
নরসিংদীতে ইটের স্তূপ ধসে স্বামী-স্ত্রীর মৃত্যু
নরসিংদীতে ইটের স্তুপ ধসে স্বামী-স্ত্রী নিহত হয়েছে। আজ মঙ্গলবার (২৮ মে) ভোরে সদর উপজেলার চরাঞ্চল করিমপুর ইউনিয়নের ছগরিয়াপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন, উপজেলার ছগরিয়াপাড়া এলাকার মৃত আক্কেল আলীর ছেলে কালু মিয়া (৭০) ও তার স্ত্রী সবমেহের বেগম (৬০)।
জানা যায়, ইট ব্যবসায়ী কালো মিয়া তার টিনসেডবাড়ি ঘর ঘেঁষে ইট স্তূপ দিয়ে রেখেছিলেন। গতকাল ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে নরসিংদীতে ব্যাপক বৃষ্টিপাত হয়। অতিরিক্ত বৃষ্টির ফলে ইটের নিচের মাটি সড়ে যায়। ফলে ইটগুলো কালু মিয়ার ঘরের টিনের বেড়া ভেঙে ঘরে পরে যায়। ওই সময় ঘরে ঘুমন্ত কালু ও তার স্ত্রী ওপর ইট ও ঘরের ভেতরে থাকা স্টিলের আলমিরার নিচে চাপা পড়েন। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। পরে সকালে আশ-পাশের মানুষ এসে তাদের উদ্ধার করে।
নরসিংদী সদর মডেল থানার ওসি মো. তানভির আহাম্মেদ জানায়, অতিবর্ষণের ফলে ইটের স্তূপের নিচ থেকে মাটি সড়ে যায়। ফলে ইটগুলো ঘরে ওপর পড়ে।
![]()









