
৭৫ বছর বয়সী মায়ের ভরণপোষণ না দেওয়া, মারধর এবং বৃদ্ধাশ্রমে পাঠানোর চাপ দেওয়ার অভিযোগে চট্টগ্রাম নগরীরতে মো. নাছির (৪২) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
গত বুধবার দিনগত রাতে নগরীর বন্দর থানার ৩৭ নং ওয়ার্ড মধ্যম হালিশহর আদর্শপাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার নাছির আদর্শপাড়া আবদুল খালেক দফাদার বাড়ির মৃত মো. ইউনুছের ছেলে।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সনজয় কুমার সিনহা বলেন, চলতি বছরের ফেব্রুয়ারিতে নাছিরের পিতা মারা যান। এরপর থেকে বৃদ্ধা তার ছোট ছেলের সঙ্গে বসবাস করে আসছেন। এরপর থেকে নাছির বৃদ্ধা মায়ের ভরণপোষণ দেন না। ভরণপোষণ চাইলে বৃদ্ধা মাকে মারধর করেন। এতে ছোট দুই ভাই প্রতিবাদ করলে তাদেরও অশ্লীল ভাষায় গালমন্দ করে নাছির। বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ওষুধ কেনার টাকা চাইলে নাছির তার বৃদ্ধা মাকে আবারও মারধর করেন। এ ঘটনায় বৃদ্ধার অভিযোগের পরিপ্রেক্ষিতে মামলা রেকর্ড করে নাছিরকে গ্রেফতার করা হয়। তাকে বৃহস্পতিবার দুপুরে আদালতে হাজির করা হলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।
![]()









