
প্রসূতি ও নবজাতক মৃত্যুর ঘটনায় মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ
নোয়াখালীর জেলা শহর মাইজদীর একটি প্রাইভেট হাসপাতালে প্রসূতিসহ নবজাতকের মৃত্যুর ঘটনায় চিকিৎসকসহ পাঁচজনের বিরুদ্ধে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোমবার (১৯ ফেব্রুয়ারি) সকালে মামলা হয়েছে। মামলাটি তদন্ত করে প্রতিবেদন দিতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) আদেশ দিয়েছেন বিচারক। আজ বিকেলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ১ নম্বর আমলী আদলতের বিচারক মো. জাকির হোসাইন এই আদেশ দেন।
মামলার আসামিরা হলেন- সাউথ বাংলা হসপিটালের মেডিকেল সহকারী জাহিদ হোসেন, চিকিৎসক ডা. আক্তার হোসেন অভি, তার স্ত্রী ডা. ফৌজিয়া ফরিদ ও হাসপাতালের দুই পরিচালক।
মামলা সূত্রে জানা যায়, গত বছরের ১৬ অক্টোবর রাতে নোয়াখালীর সেনবাগ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এম এ আউয়াল তার একমাত্র মেয়ে উম্মে সালমা নিশিকে চিকিৎসার জন্য জেলা শহরের সাউথ বাংলা হসপিটালে নিয়ে আসেন। নিশি ওই সময় ৯ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। সেসময় হাসপাতালের মেডিকেল সহকারী জাহিদ হোসেনের সহায়তায় ডা. আক্তার হোসেন অভি ও তার স্ত্রী ডা. ফৌজিয়া ফরিদ রোগীর কোনো রকম পরীক্ষা-নীরিক্ষা না করে এবং অভিভাবকদের সম্মতি না নিয়েই সিজার অপারেশনে ব্যস্ত হয়ে পড়েন। মুহূর্তেই মা ও সন্তানের মৃত্যু হয়।
ঘটনাটি ধামাচাপা দিতে হাসপাতাল কর্তৃপক্ষ, অপারেশন করা চিকিৎসক ডা. অভি, তার স্ত্রী ফৌজিয়া ফরিদ প্রসূতির অবস্থা সংকটাপন্ন জানিয়ে আইসিইউ সাপোর্টের কথা বলে কুমিল্লায় পাঠান।
মামলার বাদী মৃত নিশির বাবা এম এ আউয়াল বলেন, গত ১৬ অক্টোবর আমার অনুমতি ছাড়া অপারেশন করা হয়। আমার মেয়ে ও তার নবজাতককে হত্যা করা হয়েছে। আমি তখনই অভিযোগ করেছি সিভিল সার্জন অফিসে। এক মাত্র মেয়ে ও তার নবজাতকের মৃত্যুতে আমি মানসিকভাবে বিপর্যস্ত ছিলাম। সবশেষ আমি আদালতের দ্বারস্থ হয়েছি। হতভাগা বাবা হিসেবে আমার সন্তান হত্যার বিচার চাই।
পিবিআই জেলা পুলিশ সুপার (এসপি) মিজানুর রহমান মুন্সী বলেন, আদালত থেকে মামলার কাগজপত্র পেলে আমরা নির্দেশনা অনুযায়ী তদন্ত প্রতিবেদন জমা দেব।
![]()









