
সন্দ্বীপে প্রার্থীদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময়
আগামী ৭ জানুয়ারি ২০২৩, রোববার অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ২৮০ চট্টগ্রাম ৩ সন্দ্বীপ সংসদীয় আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে নির্বাচনী আচরণ বিধিমালা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ১৯ ডিসেম্বর মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলা পরিষদের বেগম ফজিলাতুন্নেছা মুজিব কনফারেন্স রুমে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা প্রশাসক ও রিটার্ণিং কর্মকর্তা আবুল বাশার মুহাম্মদ ফখরুজ্জামান।
সভায় তিনি বলেন আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠেয় নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ, স্বচ্ছ ও নিরপেক্ষ করতে যা যা করা দরকার আমরা করবো। পৃথক সভায় নির্বাচনের দায়িত্বে থাকা কর্মকর্তাগণ ও প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে নির্বাচনী আচারণ বিধি ও আইন শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এদিকে প্রার্থীদের সাথে মতবিনিময় সভায় অবাধ ও সুষ্ঠু নির্বাচানের দাবির প্রেক্ষিতে তিনি বলেন, কেউ আইনের উর্দ্ধে নয়। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করতে সরকার বদ্ধ পরিকর। এক্ষেত্রে আপনারা যারা প্রতিদ্বন্দ্বী প্রার্থী আছেন সবার সহযোগিতা প্রয়েজন।
সভায় সভাপতিত্ব করেন সন্দ্বীপ উপজেলা নির্বাহী অফিসার মোঃ খোরশেদ আলম চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মোঃ শফিউল্লাহ বিপিএম পিপিএম বার। উপস্থিত ছিলেন সন্দ্বীপ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ মুরাদ ইসলাম, সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন সহ জেলা উপজেলার বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তাবৃন্দ।
সভায় উপস্থিত প্রার্থীগন হলেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আলহাজ্ব মাহফুজুর রহমান মিতা এমপি, স্বাধীনতা চিকিৎসক পরিষদের কেন্দ্রীয় সভাপতি স্বতন্ত্র প্রার্থী ডা. জামাল উদ্দিন চৌধুরী, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য এম এ ছালাম, জাসদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নুরুল আকতার, এনপিপি’র প্রেসিডিয়াম সদস্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ মুকতাদের আজাদ খান, বাংলাদেশ সুপ্রিম পাটির কেন্দ্রীয় নেতা নুরুল আনোয়ার হিরণ, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত প্রার্থী মোহাম্মদ উল্ল্যাহ খান ও ইসলামীক ফ্রন্ট বাংলাদেশ মনোনীত প্রার্থী আবদুর রহিম আজাদ।
![]()









