- - -

হারিয়ে যাওয়া শিশু উদ্ধার

Print News

চট্টগ্রামের চান্দগাঁও থেকে অপহরণের দুইদিন পর অপহৃত সাড়ে তিন বছর বয়সী শিশু আবদুল্লাহকে নাসিরাবাদ এলাকায় রেখে গেছে অপহরণকারীরা।
গতকাল ৬ সেপ্টেম্বর দুপুর সোয়া ১টার দিকে পাঁচলাইশ থানার নাসিরাবাদ দুই নম্বর গেট পুলিশ বক্স সংলগ্ন এলাকার রাস্তা থেকে উদ্ধার করে পুলিশ।
গত ৪ সেপ্টেম্বর সকাল সোয়া ১০টার দিকে চান্দগাঁও থানার পশ্চিম মোহরা কুলা পাড়া রুহুল আমিনের বাড়ি থেকে অপহরণের শিকার হয় ওই শিশু। আবদুল্লাহ ওই এলাকার দুবাই প্রবাসী মাহবুব আলমের ছেলে। মাহবুবের তিন মেয়ে ও দুই ছেলে। এরমধ্যে আবদুল্লাহ চতুর্থ।
পুলিশের সংগ্রহ করা একটি সিসিটিভি ফুটেজে দেখা যায়, শিশু আবদুল্লাহ বোরকা পরিহিত এক নারীর পেছনে হাটছে। পুলিশের ধারণা, বোরকা পরা নারীই শিশুটিকে কোনো কিছুর লোভ দেখিয়ে কৌশলে অপহরণ করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, অপহরণের ঘটনায় শিশু আবদুল্লাহর মা বাদী হয়ে গত সোমবার চান্দগাঁও থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পর ঘটনাস্থলসহ মদুনাঘাট, কাপ্তাই রাস্তার মাথা, বায়েজিদ বোস্তামী থানা ও পাঁচলাইশ থানা এলাকার অসংখ্য সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে টানা ৩৬ ঘণ্টা অভিযান পরিচালনা করে পুলিশ। কিন্তু অভিযান চলাকালেই নাসিরাবাদ দুই নম্বর গেট এলাকায় রাস্তার পাশে শিশুটিকে হাটতে দেখে স্থানীয়রা পুলিশকে খরব দেন। পরে খবর পেয়ে চান্দগাঁও থানার মামলার তদন্ত কর্মকর্তাসহ পুলিশের একটি টিম গিয়ে শিশু আবদুল্লাহকে উদ্ধার করে।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খাইরুল ইসলাম বলেন, আমরা অপহৃত শিশুটিকে উদ্ধারে সর্বোচ্চ তৎপরতা চালিয়েছি। আমাদের লক্ষ্য ছিল অপহৃত শিশু আবদুল্লাহকে অক্ষত অবস্থায় উদ্ধার করা। পুলিশের টানা অভিযানে অপহরণকারীরা একপ্রকার বাধ্য হয়েই নাসিরাবাদ এলাকায় শিশুটিকে রেখে গেছে। আমরা দুপুর সোয়া ১টার দিকে তাকে উদ্ধার করে তার মায়ের কোলে ফিরিয়ে দিতে সমর্থ হই।
ওসি আরও বলেন, শিশু আবদুল্লাহ অপহরণের ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে। আশা করছি, তাদের গ্রেফতার করতে সমর্থ হবো। বোরকা পরিহিত নারীকে এখনো শনাক্ত করা যায়নি। তবে, তদন্তে অগ্রগতি আছে বলে দাবি করেন তিনি।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa