্ররা তিনডাবর এলাকায় পৌঁছে গেল, তা নিয়ে উঠছে প্রশ্ন।
![]()









