
পাকিস্তানিরা এখন বাংলাদেশের মত উন্নয়নশীল রাষ্ট্রে পরিনত হতে চায় – তথ্য ও সম্প্রচার মন্ত্রী
তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ১৬ই ডিসেম্বর যখন আমরা পাকিস্তান থেকে বাংলাদেশ স্বাধীন করি তখন পাকিস্তানিরা বলেছিল ‘’ ভুখা বাঙ্গালী চলা গিয়া আচ্ছা হওয়া”। এটা তারা বাংলাদেশ হারানোর দুঃখকে ভোলানোর জন্য বলেছিল। কেননা আজকে দেখেন তারা আমাদের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে। তাদের মন্ত্রী আজকে বলে আমাদের দেশ বাংলাদেশের সাথে থাকলে বিশে^ আমরাও মাথা উঁচু করে দাড়াতে পারতাম। তাই তারা এখন পাকিস্তানকে বাংলাদেশের মতো উন্নয়নশীল রাষ্ট্রে পরিনত করতে চায়।
তিনি বলেন, শেখ মুজিবুর রহমানের দেশ রচনা ও শেখ হাসিনার দক্ষ পরিচালনায় বাংলাদেশ আজ যে পর্যায়ে পৌঁছে গেছে তা অভাবনীয় পরিবর্তন। আজকে বাংলাদেশকে নিয়ে বিভিন্ন দেশে গবেষণা হচ্ছে। এখানেই আমাদের স্বার্থকতা। আজকে গ্রামে-গঞ্জে ডিস, কম্পিউটার, ওয়াই-ফাই নেটওয়ার্ক থেকে শুরু করে আরও বিভিন্ন ধরনের সুযোগ সুবিধার ব্যবস্থা করেছে।
তিনি আরো বলেন, উন্নয়নের কথা গুলো যার যার এলাকার বয়োজ্যেষ্ঠদের কাছে তুলে ধরতে হবে। দোকানে চায়ের আড্ডায় কিংবা পুকুর ঘাটে সাধারণ মানুষের কাছে সরকারের উন্নয়নের দিকগুলো তুলে ধরবেন। মানুষকে বলবেন আগের অবস্থার সাথে এখনের অবস্থার তুলনা করতে। রাস্তা-ঘাট, স্কুল-কলেজ থেকে শুরু করে যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তনের মাধ্যমে বিভিন্ন ধরনের সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছানো সম্ভব হয়েছে।
আজ ১৯ ডিসেম্বর রাংগুনিয়া উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে লিচুবাগান চত্বর থেকে তাপ বিদ্যুৎ কেন্দ্র পর্যন্ত মহান বিজয় দিবস এর স্বাধীনতার ৫৩ বছর উদযাপন উপলক্ষ্যে সারাদেশের ন্যায় এখানেও বিজয় র্যালীর আয়োজন করা হয়। তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এ বিজয় র্যালীর শুভ উদ্বোধন করেন।
বিজয় র্যালীতে উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম চিশতি, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক ইদ্রিস আজগর, জেলা আওয়ামী লীগের সদস্য কামরুল ইসলাম চৌধুরী, জেলা আওয়ামী লীগের সদস্য আখতার হোসেন খান, রাংগুনিয়া উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা স্বজন কুমার তালুকদার, পৌরসভার মেয়র শাহজাহান সিকদার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল মোনাফ সিকদার, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শামসুল ইসলাম, দপ্তর সম্পাদক আবু তাহের, প্রচার সম্পাদক এমরুল করিম রাশেদসহ হাজারো নেতা কর্মী, যুবক ও সাধারণ জনগণ অংশ নেন। সার্বিক সহযোগিতায় ছিলেন চন্দ্রঘোনা ইউনিয়ন আওয়ামীলীগ ও অংগ- সহযোগী সংগঠন সমূহ।
![]()









