- - -

১০০ আসন ও ১০ মন্ত্রীর নিশ্চয়তা চায় জাতীয় পার্টি

Print News

১০০ আসন ও ১০ মন্ত্রীর নিশ্চয়তা চায় জাতীয় পার্টি

 

১০০ আসনে সংসদ সদস্য এবং সরকার গঠন হওয়ার পর ১০ জনকে মন্ত্রী বানানোর নিশ্চয়তা পেলে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে জাতীয় পার্টি (জাপা)-এমন আভাস দিয়েছেন দলের কেন্দ্রীয় এক নেতা। একই সঙ্গে দলের নীতিনির্ধারকদের সতর্ক করেছেন-এবার ভুল সিদ্ধান্ত নিলে তৃণমূলে জাপার অস্তিত্ব নিয়ে টানাটানির শঙ্কা রয়েছে। এমন সময়ে এই নেতা দাবিগুলো তুলেছেন, যখন নির্বাচনে অংশ নেওয়ার ব্যাপারে রওশন এরশাদ ও জিএম কাদেরের পক্ষের দ্বন্দ্ব নতুন করে সামনে এসেছে।

শনিবার (১৮ নভেম্বর) জাতীয় পার্টি থেকে নির্বাচন কমিশনে (ইসি) আলাদা দুটি চিঠি পাঠানো হয়েছে। মহাজোট থেকে আগামী সংসদ নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্তের কথা বলেছেন রওশন। তবে জিএম কাদেরের বক্তব্য হলো, তিনি জাতীয় পার্টির প্রার্থী বাছাই বা মনোনয়ন দেওয়ার ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি। ফলে তিনিই সিদ্ধান্ত নেবেন।

এই দ্বন্দ্বের মধ্যে সংসদীয় আসন ও মন্ত্রী পদের নিশ্চয়তা পেলে জাতীয় পার্টি নির্বাচনে অংশ নেবে বলে জানিয়েছেন দলটির প্রেসিডিয়াম সদস্য মোস্তাফিজার রহমান মোস্তফা। শনিবার রংপুরে রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনার জন্য যৌথ কর্মিসভায় তিনি এ কথা বলেন।

জাপার প্রেসিডিয়াম সদস্য, রংপুর মহানগরের সভাপতি এবং রংপুর সিটি করপোরেশনের মেয়র রহমান মোস্তফা বলেছেন, ‘যদি নির্বাচনে যেতেই হয়, তবে আমাদের ১০০ আসন দিতে হবে, ১০টি মন্ত্রীর পদ দিতে হবে। এবার জাতীয় পার্টি কোনো ভুল সিদ্ধান্ত নিলে মাঠপর্যায়ে আমাদের অস্তিত্ব থাকবে না।’

তিনি বলেন, ‘কেন্দ্রীয় কমিটির জরুরি সভায় ঢাকার একজন নেতা ব্যতীত সব জেলার নেতারা নির্বাচনে অংশ না নেওয়ার পক্ষে মতামত দিয়েছেন। আমাদের কিছু এমপি রয়েছেন, তারা মহাজোটে নির্বাচন করতে চান, কারণ স্থানীয় পর্যায়ে তাদের কোনো ভোট নেই। তারা লবিং করে ঘরে বসে এমপি হতে চান। অপরদিকে নির্বাচন নিয়ে আমরা কমিশন ও সরকার দলের একই বক্তব্য লক্ষ করছি। তাই এ কমিশনের অধীনে নিরপেক্ষ নির্বাচন হওয়া সম্ভব নয়। মাঠপর্যায়ে আন্দোলন ও নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট তৃণমূলের নেতাদের বক্তব্য আমরা কেন্দ্রীয় কমিটিকে জানিয়েছি, তারা এখন সিদ্ধান্ত দেবেন।’

তিনি আরও বলেন, ‘আন্দোলন সংগ্রাম করলে জেল খাটতে হবে, রক্ত ঝরাতে হবে। এটি রাজনীতির অংশ। আমরা বিএনপির মতো গলিতে আন্দোলন করব না। আমরা পুরো রংপুরকে অচল করে দেব। আমি বঙ্গবন্ধুর মতো বলে যাচ্ছি, যদি হুকুম দিতে না-ও পারি কেন্দ্রীয় কমিটির ঘোষণার সাথে সাথে নেতাকর্মী, জেলা, উপজেলা, মহানগরের ওয়ার্ডের রাজপথে নেমে পড়বেন।’

শনিবার ছিল জোট গঠনের বিষয়ে ইসিকে জানানোর শেষ দিন। একই দিনে ইসিতে দুই চিঠি যাওয়ায় প্রশ্ন উঠেছে– জাতীয় পার্টি কি বেগম রওশন এরশাদের সিদ্ধান্ত অনুসারে আওয়ামী লীগের সঙ্গে জোটবদ্ধ হয়ে নির্বাচনে অংশ নেবে; না কি এবার জোটের বাইরে থেকে নির্বাচন করবে? জাতীয় পার্টির প্রার্থী মনোনয়ন দেবেন কে, রওশন এরশাদ, না কি জিএম কাদের?

রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে রওশন এরশাদের চিঠি পৌঁছে দেন তাঁর মুখপাত্র কাজী মামুনুর রশিদ। এ সময় তিনি বলেন, ‘গতকাল আমাদের ফোরামে আলোচনা হয়েছে। সেখানে সিদ্ধান্ত হয়েছে-জাতীয় পার্টি আওয়ামী লীগের সঙ্গে জোটবদ্ধ হয়ে নির্বাচন করবে। প্রাথমিকভাবে সিদ্ধান্ত হয়েছে-৩০০ আসনে প্রার্থী দেওয়া হবে। পরে আওয়ামী লীগের সঙ্গে জোট হলে সে অনুসারে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। আমরা আশা করি, জিএম কাদেরও এই নির্বাচনে অংশ নেবেন, না হলে রাজনীতি থেকে হারিয়ে যাবেন।’

এদিকে আরেকটি চিঠিতে দলটির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু জানান, এবারের নির্বাচনে জাপার প্রার্থী মনোনয়নে ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি হচ্ছেন দলের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু জোট বা মহাজোটের বিষয়ে নির্বাচন কমিশনে কোনো চিঠি দেননি।

চুন্নুর চিঠির বিষয়ে কাজী মামুনুর রশিদ বলেন, ‘জাতীয় পার্টির অন্য কোনো অংশ নেই। রওশন এরশাদ যেখানে থাকবে, সেটাই জাতীয় পার্টি। জাতীয় পার্টিতে মনোনয়নপত্র রওশন এরশাদের স্বাক্ষরেই হবে।’

Loading

Facebook
Twitter
LinkedIn
ভূমি প্রতিমন্ত্রী আজ ২০ ১১ ২০২৬ হা...ারী মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন

হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা; হাটহাজারীর ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

Su Mo Tu We Th Fr Sa