
ঊষা শিক্ষা নিকেতনে কুইজ প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী
২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে রাজধানীর মিরপুরের ঊষা শিক্ষা নিকেতনে কুইজ প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করেছে মিরপুর বন্ধুসভা।
সকাল ১০:৩০ মিনিটে জাতীয় পতাকা উত্তোলন ও সম্মিলিত জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। মিরপুর বন্ধুসভার সদস্যদের সাথে গলা মিলিয়ে জাতীয় সংগীত পরিবেশন করেন ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও অতিথিবৃন্দ। জাতীয় পতাকা উত্তোলন করেন ঊষা শিক্ষা নিকেতনের অধ্যক্ষ রুবেল হোসেন ও মিরপুর বন্ধুসভার সভাপতি অপূর্ব বড়ুয়া।
জাতীয় সংগীত শেষে আসন বিন্যাস অনুযায়ী ছাত্র-ছাত্রীরা শ্রেণিকক্ষে প্রবেশ করে। নির্ধারিত সময়সূচী অনুযায়ী শুরু হয়ে যায় কুইজ প্রতিযোগিতা এবং নির্দিষ্ট সময় অনুযায়ী প্রতিযোগিতা শেষ হয়। সিনিয়র এবং জুনিয়র দুইটি গ্রুপে আলাদাভাবে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ঊষা শিক্ষা নিকেতনের পঞ্চাশোর্ধ ছাত্রছাত্রী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।
এরপরপরই শুরু হয়ে যায় আলোচনা সভা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঊষা শিক্ষা নিকেতনের মহাপরিচালক মো: শফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঊষা শিক্ষা নিকেতনের অধ্যক্ষ মোঃ রুবেল হোসেন ও সিনিয়র শিক্ষিকা সাজেদা আক্তার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মিরপুর বন্ধুসভার সভাপতি অপূর্ব বড়ুয়া। অনুষ্ঠান সঞ্চালনা করেন পাঠাগার ও পাঠচক্র সম্পাদক অরুপ বড়ুয়া।
প্রধান অতিথি শফিকুল ইসলাম বলেন এই আয়োজনের মাধ্যমে ১৯৭১ সালের স্বাধীনতার ইতিহাসকে স্মরণ করিয়ে দেয়। ভবিষ্যৎ প্রজন্ম আমাদের বাংলাদেশের স্বাধীনতার প্রকৃত ইতিহাস সম্পর্কে জানতে পেরেছে। মিরপুর বন্ধুসভাকে ধন্যবাদ জানাই এমন একটি সুন্দর অনুষ্ঠান আয়োজন করার জন্য। সামনের সকল জাতীয় দিবসগুলো আরো সুন্দরভাবে উদযাপন করার আহ্বান জানাই। মো: রুবেল হোসেন বলেন দীর্ঘ নয় মাস মুক্তিযুদ্ধে অর্জিত আমাদের এ স্বাধীনতা দিবস উপলক্ষে মিরপুর বন্ধুসভার এ আয়োজন সত্যিই প্রশংসনীয়। মিরপুর বন্ধুসভার এই কুইজ প্রতিযোগিতার মাধ্যমে যেমন আমাদের শিক্ষার্থীদের মেধাবিকাশের সুযোগ তৈরি হয়েছে তেমনি ১৯৭১ সালের ২৬ শে মার্চ স্বাধীনতার রূপকার সম্পর্কে অবগত হতে পেরেছে। স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন। আমাদের বর্তমান প্রজন্মকে এই মহান গুরুদায়িত্ব গ্রহণ করতে হবে। মিরপুর বন্ধুসভার এমন কার্যক্রমে আমরা সর্বদা পাশে থাকতে চাই।
সূচনা বক্তব্য প্রদান করেন মিরপুর বন্ধুসভার সাধারণ সম্পাদক রাফিউল ইসলাম। স্বাগত বক্তব্য প্রদান করেন মিরপুর বন্ধুসভার অর্থ সম্পাদক সাজ্জাদ হোসেন। শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন মিরপুর বন্ধুসভার প্রচার সম্পাদক যুবাইর বীন আহমদ। আরো বক্তব্য প্রদান করেন সম্মানিত অতিথি মো: শের আলী।
সাংস্কৃতিক পর্বে দ্বৈত কন্ঠে আবৃত্তি করেন ঊষা শিক্ষা নিকেতনের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস ও নুসরাত আক্তার। দ্বৈত গান পরিবেশন করেন মিরপুর বন্ধুসভার সাধারণ সম্পাদক রাফিউল ইসলাম, তথ্য ও প্রযুক্তি সম্পাদক ইসরাত জাহান।
কুইজ প্রতিযোগিতায় সিনিয়র এবং জুনিয়র দুটি গ্রুপে আলাদাভাবে চারজনকে বিজয়ী ঘোষণা করা হয়। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।
গত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে অনলাইনে একটি রচনা প্রতিযোগিতার আয়োজন করেছিলেন মিরপুর বন্ধুসভা। সেখানে দুজনকে বিজয়ী ঘোষণা করা হয়। বিজয়ীরা হলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় বন্ধুসভার বন্ধু তানজিলা আক্তার ও মিরপুর বন্ধুসভার বন্ধু সাজেদুর রহমান। তাদের দুজনকেও পুরস্কৃত করা হয়। তারা অনুভূতি প্রকাশ করেন।
মিরপুর বন্ধুসভার সভাপতি অপূর্ব বড়ুয়া বলেন শিক্ষার্থীরা আগামীর ভবিষ্যৎ। তারাই একদিন নেতৃত্ব দিবে দেশকে। তাই তাদেরকে সুন্দরভাবে গড়ে তোলা আমাদের একান্ত দায়িত্ব ও কর্তব্য। আজকের অনুষ্ঠান সুন্দর ও সফল করতে অর্থ সম্পাদক সাজ্জাদ হোসেন, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক অরুপ বড়ুয়া সহ যারা নিরলস কাজ করেছেন তাদের প্রতি ধন্যবাদ জানান তিনি।
অনুষ্ঠানে সার্বিকভাবে সহযোগিতা করেছেন মিরপুর বন্ধুসভার সাবেক সহ-সভাপতি স্বদেশ বিশ্বাস, অর্থ সম্পাদক সাজ্জাদ হোসেন, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক অরূপ বড়ুয়া, মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক কানন হোসেন, প্রচার সম্পাদক যুবাইর বীন আহমদ, প্রশিক্ষণ সম্পাদক আশিকুর রহমান, সাংস্কৃতিক সম্পাদক সুমাইয়া আক্তার শিমু, পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক সুমন মল্লিক।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবকবৃন্দ ও মিরপুর বন্ধুসভার সদস্যবৃন্দ।
![]()









