
সী বীচ ব্যবসায়ীদের সংবাদ সম্মেলনে দাবী
পতেঙ্গা সী বীচকে দখলবাজ চাঁদাবাজ সন্ত্রাসীমুক্ত করার আহবান
চট্টগ্রাম পতেঙ্গা সমুদ্র সৈকত এখন অবৈধ দখলবাজ চাঁদাবাজ সন্ত্রাসীদের আখড়ায় পরিণত হয়েছে। নিরীহ ভাসমান ব্যবসায়ীয়া প্রতিনিয়ত বিভিন্ন হয়রানির শিকার হচ্ছে।
আজ ৭ এপ্রিল রবিবার চট্টগ্রাম প্রেসক্লাবের এস. রহমান হলে পতেঙ্গা সমুদ্র সৈকত দোকান মালিক সমবায় সমিতির উদ্যোগে এক সংবাদ সম্মেলনে বিভিন্ন অসংগতি ও সমস্যার কথা তুলে ধরেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আরো বলেন, আমরা পতেঙ্গাবাসীরা বছরের পর বছর দেশ এবং জাতির স্বার্থে ত্যাগ স্বীকার করে আসছি। ব্রিটিশ আমল থেকে শুরু করে আজ পর্যন্ত সরকারি স্হাপনা করার জন্য আমাদের সহায় সম্পত্তি হুকুম দখল করে পতেঙ্গাবাসীকে নিঃস্ব করে ফেলেছে। আমরা সবাই বসতভিটা হারিয়ে ভূমিহীনে পরিণত হয়েছি। রুটি-রুজির একমাত্র পথ হিসেবে এই সী বীচ আমরা পতেঙ্গা সমুদ্র সৈকতে পর্যটক সেবার কাজ বেঁচে নিয়ে কোনোভাবে পরিবার পরিজন নিয়ে দিনযাপন করে আসছি। আজকে সেই রুটি রোজগারের ভাতঘর রাতারাতি দখল করে নিয়ে আমাদেরকে উচ্ছেদ
করার পায়তারা চালাচ্ছে। নারী শক্তি নামীয় তথাকথিত সংগঠনের নেতারা সন্ত্রাসী হামলা করে আমাদের সাজানো প্রতিষ্ঠিত দোকানের সামনে রাতের বেলায় তাদের দোকান বসিয়ে আমাদের দোকান দখল করে নিচ্ছে। আমাদের উপর হামলা ও জোরপূর্বক দোকান দখলের পিছনে পতেঙ্গা থানার পুলিশের ইন্ধনও রয়েছে।
সংবাদ সম্মেলনে সমিতির পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বরাবরে দুটি দাবী উপস্থাপন করেন নেতৃবৃন্দরা। পতেঙ্গা সমুদ্র সৈকত বিশ্বমানের পর্যটন স্পট হিসেবে রুপান্তরের জন্য সী বীচ ব্যবসায়ীদের ভূমিকা ইতিবাচক থাকবে, চট্টগ্রাম জেলা প্রশাসকের তালিকায় সী বীচ সৃষ্টিকারি হিসেবে সমিতির সদস্যদের নাম অন্তর্ভুক্ত করতে হবে। সী বীচের নিরাপত্তার স্বার্থে নারী শক্তি নামীয় সংগঠনের আশ্রয়ে সন্ত্রাসীদের দ্বারা হামলা ও জোরপূর্বক দোকান দখল সী বীচকে চাঁদাবাজি সন্ত্রাসী কর্মকান্ডমুক্ত করার জন্য সী বীচের চিহ্নিত সন্ত্রাসী মাসুদ প্রকাশ কুত্তা মাসুদ গংদেরকে গ্রেফতার পূর্বক শাস্তির আওতায় আনতে হবে। এই দাবী বাস্তবায়ন না হলে সমিতির পক্ষ থেকে মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ, অনশনসহ বিভিন্ন নিয়মতান্ত্রিক আন্দোলনের কর্মসুচীও ঘোষণা করা হতে পারে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পতেঙ্গা সমুদ্র সৈকত দোকান মালিক সমিতির সভাপতি ওয়াহিদ মাস্টার। সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সমিতির উপদেষ্টা ও চট্টগ্রাম নাগরিক ফোরামের মহাসচিব মো. কামাল উদ্দিন। এসময় সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন সমিতির সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম, উপদেষ্টা ওয়াহিদুল আলম চৌধুরী, মোহাম্মদ হোসেন, শেখ আহম্মেদ, মোহাম্মদ ইসমাইল, হারুন মেম্বার, মোহাম্মদ জাহাঙ্গীর, মোহাম্মদ এনামুল হক এনাম, মোহাম্মদ ইকতিয়ার, মোহাম্মদ অপু, মোহাম্মদ সাজ্জাদ, বুলু আকতার, আনজুমান আরা বেগম।
![]()









