
হিমাচলে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেল যাত্রী বোঝাই বাস ! ৮ জনের মৃত্যু
ভারতের হিমাচল প্রদেশের সিরমৌরে বাস খাদে পড়ে ৮ জনের মৃত্যু হল। আহত হয়েছেন ১০ জনের ও বেশি যাত্রী। শুক্রবার (৯ জানুয়ারি ) সকালে ঘটনাটি সংগঠিত হয়। জানা যায়, একটি বেসরকারি বাস সোলান থেকে হরিপুর ধরে যাচ্ছিল। পাহাড়ি রাস্তায় বাঁক নেওয়ার সময় সেটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। তারপর উল্টে খাদে পড়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়তেই ভিতরে থাকা যাত্রীরা বাঁচার জন্য চিৎকার করতে থাকেন। স্থানীয়রা প্রথমে উদ্ধার কাজ শুরু করেন। খবর পেয়ে দুর্ঘটনা ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং উদ্ধারকারী দল। বাসটি পড়ে তালগোল পাকিয়ে গিয়েছিল। যাত্রীরা ভিতরেই আটকে ছিলেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ সূত্রে প্রকাশ, দুর্ঘটনার পরই ৮ জনের মৃত্যু হয়েছে। বাসটি দুমড়ে মুচড়ে যাওয়ায় ভিতরে আটকে ছিলেন যাত্রীরা। দীর্ঘক্ষণের চেষ্টায় তাঁদের উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছেন, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, কুয়াশার কারণে রাস্তার বাঁক বুঝতে পারেননি চালক। ফলে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। তবে দুর্ঘটনার কারণ ঠিক কী, তা জানার চেষ্টা চলছে।
![]()









