
৪ দিনের ছুটিসহ ১৫ দফা মহানগর পূজা পরিষদের
শারদীয় দুর্গাপূজায় ৪ দিনের সাধারণ ছুটিসহ ১৫ দফা দাবি জানিয়েছে চট্টগ্রাম মহানগর পূজা উদযাপন পরিষদ।
গতকাল ১৮ অক্টোবর সকাল ১১টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরেন পরিষদের সাধারণ সম্পাদক হিল্লোল সেন উজ্জ্বল।
সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন চট্টগ্রাম মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি লায়ন আশীষ কুমার ভট্টাচার্য্য।
লিখিত বক্তব্যে বলা হয়, দেশের কিছু কিছু স্থানে মৌলবাদী ধর্মান্ধ গোষ্ঠী সনাতন সম্প্রদায়ের ওপর হামলা ও নির্যাতন চালিয়েছে।
বিভিন্ন স্থানে জবরদখল, মন্দিরে হামলা, প্রতিমা ভাঙচুরের মত ন্যাক্কারজনক ঘটনা এখনও ঘটছে। বিগত জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে বর্তমান আওয়ামী লীগ সরকার সংখ্যালঘু আইন প্রণয়ন ও জাতীয় সংখ্যালঘু কমিশন গঠন, বৈষম্য বিলোপ আইন এবং দেবোত্তর সম্পত্তি সংরক্ষণ আইন প্রণয়নের প্রতিশ্রুতি দিলেও তার কিছুই বাস্তবায়ন হয়নি।
আগামীতেও এসব প্রতিশ্রুতি বাস্তবায়ন নিয়ে আমরা সন্ধিহান। তবুও প্রত্যাশা রাখি, বর্তমান গণতান্ত্রিক সরকারের সার্বিক সহযোগিতা ও বলিষ্ঠ ভূমিকায় এবারের শারদোৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন হবে।
এবারও মহানগরের জেএমসেন হলসহ ১৬টি থানায় ব্যক্তিগত/ঘট পূজাসহ ২৯৩টি পূজামণ্ডপে ১৯ অক্টোবর থেকে ২৪ অক্টোবর ছয়দিনব্যাপী শারদীয় দুর্গোৎসব উদযাপিত হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পরিষদের সাবেক সভাপতি সাধন ধর, বিমল কান্তি দে, অ্যাডভোকেট চন্দন তালুকদার, বীর মুক্তিযোদ্ধা অরবিন্দ পাল অরুন, সহ-সভাপতি অধ্যাপক অর্পণ কান্তি ব্যানার্জী, সুমন দেবনাথ, লায়ন দীলিপ ঘোষ, সাবেক সাধারণ সম্পাদক সুজিত দাশ, যুগ্ম সম্পাদক মিথুন মল্লিক, সজল দত্ত, অ্যাডভোকেট নটু কুমার চৌধুরী, অর্থ সম্পাদক সুকান্ত মহাজন টুটুল, সহ-সাংগঠনিক সম্পাদক স্ট্যালিন দে, পূজা বিষয়ক সম্পাদক প্রিয়তোষ ঘোষ রতন, রাসেল দত্ত, অয়ন ধর প্রমুখ।
![]()









